বিনিয়োগে জানমালের ঝুঁকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কর্মদিবসগুলোয় বেলা ১১টার দিকে প্রতিদিন একদল বয়স্ক মানুষকে রোকেয়া সরণির পায়ে চলা পথ ধরে হাঁটতে দেখা যায়। বয়সের ভারে মাঝেমধ্যেই এলোমেলো হয়ে যায় তাঁদের পথচলা। তার পরও সারি ভাঙেন না তাঁরা। খানিকটা পথ গিয়ে তাঁদের যান চলাচলে ব্যস্ত সড়ক পার হতে হয়। তুলনামূলক কমবয়সী একজন তাঁদের নিরাপদে সড়ক পারাপার নিশ্চিত করার চেষ্টা করেন। তিনি হচ্ছেন জাতীয় সঞ্চয় ব্যুরোর মিরপুর শাখার কর্মী। আর বুড়ো লোকগুলো ব্যুরোর গ্রাহক। জাতীয় সঞ্চয় ব্যুরোর মিরপুর শাখা থেকে সোনালী ব্যাংকের রোকেয়া সরণির শাখা রাস্তার অপর পারের কিছুটা দূরে সরে যাওয়ায় বর্ষীয়ান মানুষগুলোকে সঞ্চয়পত্রে বিনিয়োগের লভ্যাংশ তুলতে গিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে।রোকেয়া সরণির পাশে ১৩০৫ পূর্ব মণিপুরের ভবনটির নিচতলায় রয়েছে জাতীয় সঞ্চয় ব্যুরোর মিরপুর শাখার কার্যালয়। যেকোনো কর্মদিবসে সকাল ১০টা থেকে ১১টার দিকে গেলে এখানে গ্রাহকের ভিড় দেখা যায়। এঁদের বেশির ভাগই আবার বয়স্ক। বাকি জীবনে অর্থনৈতিক টানাপোড়েন থেকে মুক্ত থাকতেই সঞ্চয়পত্র কিনেছেন তাঁরা। তবে সঞ্চয় ব্যুরোর মিরপুর শাখায় এসে লভ্যাংশ তুলতে গিয়ে এখন জীবন ও অর্থ, দুই-ই হারানোর ঝুঁকি নিতে হচ্ছে। এ প্রসঙ্গে ব্যুরোর গ্রাহক জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শায়লা ইসলাম বলেন, ‘আগে ব্যুরোর ওপরের তলায় ব্যাংক ছিল। সহজেই ওপরে গিয়ে টাকা লেনদেন করা যেত। এখন এই বুড়া বয়সে রাস্তা পার হইয়া ব্যাংকে যাইতে হয়। একদিকে গাড়ির নিচে পড়ার ঝুঁকি, আবার ছিনতাইকারীর ভয়।’জাতীয় সঞ্চয় ব্যুরোর মিরপুর শাখার একাধিক কর্মী জানান, তাঁদের এখানে নগদ টাকার কোনো লেনদেন নেই। এখানে শুধু কাগজপত্রের কার্যক্রম আছে। এখান থেকে রসিদ নিয়ে গ্রাহকেরা সোনালী ব্যাংকের বেগম রোকেয়া সরণি শাখায় টাকা জমা দেয় কিংবা টাকা ওঠায়। আগে ব্যাংক ছিল ব্যুরোর ভবনেরই দোতলায়। ব্যুরো ও ব্যাংক দুই কর্তৃপক্ষই মূলত ভবনের কক্ষ ভাড়া নিয়ে কার্যক্রম চালাচ্ছিল। এর মধ্যে সোনালী ব্যাংকের শাখা এখানে এসেছে ২৩ বছর আগে। আর ব্যুরোর কার্যক্রম চলছে ১৫ বছর ধরে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে সোনালী ব্যাংকের শাখাটি রোকেয়া সরণির অপর পাশের একটি ভবনে (৬১৯ কাজীপাড়া, নাহার কমিউনিটি সেন্টারের দোতলা) চলে গেছে। ফলে গ্রাহকেরা অর্থ লেনদেনে ভোগান্তির মধ্যে পড়ছেন। এরই মধ্যে এক গ্রাহকের ৬২ হাজার টাকা ছিনতাই হয়েছে। মাসখানেক আগে এক বয়স্ক গ্রাহক পাঁচ লাখ টাকা জমা দিতে এসেছেন। তাঁর টাকার নিরাপত্তার জন্য ব্যুরোর একজন কর্মীকে সঙ্গে যেতে হয়েছে।জাতীয় সঞ্চয় ব্যুরোর মিরপুর শাখার গ্রাহক মিরপুর ১৩ নম্বর সেকশনের বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নরুল আমিন (৬৩) বলেন, এর পাশের সড়কে কোনো ফুটওভারব্রিজ নেই। এখানে যাঁরা আসেন সবাই বয়স্ক। তাঁদের এখন ঝুঁকি নিয়ে সড়ক পার হয়ে ব্যাংকে টাকা জমা দিতে যেতে হয়। সড়ক পাড় হতে গিয়ে এরই মধ্যে একজন দুর্ঘটনায় পড়েছিলেন।সোনালী ব্যাংকের শাখা দূরে সরে যাওয়ায় সঞ্চয় ব্যুরোর গ্রাহক কমতে শুরু করেছে বলে জানান এখানকার কর্মীরা। তবে গ্রাহকের সেবা দিতে তাঁরা বিকল্প পন্থা বেছে নিয়েছেন। বেলা ১১টার দিকে যখন ১৫-২০ জন গ্রাহকের কাগুজে হিসাবপত্র শেষ হয় তখন ব্যুরোর একজন কর্মচারী তাঁদের নিয়ে ব্যাংকে চলে যান। তবে জনবল কম থাকায় প্রায়ই গ্রাহকের সঙ্গে পাঠানোর মতো কাউকে পাওয়া যায় না।গ্রাহকদের ভোগান্তি দূর করতে উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন—এমন প্রশ্নে জাতীয় সঞ্চয় ব্যুরোর (মিরপুর শাখা) সহকারী পরিচালক মোহাম্মদ হালিমুজ্জামান জানান, বর্ষীয়ান গ্রাহকদের দুর্ভোগ দেখে তাঁদেরও মায়া লাগে। এই কার্যালয় ব্যাংকের কাছে চলে গেলেই ঝামেলা মিটে যায়। এজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। জনগুরুত্ব বিবেচনায় ঊর্ধ্বতন মহল ব্যুরোর কার্যালয় স্থানান্তরে দ্রুত উদ্যোগ নেবে বলে তিনি আশা করছেন।