বিপজ্জনক ঠাকুরগাঁওয়ের লোহার সেতু
ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা পেরিয়ে আর্ট গ্যালারি মোড়। একটু এগোলেই পৌরসভার দিঘি। দিঘির পাড় ধরে এগোলেই টাঙ্গন নদী। নদীর ওপরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে প্রাচীন একটি লোহার সেতু। নাম টাঙ্গন সেতু। ঐতিহ্যবাহী প্রাচীন এই সেতুটি রক্ষণাবেক্ষণের জন্য তেমন কোনো উদ্যোগ না থাকায় জরাজীর্ণ হয়ে পড়েছে। পথচারীরা পারাপার হতে গিয়ে যেকোনো সময় মারাত্মক বিপদের সম্মুখীন হতে পারেন। এলাকাবাসী জানায়, টাঙ্গন নদীর ওপর এ সেতুটি কবে তৈরি হয়েছিল তার সঠিক ইতিহাস নেই। তবে ব্রিটিশ শাসনামলে সেতুটি নির্মাণ করা হয়েছিল বলে শোনা যায়। সে সময় ঠাকুরগাঁও মহকুমার সঙ্গে অন্য এলাকার যোগাযোগের একটি মাত্র রাস্তা ছিল বলে ওই লোহার সেতুর ওপরে প্রচণ্ড চাপ পড়ে। এতে অল্প সময়ের মধ্যেই সেতুটি নড়বড়ে হয়ে পড়ে। আবার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের নদী পারে বাধা তৈরি করতে সেতুটি বোমা মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। বোমার আঘাতে সেতুটি সম্পূর্ণ ধ্বংস না হয়ে আংশিক ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তী সময়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ক্ষতিগ্রস্ত অংশটুকু মেরামত করে চলাচলের উপযোগী করে তোলা হয়। সরেজমিনে দেখা যায়, টাঙ্গন সেতুর অধিকাংশ খুঁটি ক্ষয়ে গেছে। সেতুর প্রবেশপথের রাস্তা ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। সরু সেতুতে রিকশা, ভ্যান, সাইকেল, মোটরসাইকেলের জটলায় স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা আটকে আছে। সড়ক ও জনপথ বিভাগ সেতুটি বিপজ্জনক হওয়ায় একটি সাইনবোর্ডও টাঙিয়ে দিয়েছে। সাইনবোর্ডে লেখা আছে, সেতুটির ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল নিষেধ। ভারী যানবাহনের চলাচল ঠেকাতে সেতুর দুই পাশে সিমেন্টের খুঁটি পুঁতে দেওয়া হয়েছে। সেতুর পশ্চিম পাশে আরেকটি সেতু তৈরি হলেও পুরোনো এ লোহার সেতুটির গুরুত্ব আজও কমেনি। ইএসডিও কমিউনিটি হাসপাতালের অ্যাম্বুলেন্সের চালক সুলতান আলী জানান, লোহার ব্রিজটি যানবাহন চলাচলের অযোগ্য হওয়ায় এক কিলোমিটার ঘুরে রোগীদের হাসপাতালে নিয়ে যেতে হয়। এ কারণে মারাত্মক অসুস্থ রোগীদের চিকিত্সা পেতে দেরি হচ্ছে। পৌর মেয়র শাহেদ কামাল চৌধুরী জানান, ঐতিহ্যবাহী সেতুটি রক্ষার জন্য দুই পাশ ইট-সিমেন্ট দিয়ে শক্তভাবে গেঁথে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, প্রাচীন এই লোহার সেতুটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় তা মেরামত অত্যন্ত ব্যয়বহুল। তবে ঐতিহ্য ও গুরুত্বের কারণে মাঝেমধ্যেই সেতুটির সংস্কার করা হয়ে থাকে।