বিপজ্জনক দুর্ঘটনার পরও প্রাণে রক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের কলোরোডো অঙ্গরাজ্যে এক গাড়িচালনা প্রতিযোগিতায় একটি গাড়ি বিপজ্জনক পাহাড়ি পথ থেকে ছিঁটকে পড়লেও, বিস্ময়করভাবে বেঁচে গেছেন চালক। একবার নয়, হুড়মুড় করে বারবার উল্টেপাল্টে ধাক্কা খেতে খেতে পড়ে যায় গাড়িটি। ভেঙে যায় গাড়ির চাকা, কাঠামো ও ইঞ্জিনের অংশবিশেষ। কিন্তু তার পরও অক্ষত আছেন গাড়ির চালক লাকি জেরিমি ফ্লোয়ি ও তাঁর সহযোগী চালক ইউরি কোজনেতসভ। গতকাল সোমবার এ দুর্ঘটনা ঘটে। ডেইলি সানে প্রকাশিত খবরে জানা গেছে, প্রতিযোগিতার জন্য নির্বাচিত পথটি ছিল বিশ্বের অন্যতম বিপজ্জনক পথ। ১৪ হাজার ফুট উঁচু ওই পাহাড়ে ১৫০টিরও বেশি গাড়ির মধ্যে প্রতিযোগিতা হয়। সাড়ে ১২ মাইল পথের মধ্যে বাঁক ছিল ১৫৬টি। জটিল একটি বাঁক ঘুরতে গিয়ে লাকি জেরিমির গাড়িটি পিছলে পড়ে যায়। হুড়মুড় করে একেবারে নিচে গিয়ে পড়ে গাড়িটি। ভয়ে দর্শকদের তখন জমে যাওয়ার মতো অবস্থা। কিন্তু আশ্চর্য, এই ভয়ংকর দুর্ঘটনা থেকে বেঁচে যান চালক লাকি জেরিমি ফ্লোয়ি ও তাঁর সহযোগী ইউরি। পাহাড় থেকে এত নিচে পড়েও তাঁরা জ্ঞান হারাননি। শুধু তা-ই নয়, তাঁদের আঘাতও ছিল একেবারে সামান্য। স্থানীয় এক হাসপাতালে নেওয়ার পর ওই দিনই তাঁদের ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়ার পর জেরিমি ফেসবুকে বন্ধুদের লেখেন, ‘ইউরি ও আমি ঠিক আছি। আমাদের আঘাত সামান্য।’ তিনি সবার উদ্বেগ ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানান।