বিপক্ষে গেলে আপিল বিভাগের রায় মানবেন না মুফতি আমিনী
ফতোয়া অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় আপিল বিভাগ বহাল রাখলে তা মানবেন না ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী। এমন রায় হলে সেটি কোরআনবিরোধী হবে দাবি করে তিনি বলেন, যদি কোরআনবিরোধী কোনো রায় দেওয়া হয়, তাহলে এ দেশের কোনো মুসলমান এই রায় মানবে না।আজ রোববার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী ঐক্যজোটের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আমিনী এ কথা বলেন।আমিনী বলেন, ‘হাইকোর্ট-সুপ্রিম কোর্ট বর্তমান সরকারের চাকর হয়ে গেছে। অনেকে বলবেন, মুফতি আমিনী আদালত অবমাননা করেছেন। তবে আদালত অবমাননা করা আমার উদ্দেশ্য নয়।’একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারকে যুদ্ধাপরাধীদের বিচার আখ্যা দিয়ে মুফতি আমিনী বলেন, ‘নিজেদের টিকিয়ে রাখার জন্য যদি যুদ্ধাপরাধীদের বিচার করা হয়, তাহলে এই বিচার তাদের (সরকার) গদি হারানোর কারণ হবে।’ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান বলেন, ‘ফতোয়া নিয়ে আপিল বিভাগে মামলা চলছে। আমরা আশা করি, আপিল বিভাগ ফতোয়ার বিরুদ্ধে রায় বাতিল করে দেবেন। যদি না দেন, তাহলে আমরা সেই রায় মানব না।’ আগামী অক্টোবর মাসে পল্টন ময়দানে মহাসমাবেশ করারও ঘোষণাও দেন তিনি।ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী বলেন, সরকার দেশকে অকার্যকর করতে বিদেশিদের নির্দেশনা অনুযায়ী কাজ করছে।ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান জহিরুল হক ভূঁইয়া বলেন, অমুসলিম দেশে ধর্মনিরপেক্ষতা মুসলমানদের জন্য আশির্বাদ। তবে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে ধর্মনিরপেক্ষ রাজনীতি মুসলমানদের জন্য অভিশাপ।