বিনোদনের খোঁজে নগরবাসী
সরকারি বিনোদনকেন্দ্র ও দর্শনীয় স্থানগুলো সব ছুটির দিনে খোলা রাখার দাবি করছেন দর্শনার্থীরাঈদের দিন থেকেই নগরের বিনোদনকেন্দ্র ও দর্শনীয় স্থানগুলোয় ভিড় দেখা গেছে। বিশেষ করে সরকারি বিনোদনকেন্দ্রে খরচ কম লাগে বলে সব শ্রেণীর মানুষ ছুটেছে এগুলোয়। ঈদের রেশ এখনো রয়ে গেছে নগরে। বিনোদনকেন্দ্রগুলো এখনো বেশ জমজমাট। এ সপ্তাহেও দর্শনার্থীর ভিড় থাকবে বলে এগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। তাঁদের ধারণা, ঈদের ছুটিতে পরিবার নিয়ে যারা গ্রামের বাড়িতে গিয়েছিল, তারা এখন অবসর সময়ে ছোটদের নিয়ে শহর ঘুরবে। তারা আসবে বিনোদনকেন্দ্রে।তবে অনেক দর্শনার্থী জানিয়েছেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে নগরের সরকারি বিনোদনকেন্দ্রগুলোর আধুনিকায়ন করা হচ্ছে না। ফলে ঈদের সময় ভিড় হলেও সারা বছর খুব একটা এগুলোয় যায় না নগরবাসী। অথচ বেসরকারি বিনোদনকেন্দ্রগুলোয় সারা বছর দর্শনার্থী থাকে।গুলশানের শাহ জালাল ঈদের অবসরে ঘুরেছেন ঢাকা শহর। ১০ নভেম্বর স্ত্রীকে নিয়ে আহসান মঞ্জিল জাদুঘরে গিয়েছিলেন। এই জাদুঘর দেখে তিনি বিমোহিত। তাঁর ভাষ্য, ‘আগেকার ধনীরা শুধু খেয়েপরেই সময় কাটাননি। কী সুন্দর স্থাপনা বানিয়ে গেছেন।’ তবে এই জাদুঘরের বর্তমান ব্যবস্থাপনার ওপর সন্তুষ্ট হতে পারেননি শাহ জালাল। তাঁর অভিযোগ, ৮ নভেম্বর আহসান মঞ্জিল জাদুঘরে এসে আবার ফিরে গেছেন। সেদিন নাকি জাদুঘর বন্ধ ছিল। যেকোনো সরকারি ছুটির দিনে নগরের বিনোদনকেন্দ্র ও দর্শনীয় স্থানগুলো খোলা থাকা উচিত বলে তিনি মনে করেন। কারণ, চাকরিজীবীরা ছুটি ছাড়া ঘুরতে পারেন না। এ প্রসঙ্গে আহসান মঞ্জিল জাদুঘরের পরিচালক মোহাম্মদ আলমগীর বলেন, ‘সরকার যেভাবে ছুটি ঘোষণা করে আমরা সেভাবেই তা পালন করি।’ঈদের দিন ও ঈদের তৃতীয় দিন শাহবাগের জাতীয় জাদুঘরে ছিল উপচে পড়া ভিড়। জাদুঘরে ঢোকার পথে টিকিট কেনার লাইন এসে পৌঁছেছিল বাইরের সড়কে। ৯ নভেম্বর জাদুঘরে এসেছিলেন শাজাহানপুরের ফরিদা জামান। ছেলেমেয়ে আর বোনকে নিয়ে তিনি ঘুরতে বের হয়েছেন। তিনি জানালেন, তাঁর স্বামী পুলিশ অফিসার। ঈদে ছুটি পাননি। তাই ফরিদা ছেলেমেয়েকে নিয়ে জাদুঘরে এসেছেন। এখান থেকে যাবেন শিশুপার্কে।