বিনোদবিহারীর মরদেহ বাংলাদেশে আসছে কাল (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীর মরদেহ শেষকৃত্যের জন্য আগামীকাল শুক্রবার বাংলাদেশে নেওয়া হবে। ব্রিটিশ শাসনবিরোধী আন্দোলনের এই বিপ্লবীর মরদেহ বাংলাদেশ বিমানে কাল সকাল ১০টার দিকে ঢাকায় নেওয়া হবে।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিনোদবিহারীর মরদেহ কলকাতার ফর্টিজ হাসপাতাল থেকে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য বারাসাতের অরবিন্দ পল্লির ছোট ছেলের বাসভবনে নিয়ে যাওয়া হয়। এর আগে হাসপাতালে বিনোদবিহারীকে শ্রদ্ধা জানান বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। এ ছাড়াও বিনোদবিহারীর মরদেহে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আবিদা ইসলাম।ছোট ছেলের বাসভবনে আত্মীয়স্বজন ও সব স্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ নিয়ে যাওয়া হয় কলকাতার বেসরকারি হিমঘর পিস হ্যাভেনে। সেখানেই তাঁর মরদেহ রাখা হবে। পিস হ্যাভেন থেকে কাল শুক্রবার সকালে তাঁর মরদেহ নেওয়া হবে কলকাতা বিমানবন্দরে। সেখান থেকেই এই বিপ্লবীর মরদেহ ঢাকায় নেওয়া হবে।বিনোদবিহারী চৌধুরী গতকাল বুধবার রাতে কলকাতার ফর্টিজ হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর।বিনোদবিহারীর নাতি সোমশুভ্র চৌধুরী জানান, বিনোদবিহারী বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। গত শনিবার অবস্থার অবনতি হলে তাঁকে ফর্টিজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় গতকাল স্থানীয় সময় রাত নয়টা ৪০ মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।গত ৩০ জানুয়ারি চিকিত্সার জন্য কলকাতায় আসেন বিনোদবিহারী চৌধুরী। বাঙালির ইতিহাসের সঙ্গে বিনোদবিহারী চৌধুরীর জীবন যেন সমান্তরাল। যুদ্ধ, মহামারি, মন্বন্তর, দাঙ্গা, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ, ভাষা-আন্দোলন, গণ-অভ্যুত্থান, মুক্তিযুদ্ধসহ বহু ঘটনা প্রত্যক্ষ করেছেন তিনি।এই বিপ্লবীর জন্ম ১৯১১ সালের ১০ জানুয়ারি চট্টগ্রামের বোয়ালখালীতে। বাবা কামিনী কুমার চৌধুরী পেশায় আইনজীবী এবং মা রামা চৌধুরী ছিলেন গৃহিণী। চট্টগ্রামের ফটিকছড়ির রাঙামাটিয়া বোর্ড স্কুলে তাঁর প্রাথমিক শিক্ষা শুরু। কলকাতা বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা লাভ করেন। ১৯৩৪ ও ১৯৩৬ সালে বন্দী অবস্থায় তিনি প্রথম শ্রেণীতে আইএ ও বিএ পাস করেন।বিনোদবিহারী ১৯৩০ সালে কংগ্রেস চট্টগ্রাম জেলা কমিটির সহসম্পাদক ছিলেন। এ ছাড়া ১৯৪০-১৯৪৬ সালে বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের নির্বাহী কমিটির সদস্য থাকার পাশাপাশি ১৯৪৬ সালে কংগ্রেস চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৪৭ সালে পশ্চিম পাকিস্তান কংগ্রেসের সদস্য হন। ১৯৫২ সালের ভাষা-আন্দোলনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।বিপ্লবীদের দলে নাম লেখানোর অল্প দিনের মধ্যেই বিনোদবিহারী মাস্টারদা সূর্য সেনের প্রিয়ভাজন হয়ে ওঠেন। ১৯৩০ সালের ঐতিহাসিক অস্ত্রাগার লুণ্ঠনে বিনোদবিহারী চৌধুরী ছিলেন সূর্য সেনের অন্যতম তরুণ সহযোগী।