ঢাকার কারওয়ান বাজারে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন সোহেল রানা। বেশ কয়েক মাস আগে সন্ধ্যায় অফিসের কাজ শেষ করে বাসায় ফিরছিলেন তিনি। ওয়াসার সামনে দিয়ে রাস্তার ওপারে যাবেন। রাস্তায় গাড়ির পরিমাণ কম থাকায় দ্রুত রাস্তা পার হতে যাচ্ছিলেন। হঠাৎ উল্টো দিক থেকে দ্রুতগতিতে ধেয়ে আসা প্রাইভেটকারের ধাক্কায় ছিটকে পড়েন রাস্তায়। এতে তাঁর পাঁজরের পাশের একটি হাড় ভেঙে যায়। দীর্ঘদিন হাসপাতালে থেকেও সম্পূর্ণ সুস্থ হলেন না। ঢাকা শহরের ব্যস্ততম সড়কগুলোতে প্রতিনিয়ত ঘটে এ রকম দুর্ঘটনা। কারওয়ান বাজার থেকে শাহবাগ মোড় পর্যন্ত প্রতিটি মোড়েই ঘটছে এ রকম দুর্ঘটনা। প্রায় প্রতিটি মোড়ে রয়েছে পথ পারাপারের সেতু, আছে পাতাল রাস্তা। তা সত্ত্বেও অতি ব্যস্ত পথচারীরা পারাপারের জন্য বেছে নেয় মাঝপথ। ফলে ঘটে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। ট্রাফিক পুলিশের সতর্কবাণী, ‘যেখান সেখান দিয়ে রাস্তা পার হবেন না, রাস্তা পার হতে ফুটওভারব্রিজ ব্যবহার করুন’। এসব কথা সে পথচারীদের কানেই লাগে না। অনেক সময় ট্রাফিক সিগন্যাল অমান্য করেই দৌড়ে পার হতে চায় ব্যস্ততম সড়কগুলোতে। ফলে ঘটে দুর্ঘটনা। ‘সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি’—এ কথা বেমালুম ভুলে যায় তারা। কারওয়ান বাজারে ওয়াসার সামনে দিয়ে রাস্তা পার হওয়ার জন্য দুটো পথ হয়েছে। কিন্তু এতে কোনো প্রকার জেব্রা ক্রসিং ও ট্রাফিক সিগন্যালের ব্যবস্থা নেই। আন্ডারগ্রাউন্ড রাস্তা ও ফুটওভারব্রিজ দূরে হওয়ায় পারাপারের জন্য এ দুটি পথ বেছে নেয় অনেক পথচারী। তাই হরহামেশাই ঘটে দুর্ঘটনা। ট্রাফিক পুলিশ যদি এ ব্যাপারে দৃষ্টি দেয় এবং তাতে ট্রাফিক সিগন্যালের ব্যবস্থা করা হয়, তবে এ দুর্ঘটনা লাগব করা সম্ভব হবে আশা করি। এ ছাড়া যেসব পথচারী কোনো প্রকার আইন না মেনে, ট্রাফিক সিগন্যালের দিকে দৃষ্টি না দিয়ে রাস্তা পার হয়, তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত। ব্যস্ত সড়কগুলোতে দুর্ঘটনা এড়ানোর জন্য চাই নাগরিক সচেতনতা। এ ব্যাপারে ট্রাফিক পুলিশকে আইন প্রয়োগে আরও কঠোর হতে হবে। কেননা যথাযথ আইন প্রয়োগ ব্যতিরেকে পথচারীদের এ থেকে ফেরানো যাবে না। পাদটীকা: নির্দিষ্ট স্থান ব্যতীত যত্রতত্র দিয়ে রাস্তা পার হলে জরিমানা করতে পারে পুলিশ।