বিনিয়োগের অভাবে খুঁড়িয়ে চলছে ১৪ স্থলবন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের পর বছর ধরে বেহাল দশায় দেশের স্থলবন্দরগুলো। সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলের নিজস্ব কোনো হ্যান্ডলিং যন্ত্রপাতি নেই। কার্যক্রম চলে অযান্ত্রিকভাবে। সংযোগ সড়কগুলো ভাঙাচোরা। মালামাল রাখার ব্যবস্থাও অপর্যাপ্ত। আবার বেসরকারি ব্যবস্থাপনায় দু-একটি স্থলবন্দর ভালোভাবে পরিচালিত হলেও অন্যগুলোর ক্ষেত্রে তেমন কোনো সাফল্য নেই। বেসরকারি উদ্যোক্তাদের কেউ কেউ ইতিমধ্যেই খেলাপি হয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী অবকাঠামো গড়ে তোলেনি। সরকারকে রয়্যালটি দিতেও ব্যর্থ হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ভারত, নেপাল ও চীন স্থলবন্দর উন্নয়নে বড় আকারের বিনিয়োগ করছে। অথচ বাংলাদেশ স্থলপথে বড় ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম চালালেও এগুলোকে বিশ্বমানে উন্নীত করার কোনো বিনিয়োগ নেই। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) এক হিসাবে দেখা গেছে, বাংলাদেশ যদি দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোকে ট্রানজিট বা ট্রানশিপমেন্ট সুবিধা দিতে চায়, তাহলে আগামী পাঁচ বছরে স্থলবন্দর উন্নয়নে সাত কোটি ১৮ লাখ ডলার বা প্রায় ৫০০ কোটি টাকা বিনিয়োগ করতে হবে। কিন্তু চলতি ২০১০-১১ অর্থবছরে দেশের স্থলবন্দর উন্নয়নে সরকারি বরাদ্দ মাত্র ছয় কোটি টাকা।দক্ষিণ এশিয়ার পরিপ্রেক্ষিত: চীন দক্ষিণ এশিয়ার সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনার জন্য নেপালের ড্রাম শহরের সীমান্তে ঝানমুতে বড় স্থলবন্দর গড়ে তুলছে। ঝানমু চীনের স্বশাসিত অঞ্চল তিব্বতের একটি শহর। নেপালকে ট্রানজিট করিডর হিসেবে ব্যবহার করে চীন ভারত, বাংলাদেশ ও ভুটানে স্থলপথে বাণিজ্য আরও সম্প্রসারণ করতে চায়। ভারত সম্প্রতি ১৩টি স্থলবন্দর উন্নয়নে উন্নত প্রযুক্তির ‘ইনটিগ্রেটেড চেকপোস্ট’ স্থাপনের উদ্যোগ নিয়েছে। এর জন্য ৭৩৪ রুপি (ভারতীয় মুদ্রা) বিনিয়োগের পরিকল্পনা করেছে। প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের পেট্রাপোল, হিলিসহ চারটি বন্দরের উন্নয়নে ব্যয় হবে ৩৪২ কোটি টাকা। পাকিস্তান ও আফগানিস্তানও স্থলবন্দর অবকাঠামোর উন্নয়নে বড় ধরনের বিনিয়োগ করছে। সবারই লক্ষ্য— এশিয়ার দুই বৃহত্তম অর্থনৈতিক শক্তি চীন ও ভারতের সঙ্গে বাণিজ্যিক অংশীদারি বাড়ানো।