বিনোদনকেন্দ্রে মানবস্রোত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তায় নামলে পরিবহনসংকট। ভাড়ায় বনিবনা হয় না। ভাড়া সমস্যা না করলে, চালকের গন্তব্য পছন্দ নয়; এ নিয়ে নিত্যদিনের মতো বাগিবতণ্ডা ছিল। ছিল পশু পয়োবর্জ্যের গন্ধ। বন্ধ ছিল বিপণিকেন্দ্র থেকে শুরু করে প্রায় সব প্রতিষ্ঠান। কিন্তু উৎসবপাগল বাঙালি কি আর ঘরে বসে থাকে? অন্যবারের মতো এবারও ঈদে ঢাকার সব পথ মিলে গিয়েছিল বিনোদনকেন্দ্রগুলোতে। ছিল হাজার হাজার মানুষের স্রোত। পরিবহন সমস্যা এবং নগরের অলিগলির আবর্জনা ঠেলে মানুষ মিলেছিল বিনোদনকেন্দ্রগুলোতে। ফাঁকা রাজপথ পেয়ে রীতিমতো রিকশাবিলাসে মেতেছিলেন তরুণ-তরুণীরা। অনেকে প্রেক্ষাগৃহে ঈদে মুক্তি পাওয়া সিনেমা দেখে, কেউ বা পরিবারের সবাইকে নিয়ে বাসায় বসে টেলিভিশনের অনুষ্ঠান দেখে ছুটি উপভোগ করেছেন। ঈদুল আজহার আনন্দ একটু অন্য রকম। নামাজ শেষে পশু কোরবানি করা, মাংস কাটাকাটি করা, গরিব ও আত্মীয়স্বজনের মধ্যে মাংস বিতরণের মধ্য দিয়েই বড়দের ঈদের দিনের অধিকাংশ সময় কেটে যায়। তবে ব্যতিক্রম দুরন্ত শিশু-কিশোরেরা। বিকেল হতে না-হতেই তারা দলবেঁধে বেরিয়ে পড়ে ভ্রমণে। তাদের আনন্দের ধরনই আলাদা। এক রিকশায় অনেকে মিলে চড়ে ফাঁকা রাজপথে ঘুরে বেড়ানো, দলবেঁধে চিড়িয়াখানা বা শিশুপার্কে যাওয়া, কোমল পানীয়ে গলা ভিজিয়ে নেওয়া। ফাঁকা রাজপথে জোরে গান বাজিয়ে গাড়ি চালিয়েও আনন্দ করেছে তরুণ প্রজন্মের একাংশ। ঈদের পর দিন থেকে এই আনন্দের মিছিলে শামিল হয়েছেন বড়রাও। ঈদে সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে মিরপুর চিড়িয়াখানা ও শাহবাগের শিশুপার্কে। চিড়িয়াখানায় ঈদের দিন থেকে গতকাল পর্যন্ত প্রায় দেড় লাখ দর্শকসমাগম হয়েছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। শিশু আর বড়দের জন্য স্বল্প খরচের বিনোদনকেন্দ্র শিশুপার্কে ছিল উপচে পড়া ভিড়। শিশুপার্কের পূর্বদিকে রমনা উদ্যানেও ছিল প্রচুর লোকসমাগম।শিশুপার্ক, চিড়িয়াখানা ছাড়াও কিশোর-কিশোরীদের গন্তব্য সিনেমা হল। ঈদে বেশ কয়েকটি নতুন ছবি মুক্তি পেয়েছে। নতুন ছবি দেখতে সিনেমা হলে ভিড় ছিল তাদের। এ ছাড়াও দেশের সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো নানা রকমের বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করেছে। ঝামেলা এড়াতে অনেকে আবার ঘরে শুয়ে-বসে মগ্ন ছিলেন এসব অনুষ্ঠানে। ঈদের আগের দিন থেকেই রাজধানীর অধিকাংশ সড়ক প্রায় ফাঁকা হয়ে পড়েছিল। মাঝেমধ্যে দু-একটি রিকশা, ব্যক্তিগত ছোট গাড়ি আর লোকাল বাস দেখা গেছে। আর ছিল রং-বেরঙের পাঞ্জাবি আর হাল ফ্যাশনের পোশাক পরা নারী-পুরুষের দল। অন্য সময় রাজধানীর প্রধান সড়কগুলোতে রিকশা চলাচল নিষিদ্ধ থাকলেও গত দুদিন রিকশা চলেছে। চালকেরাও দ্বিগুণ ভাড়া হাঁকিয়েছেন। মনের আনন্দে অনেকে ঘুরে বেড়িয়েছেন রিকশায়।