বিনোদনে ব্যায়ামে বাস্কেটবল
ফারিয়াল খালেদ ধানমন্ডির বাসিন্দা। বিকেল হলেই ছোট ভাইকে নিয়ে ছাদে গিয়ে হাজির হন তিনি। সেখানে সন্ধ্যা পর্যন্ত চলে বাস্কেটবল খেলা। মা এসে তাড়া না দিলে মাঝেমধ্যে সন্ধ্যাও পেরিয়ে যায়। এসব জানালেন সদ্য এ-লেভেল পরীক্ষা দেওয়া ফারিয়াল। তিনি আরও জানান, বাস্কেটবল খেলা শুরু করেন তৃতীয় শ্রেণীতে পড়ার সময়। তখন স্কুল টুর্নামেন্টেও অংশ নিতেন। টানা আট বছর ধরে খেলে যাচ্ছেন বাস্কেটবল। শুধু ভাই নয়, মাঝেমধ্যে পাশের ফ্ল্যাটের স্কুলপড়ুয়া তন্ময় আর লাইবা এসেও যোগ দেয় তাঁদের সঙ্গে। বাস্কেটবলের কোট হিসেবে বড় পরিসর না পেলেও ছাদেই একটা রিং লাগিয়ে নিয়মিত খেলে ওরা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়পড়ুয়া রেনেসাঁ থাকেন উত্তরার ১৪ নম্বর সেক্টরে। ক্লাস আর পরীক্ষার জন্য খুব একটা সময় পান না। সময় পেলেই ছোট বোনকে নিয়ে বাড়িতেই বাস্কেটবল খেলেন। তিনি জানান, বাড়িতে খেলার ব্যবস্থা থাকায় ভালোই হয়েছে। নিজেদের মতো করে খেলা যায়। আবার বাস্কেটবল খেলতে অনেক বেশি জায়গারও দরকার হয় না।একই এলাকার বাসিন্দা ক্রিস্টিনাও পছন্দ করেন বাস্কেটবল। আর সব খেলা বাদ দিয়ে বাস্কেটবল কেন? এমন প্রশ্নে ক্রিস্টিনা বলেন, ‘খুব ছোটবেলা থেকেই বাস্কেটবল খেলা পছন্দ করি। পরিবারের অনেকেই একসঙ্গে আমরা বাস্কেটবল খেলে থাকি।’ ক্রিস্টিনার ভাই জ্যাফরি জানায়, স্কুলের টিমে নিয়মিতই খেলা হয়। আর চর্চা করার জন্য বাসায়ও খেলা হয়।শরীর ফিট রাখার জন্য নিয়মিতই বাড়িতে বাস্কেটবল খেলেন মডেল ও অভিনেত্রী শখ। তিনি বলেন, ‘আমার খেলার পার্টনার আমার বাবা। শরীর ফিট রাখতে বেশ কাজে দেয় বাস্কেটবল খেলা। বাড়ির ছাদে বাস্কেটবলের কোট থাকায় সময় পেলে রাতে কিছুটা সময় খেলি।’জাতীয় প্রমীলা বাস্কেটবল দলের খেলোয়াড় আশরিন মৃধা বলেন, ‘বাংলাদেশে বাস্কেটবল খেলার ব্যাপারে সুযোগ-সুবিধা অনেক কম। যারা ভালো খেলছে, নিজেদের আগ্রহে বাড়ির ছাদে কিংবা লনে। আবার কেউ কেউ গ্যারেজেই রিং লাগিয়ে চর্চা করছে বাস্কেটবলের। নগরে জায়গার অভাব থাকায় ইনডোর গেম হিসেবে অনেকেই বাস্কেটবল পছন্দ করছে। বাড়িতে বসে পরিবারের সবাই মিলে খেলছে বাস্কেটবল। তাই এটা নগরের অভিজাতপাড়ায় জনপ্রিয় হয়ে উঠছে।’শেখার জায়গাযাঁরা বাস্কেটবল খেলতে চান, অথচ খেলার কৌশলটা রপ্ত করতে পারছেন না; তাঁদের ভাবনা নেই। কারণ, বাস্কেটবল খেলা শেখার সুযোগ রয়েছে নগরের বেশ কিছু জায়গায়।এর মধ্যে আবাহনী মাঠে ‘বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন ট্রেনিং স্কুল’ আছে। গুলশানের আমাজান ক্লাবে ও পাবেন বাস্কেটবল খেলা শেখার সুযোগ। তবে অনেক স্কুল তাদের শিক্ষার্থীদের বাস্কেটবল খেলার হাতেখড়ি দিয়ে থাকে। বাস্কেটবল খেলার উপকরণ পাওয়া যায় নগরের ক্রীড়াসামগ্রীর দোকানগুলোতে।