বাংলাদেশের অবস্থা: কাগজে-কলমে দেশে ১৪টি স্থলবন্দর থাকলেও কার্যক্রম চলে মাত্র ছয়টির। এর মধ্যে বেনাপোল সরকারি ব্যবস্থাপনায় এবং টেকনাফ, সোনামসজিদ, হিলি, বিবিরবাজার ও বাংলাবান্ধায় চলছে বেসরকারি ব্যবস্থাপনায়। বন্দর ঘোষিত হলেও কার্যক্রম নেই বিরল, বুড়িমারী, তামাবিল, আখাউড়া, ভোমরা, হালুয়াঘাট, বিলোনিয়া ও দর্শনা স্থলবন্দরে। তবে শুল্ক স্টেশন হিসেবে এখান দিয়ে সীমিত পরিমাণে আমদানি ও রপ্তানি কার্যক্রম চলে। সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের (বিএসবিকে) চেয়ারম্যান এ কে এম ইয়াহিয়া চৌধুরী বলেন, বেনাপোল বন্দরকে আধুনিক রূপ দেওয়ার একটি প্রকল্প চলছে। এই বন্দর দিয়েই বেশির ভাগ মালামাল পরিবহন করা হয়। বাকি অনেকগুলো বন্দর বেসরকারি খাতে উন্নয়ন ও পরিচালনার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে কেউ কেউ ভালো করেছে। আবার কেউ কেউ বিনিয়োগ করা এবং সরকারকে রাজস্ব দেওয়ার চুক্তিগুলো ভঙ্গ করেছে। যারা অঙ্গীকার করেও বিনিয়োগ করেনি, তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে। বেসরকারীকরণের অভিজ্ঞতা: উন্নয়ন-সহযোগীদের পরামর্শে ২০০৫ সালে স্থলবন্দর উন্নয়ন ও ব্যবস্থাপনার জন্য বেনাপোল ছাড়া অন্য সব স্থলবন্দরকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে টেকনাফ বন্দরের কাজ পায় ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেড। হিলি ও সোনামসজিদের কাজ পায় পানামা ট্রেডিং কোম্পানি। কুমিল্লার বিবিরবাজার বন্দর উন্নয়ন ও ব্যবস্থাপনার কাজ পায় শেফার্ড কুমিল্লা ল্যান্ড পোর্ট লিমিটেড এবং বাংলাবান্ধা ও বিরল বন্দরের কাজ পায় বিরল ল্যান্ড পোর্ট লিমিটেড ও বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লিমিটেড। অন্যগুলো এখনো বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়নি। বেসরকারিভাবে কাজ পাওয়া ছয়টি প্রতিষ্ঠানের মধ্যে কেউই বন্দরগুলোকে কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করতে পারেনি। তবে তিনটি প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে সন্তুষ্ট বিএসবিকে। অনুসন্ধানে জানা গেছে, পানামা ট্রেডিংয়ের স্বত্বাধিকারী নোয়াখালীর ব্যবসায়ী মোহাম্মদ মনিরুজ্জামান রাজনৈতিক প্রভাব খাটিয়ে সোনামসজিদ ও হিলি বন্দরের কাজ পান। কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি ছিল, সোনামসজিদ বন্দরের জন্য কোম্পানিটি বছরে নির্দিষ্ট ৩০ লাখ টাকা রয়্যালটি দেবে আর হিলি বন্দরের জন্য রয়্যালটি দেবে ১৪ লাখ ২৫ হাজার টাকা। এ ছাড়া উভয় ক্ষেত্রেই পণ্য আমদানি-রপ্তানি বাবদ যে আয় হবে, তার ৪৯ শতাংশ সরকারকে দেবে। বন্দর দুটির উন্নয়নের জন্য সরকারি প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) কাছ থেকে পানামা ট্রেডিং ১২ কোটি টাকা ঋণ নেয়। কিন্তু ওই প্রতিষ্ঠান সরকারকে প্রাপ্য অর্থ প্রদান ও বিনিয়োগ কোনোটাই করেনি। ফলে বাধ্য হয়ে ইডকল নিজস্ব প্রতিনিধি বসিয়ে বন্দর দুটি পরিচালনা করছে। বর্তমানে