বিনিয়োগে প্রবাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসীদের উদ্যোগে সিলেটে প্রথম ক্যানসার হাসপাতাল হয়েছে বিয়ানীবাজারে। ৯ এপ্রিল দুপুরে ক্যানসার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।উদ্যোক্তা সূত্রে জানা গেছে, সিলেটের প্রথম ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠার মূল উদ্যোক্তা হচ্ছেন ১৪ জন প্রবাসী। তাঁরা পরিচালক হিসেবে রয়েছেন। তাঁদের সঙ্গে সহযোগিতায় রয়েছেন আরও ৪৫ জন প্রবাসী উদ্যোক্তা। এই হাসপাতালে শুধু ক্যানসারে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে রোগনির্ণয় ও পরামর্শ, দ্বিতীয় পর্যায়ে প্রতিরোধ ও প্রতিকার এবং তৃতীয় পর্যায়ে রোগের সম্পূর্ণ চিকিৎসা দেওয়া হবে। ব্যবস্থাপত্র দেওয়ার জন্য ইংল্যান্ড থেকে এ বিষয়ক বিশেষজ্ঞ নিয়ে আসা হবে।ক্যানসার হাসপাতাল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. সাব উদ্দিন বলেন, ‘সিলেটে প্রথমবারের মতো স্থাপিত হওয়া এই হাসপাতাল ৬১ শতক ভূমির ওপর চারতলা ভবন নির্মাণের কাজ কয়েক দিনের মধ্যেই শুরু হবে। ক্যানসার বিষয়ে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করতে আমরা একটি উপজেলা সদরকে হাসপাতালের জন্য বেছে নিয়েছি।’নির্মিতব্য ক্যানসার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে বিয়ানীবাজার সরকারি কলেজ প্রাঙ্গণে ৯ এপ্রিল দুপুর আড়াইটায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় তিনি বলেন, ‘সরকার যখন মরণব্যাধি ক্যানসার রোগের সহজলভ্য চিকিৎসা নিয়ে চিন্তিত, তখন সিলেটি প্রবাসীরা কয়েক মিলিয়ন টাকা খরচ করে মফস্বল পর্যায়ে ক্যানসার হাসপাতাল স্থাপনের জন্য নিঃস্বার্থভাবে কাজ করছেন।’