বিনিয়োগকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার ইতিহাসের সবচেয়ে বড় ধসের ঘটনা ঘটেছে। ফলে দুই স্টক এক্সচেঞ্জে (ডিএসই ও সিএসই) প্রথমবারের মতো লেনদেন বন্ধ করে দেওয়া হয়। পুঁজি হারিয়ে ক্ষুব্ধ হয়ে বিনিয়োগকারীরা ডিএসইর সামনের রাস্তায় নেমে এলে পুলিশের সঙ্গে তাঁদের কয়েক দফা সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ অন্তত ৫০ জন লোক আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করে। প্রায় পাঁচ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, দরপতনের মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। লেনদেনের ৫০ মিনিটের মাথায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ৬৬০ পয়েন্ট নেমে যায়। এর কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ডিএসইর ও সিএসইর লেনদেন বন্ধ করে দেয়।এদিকে শেয়ারবাজারে মূল্যসূচকের ভয়াবহ পতনে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা দুপুর ১২টার কিছুক্ষণ আগে রাস্তায় নেমে এসে বিক্ষোভ শুরু করেন। পুলিশ তাঁদের রাস্তা থেকে সরিয়ে দিতে লাঠিপেটা করে। এ সময় পুলিশের বেধড়ক লাঠি পেটায় সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। আহত হন প্রথম আলোর সাংবাদিক আব্দুল্লাহিল ওয়ারিশ, ‘আমাদের অর্থনীতি’র মাসুদ মিয়া, ‘শীর্ষ নিউজ’-এর এইচ এম মর্তুজা ও এবিসি রেডিওর সীমা ভৌমিক।এরপর বিনিয়োগকারীরা মতিঝিলের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে খণ্ড খণ্ড মিছিল বের করেন। তাঁরা বাংলাদেশ ব্যাংক, এসইসি, ডিএসই ও সিএসইর কর্তাব্যক্তিদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। পুলিশ তাঁদের বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে গোটা মতিঝিল এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পুলিশ বিনিয়োগকারীদের বিভিন্ন জায়গায় বেধড়ক মারপিট করে। এতে আরও কমপক্ষে ৩০ জন পথচারী ও বিনিয়োগকারী আহত হন। অন্যদিকে বিনিয়োগকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। বিনিয়োগকারীরা জীবন বীমা টাওয়ারের নিচতলা এবং কয়েকটি ব্রোকারেজ হাউস ও ১০টি প্রাইভেটকার ভাঙচুর করেন। জীবন বীমা টাওয়ারে নিয়ন্ত্রক সংস্থা এসইসির কার্যালয় অবস্থিত।বিনিয়োগকারীদের সঙ্গে প্রায় পাঁচ ঘণ্টা ধরে পুলিশের দফায় দফায় সংঘর্ষের পর বিকেল পাঁচটার কিছুক্ষণ আগে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে এ সংঘর্ষ চলাকালে গোটা মতিঝিল এলাকা স্থবির হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় যান চলাচল। পুলিশ ডিএসইর সামনে থেকে হেলাল নামের এক বিনিয়োগকারীকে আটক করে নিয়ে যায়।বাজার পরিস্থিতি: আজ বেলা ১১টা ৫০ মিনিটে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৬৬০ পয়েন্ট কমে ৬৪৭৪ পয়েন্টে দাঁড়ায়। তবে বিকেল তিনটায় লেনদেন সমন্বয়ের পর দেখা যায় সূচক ৬৩৫.৫৮ পয়েন্ট বা ৮.৯১ শতাংশ নেমে ৬৪৯৯.৪৩ পয়েন্টে দাঁড়ায়। আজ লেনদেন হওয়া ২২৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ২১৯টির, বেড়েছে মাত্র চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ মোট ৪০০ কোটি টাকার লেনদেন হয় ডিএসইতে।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ সূচক এক হাজার ৩৯৬.২১ পয়েন্ট বা ৬.৭৭ পয়েন্ট কমে ১৯২১২.৩৪ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে লেনদেন হওয়া ১৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে মাত্র সাতটির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে মোট দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ সিএসইতে মোট ৪৪ কোটি টাকার লেনদেন হয়েছে।