কোম্পানির মালিকানা পরিবর্তনের একটি প্রক্রিয়া চলছে ইডকলের মধ্যস্থতায়। বিএসবিকের চেয়ারম্যান এ কে এম ইয়াহিয়া চৌধুরী বলেন, ঢালাওভাবে আর স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনার কাজ বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে না। এরপর দেওয়া হবে স্বল্প সময়ের জন্য, ২৫ বছর মেয়াদি লিজ আর নয়। তিনি বলেন, সাতক্ষীরার ভোমরায় যে নতুন বন্দর চালু হবে, সেটি স্থলবন্দর কর্তৃপক্ষই পরিচালনা করবে।তবে বেসরকারি উদ্যোক্তারাও নানা সমস্যার কথা তুলে ধরেন। বিরল ল্যান্ড পোর্ট লিমিটেডের স্বত্বাধিকারী সহিদুর রহমান পাটোয়ারী বলেন, যখন কাজ দেওয়া হয়, তখন সরকার বলেছিল, সড়ক ও রেল যোগাযোগ স্থাপনের দায়িত্ব নেবে সরকার। ভারতের অংশে ব্রডগেজ ও বাংলাদেশের অংশের মিটারগেজ থাকায় এখানে বর্তমানে কোনো আমদানি-রপ্তানি হচ্ছে না। বাংলাদেশ অংশে রেলের উন্নয়নে প্রকল্প অনুমোদন করা হলেও কাজ এগোচ্ছে ধীরগতিতে। আরেকজন বেসরকারি উদ্যোক্তা বলেন, ভারতের শুল্ক ও অশুল্ক বাধার কারণে কুমিল্লার বিবিরবাজারে অবকাঠামো গড়ে তোলার পরও বাণিজ্য বাড়ছে না। তিনি বলেন, কার পাস না থাকায় ভারত ও বাংলাদেশের ট্রাক সীমানা অতিক্রম করে বন্দরের ভেতরে ২০০ মিটার ঢুকতে পারে। মালামাল জিরো পয়েন্টে ওঠানো-নামানো করতে হয়। অনেক ট্রাককে দুই থেকে তিন দিন অপেক্ষা করতে হয়। ফলে আমদানি ও রপ্তানিকারকেরা এ বন্দর দিয়ে মালামাল আনা-নেওয়ায় উৎসাহী হয় না। উন্নয়ন পরিকল্পনা: সরকারের মধ্যমেয়াদি বাজেটকাঠামো অনুযায়ী, ২০১০ সালের জুলাই থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত তিন বছরে স্থলবন্দর উন্নয়নে ২৫ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা আছে। এর মধ্যে ছয় কোটি টাকা বরাদ্দ বেনাপোল বন্দরের উন্নয়নে। আর বাকিটা ভোমরা স্থলবন্দরের উন্নয়নকাজে ব্যবহূত হবে। তবে ভোমরা বন্দরের জমি অধিগ্রহণ বিষয়ে একটি মামলা চলমান থাকায় অর্থ ব্যবহার এখনো অনিশ্চিত। এর বাইরে বেনাপোল স্থলবন্দরের নিজস্ব হ্যান্ডলিং যন্ত্রপাতি (ক্রেন, ফর্ক লিফট) কেনার একটি প্রকল্প প্রস্তাব তৈরি হয়েছে। যার বাস্তবায়ন ব্যয় ধরা হয়েছে ৭৭ কোটি টাকা। কিন্তু এই প্রকল্পটি এখনো অনুমোদন পায়নি।স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য (উন্নয়ন) দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, বেনাপোল স্থলবন্দরকে বিশ্বমানের আধুনিক বন্দর করার জন্য এডিবি একটি সমীক্ষা করছে। সমীক্ষা ইতিবাচক হলে তারা প্রায় ৮০ কোটি টাকা বিনিয়োগ করবে। ভোমরা বন্দরের জন্যও অর্থ বরাদ্দ আছে। তবে আইনি জটিলতায় কাজ শুরু করা যাচ্ছে না। অন্য বন্দরগুলো উন্নয়নে কাজ চলছে। তাই এটাকে পুরোপুরি মন্থর বলা যাবে না।