বিনোদনহীন বোয়ালমারী
২৭২ দশমিক ৩৪ বর্গকিলোমিটার আয়তনের বোয়ালমারী উপজেলার লোক সংখ্যা দুই লাখ ৩৩ হাজার ৬৮৩ জন। বিনোদনের জন্য এ উপজেলায় কোনো ব্যবস্থা নেই। বিশ্বকাপ ফুটবলে বাঙালির অংশগ্রহণ না থাকলেও আমাদের দেশে ওই খেলা নিয়ে প্রচুর মাতামাতি হয়। অথচ বোয়ালমারীর সুবিশাল স্টেডিয়ামে খেলাধুলার অভাবে সারা বছর গরুসহ বিভিন্ন ধরনের গবাদিপশু চড়ে। আশির দশকের শুরুতে মাগুরার ব্যবসায়ী মাজেদুল হক বোয়ালমারী সদরে সাড়ে ১০ শতাংশ জমি কিনে তৈরি করেন সোহাগ সিনেমা হল। প্রায় এক দশক খুঁড়িয়ে খুঁড়িয়ে চলার পর এ বছরের শুরুতে পাশের আলফাডাঙ্গা উপজেলার টোনারচর গ্রামের ব্যবসায়ী মাহাবুবুর রহমান হলটি কিনে নেন। বর্তমান তত্ত্বাবধায়ক সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘এটি ভেঙে এখানে বিপণি বিতান নির্মাণ করা হবে।’ আশির দশকের শেষে বোয়ালমারীতে বিলাসী সিনেমা হল চালু হয়। হলের ব্যবস্থাপক মো. জাফর খান জানান, মধ্যবিত্তের বিনোদনের জন্য সিনেমা হল তৈরি হলেও এখন আর ওই শ্রেণীর দর্শকেরা হলে আসেন না। উপজেলার ধোপাডাঙ্গা গ্রামের জমিদার দুর্লভ সাহার দুর্গ, ঐতিহাসিক নদীয়ার চাঁদঘাট, কাটাগড় দেওয়ান শাগের শাহের মাজার, খরসূতীর জমিদার ঈশান চন্দ্র ঘোষের বেলে পাথরের মন্দির ও অন্যান্য স্থাপনা, শের শাহের আমলের সাতৈর শাহী মসজিদ, কয়ড়া কালী মন্দির প্রভৃতি স্থাপনা সংরক্ষণে ও দর্শনীয় স্থান হিসেবে তুলে ধরতে তেমন কোনো কার্যকর উদ্যোগ নেই। পৌর মেয়র আ. শুকুর শেখ বলেন, ‘বোয়ালমারীতে বিনোদনকেন্দ্রের অভাব তীব্র। এ ব্যাপারে পৌরসভার পক্ষ থেকে একটি পার্ক নির্মাণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। চলতি বছরের মধ্যেই তা অনুমোদনের সম্ভাবনা আছে।’ উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন বলেন, ‘বোয়ালমারীতে বিনোদনের দৈন্য রাখঢাক করে রাখার সুযোগ নেই। দুই কোটি টাকা ব্যয়ে এখানে একটি আধুনিক অডিটরিয়াম ভবন নির্মাণের প্রস্তাব এখন এলজিআরডি মন্ত্রীর টেবিলে আছে। চৌরাস্তায় সওজের পরিত্যক্ত ডোবাটি ভরাট করে ভাস্কর্য নির্মাণের মাধ্যমে এটিকে বিনোদন স্পট করার বিষয় প্রক্রিয়াধীন।’নগরকান্দাবাসী চায় উন্মুক্ত মঞ্চ১৯৩ দশমিক ৮১ বর্গকিলোমিটার আয়তনবিশিষ্ট নগরকান্দা উপজেলার জনসংখ্যা এক লাখ ৭৫ হাজার ৩৪০ জন। সরকারি একটি মিলনায়তনে মাঝেমধ্যে সিনেমা চলে। নাম পূর্ণিমা সিনেমা হল। দর্শকদের অভাবই মূল সমস্যা। কয়েকটি সাংস্কৃতিক সংগঠন আছে, মাঝেমধ্যে নাটকসহ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। তবে কোনো মঞ্চ নেই। খোলা মাঠেই চলে এ প্রদর্শনী। স্টেডিয়ামও নেই। খোলা মাঠ আছে। পার্ক নেই, বিকেলে তরুণ-তরুণীরা মাঠে বসে আড্ডা দিয়ে সময় কাটায়। তবে একটি স্থায়ী মঞ্চের দাবি নগরকান্দাবাসী দীর্ঘদিন ধরে করে আসছে। নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সর্দার বলেন, ‘নগরকান্দায় বিনোদনের কোনো ব্যবস্থা নেই। এর জন্য তরুণ-তরুণীরা বিপথগামী হচ্ছে। কিছু করার কোনো পরিকল্পনা নেই। কেননা পরিকল্পনা করলেই হবে না, তা বাস্তবায়ন করতে হবে। এর জন্য উপজেলা পরিষদে টাকা নেই। টাকা নেই বলে কোনো ভাবনাও নেই।’