প্রতিবারের মতো এবারের ঈদের ছুটির দিনগুলোয় বেশি ভিড় ছিল শাহবাগের শহীদ জিয়া শিশুপার্কে। ১০ নভেম্বর শিশুপার্কের সামনে দেখা গেল বিশাল বিশাল লাইন। টিকিট কাউন্টার থেকে শুরু হয়ে রাস্তা পর্যন্ত গিয়ে ঘুরে ঘুরে কোথায় গিয়ে যে শেষ হয়েছে লাইন, তা বোঝা কঠিন। কোনোরকমে টিকিট কেটে ভেতরে গিয়ে পৌঁছাতে পারলেও লাইন পিছু ছাড়ছে না। ভেতরের প্রতিটি রাইডের সামনে আছে বিশাল বিশাল লাইন। আজিমপুরের সানাউল হক স্ত্রী ও সন্তানদের নিয়ে এসেছেন শিশুপার্কে। টিকিট কেটে ভেতরে ঢুকেছেন ঠিকই, কিন্তু ভিড়ে ঠিকমতো দাঁড়ানোরও জায়গা পাচ্ছেন না। তিনি বলেন, ‘বাসার কাছে হলেও শিশুপার্কে আসা হয় না কখনো। তাই ছেলেমেয়ে নিয়ে এলাম। কিন্তু ভিড়ের জন্য এখানে ঘোরা মুশকিল।’একই রকম ভিড় মিরপুরের ঢাকা চিড়িয়াখানায়। বানরের খাঁচার সামনে দাঁড়িয়ে বাঁদরামি দেখছিলেন অসংখ্য দর্শনার্থী। বাবার কাঁধে বসে এক ছোট্ট ছেলে অনর্গল কথা বলে যাচ্ছে, ‘বাবা এটা কি মাংকি?’ ভদ্রলোক উত্তর দিচ্ছেন, ‘হ্যাঁ, বাবা।’জাহাঙ্গীর আলম নামে এক দর্শনার্থীর অভিযোগ, ঢাকা চিড়িয়াখানার অবস্থা আগের চেয়ে খারাপ। এদিকে সরকারের দৃষ্টি দেওয়া উচিত। ঈদ উপলক্ষে অতিরিক্ত ১০টি বিশেষ টিকিট কাউন্টার খুলেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। অথচ বিশেষ কাউন্টারে লোকজন নেই, নিয়মিত কাউন্টারে মানুষের লম্বা লাইন। এ বিষয়ে অস্থায়ী টিকিট কাউন্টারের বিক্রয়কর্মী আল আমিন বলেন, ‘সবাই মনে করছে এই কাউন্টারের টিকিট নকল। তাই এখান থেকে কিনছে না।’চিড়িয়াখানার প্রবেশপথে টিকিট চেক করছিলেন মো. আসাদুজ্জামান। কাউন্টার থেকে যে টিকিট দেওয়া হচ্ছে এগুলো চিড়িয়াখানার পক্ষ থেকে ছাপানো। আর বিশেষ কাউন্টারগুলোতে দেওয়া হচ্ছে একটি কোম্পানির সৌজন্যে ছাপানো তাদের বিজ্ঞাপনসংবলিত টিকিট। দুটো টিকিট দেখতে দুই রকম বলে বিশেষ কাউন্টারের টিকিটকে নকল ভাবছেন দর্শনার্থীরা।চিড়িয়াখানার পাশে থাকা জাতীয় উদ্ভিদ উদ্যানের (বোটানিক্যাল গার্ডেন) ভেতরে ঢুকে দেখা গেল সেই পুরোনো বিড়ম্বনা। সৈয়দ মাইনুল আলম বন্ধুবান্ধব নিয়ে এসেছেন এখানে। প্রবেশপথে টিকিট দেখিয়ে ঢুকে টিকিট ফেলে দিয়েছেন। ভেতরে এসে দেখেন আরও এক জায়গায় টিকিট চেক করছে। সৈয়দ মাইনুল আলমের ভাষ্য, ‘আরে বাবা, এটা কি দূরপাল্লার ট্রেন যে টিকিট সংরক্ষণ করতে হবে আর চাহিবা মাত্র দেখাতে হবে?’ শেষে আরেক দফা টিকিট কিনে দেখিয়ে তবেই উদ্যানের মূল অংশে ঢুকতে হয়েছে তাঁকে। তবে পদ্ম পুকুরের সৌন্দর্য দেখে বিড়ম্বনার কথা ভুলে গেছেন তিনি। যাঁরা জাতীয় উদ্ভিদ উদ্যানে যাবেন, ভেতরে ঢুকেও টিকিট সংরক্ষণ করা বুদ্ধিমানের কাজ। এমনটাই মনে করছেন মাইনুল।