বিপজ্জনক এক নগরে পরিণত হয়েছে ঢাকা শহর। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর বেগুনবাড়ি ও পুরান ঢাকার দুটি ঘটনা বলে দিচ্ছে, নগরবাসীর পিঠ দেয়ালে ঠেকে গেছে। বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি এত খারাপ হওয়ার একটি বড় কারণ অতিরিক্ত জনঘনত্ব এবং তা থেকে সৃষ্ট আবাসন ও অন্যান্য সমস্যা। রাজধানীমুখী নিয়ন্ত্রণহীন জনস্রোত ইতিমধ্যেই নাজুক পরিস্থিতির ওপর চাপ প্রতিনিয়ত বাড়িয়ে তুলেছে। এ কারণে অগ্নিকাণ্ড বা ভবন ধসের মতো বিপর্যয় এবং তা থেকে জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কাও বেড়ে চলেছে। মানুষ আর মানুষ: রাজউকের তৈরি করা ডিটেইল এরিয়া প্ল্যানের (ডিএপি) খসড়ায় বলা হয়েছে, ঢাকার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় প্রতি একরে সর্বোচ্চ ২৫০ জনকে বসবাস করার অনুমতি দেওয়া যেতে পারে। কিন্তু পুরান ঢাকায় এই সংখ্যা ৩৫০ থেকে ৪০০ জনের মতো। বস্তিগুলোতে বাস করছে একরে এক হাজার জনের মতো। যথাযথ আবাসনের ব্যবস্থা না থাকায় নিম্নবিত্ত মানুষ ঘিঞ্জি, নাগরিক সুযোগ-সুবিধাহীন পরিবেশে বাস করছে; এটি যেমন অস্বাস্থ্যকর, তেমনি অগ্নিকাণ্ডের মতো বিভিন্ন ঝুঁকির মুখে। নগরবিদ নজরুল ইসলাম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, আগামী দুই দশকে ঢাকার জনসংখ্যা গিয়ে দাঁড়াবে দুই থেকে আড়াই কোটিতে। অথচ এখনই আর একটি মানুষকেও ধারণ করার প্রস্তুতি নেই শহরটির। প্রতিবছর ঢাকায় যুক্ত হচ্ছে ৬ শতাংশ মানুষ। বছর শেষে সাত লাখ লোক ঢুকছে শহরে। তিনি বলেন, বিকেন্দ্রীকরণ করে আবাসন সমস্যা সমাধানের উদ্যোগ নিতে হবে এখনই।বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, ঢাকার জনবহুল এলাকাগুলোতে ধারণক্ষমতার তিন গুণ মানুষ বাস করছে। পুরান ঢাকায় গাদাগাদি করে থাকছে অসংখ্য মানুষ। বেগুনবাড়ি ঝিলের ওপর বাঁশের খুঁটি পুঁতে তার ওপর উঠেছে দোতলা-তিনতলা বাড়ি। রাজউকের হিসাবেই বলা হয়েছে, নগরে অপরিকল্পিত বা অনুমোদনহীন বাড়ির সংখ্যা ১০ হাজারের মতো। সংস্থাটি এখন এর তালিকা তৈরি করছে।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও আঞ্চলিক পরিকল্পনা বিভাগের অধ্যাপক ইশরাত ইসলাম প্রথম আলোকে বলেন, ঢাকার আবাসনসংকটের দুটি দিক রয়েছে। অনেক নিম্ন আয়ের মানুষের কোনো ঘরবাড়ি নেই। যাদের মাথার ওপর ছাদ আছে, তাদেরও সবার শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, গ্যাস, পানি, অগ্নিনির্বাপণ ইত্যাদির ব্যবস্থা নেই। এ ছাড়া কোনো কোনো জায়গায় বেশি সুযোগ-সুবিধা, কোথাও কোথাও নাগরিক সুবিধার চরম অভাব।অতিরিক্ত জনসংখ্যা প্রভাব ফেলছে বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ এবং গণপরিবহনের মতো মৌলিক নাগরিক সুবিধার ওপরও। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, ঢাকায় সর্বোচ্চ দুই হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে দেওয়া হচ্ছে সর্বোচ্চ এক হাজার ৬০০ মেগাওয়াট। ঢাকা ওয়াসা এক কোটি ৭৬ লাখ লিটার পানি সরবরাহ করতে সক্ষম, অথচ চাহিদা দুই কোটি ২০ লাখ লিটার। এমনকি রাজধানী শহরের অংশ হলেও মিরপুর, মোহাম্মদপুরের কিছু অংশ, শ্যামলী, কল্যাণপুর এবং উত্তরা ও বারিধারার একটি বড় অংশের সব এলাকা পয়োনিষ্কাশন-ব্যবস্থার আওতায় আনা এখনো সম্ভব হয়নি। এ অবস্থায় ঢাকায় মানুষের চাপ বাড়তে থাকলে নগর-কাঠামো পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়বে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।নাগরিক সুবিধার বৈষম্য প্রকট২০০৯ সালে চালানো বুয়েটের এক সমীক্ষায় দেখা গেছে, মধ্য ঢাকায় উচ্চ ও মধ্যবিত্তদের সঙ্গে নিম্নবিত্তদের চরম বৈষম্য। সমীক্ষাটি করা হয় রাজউকের উন্নয়ন পরিকল্পনার আওতায় ঢাকা শহরকে যে কটি অঞ্চলে ভাগ করা হয়েছে তার ভিত্তিতে। এতে দেখা যায়, কলাবাগান, নাখালপাড়া, কারওয়ান বাজার, তেজতুরি বাজার, তেজকুনিপাড়া, রাজাবাজার, শেরেবাংলা নগর ও ধানমন্ডি আবাসিক এলাকায় ৫৬টি হাসপাতাল রয়েছে। কিন্তু তেজগাঁও শিল্প এলাকায় একটিও নেই।আরামবাগ, ফকিরাপুল, মতিঝিল, জিপিও, গুলিস্তান, কাকরাইল, বড় মগবাজার, ইস্কাটন, পশ্চিম মালিবাগ, রমনা (আংশিক) এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা সাতটি। কিন্তু এর পরের অঞ্চল ডেমরা, খিলগাঁও, সবুজবাগ, শ্যামপুর ও রমনা থানা এলাকা নিয়ে গঠিত অঞ্চলে রয়েছে ৭৯টি। ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, বারিধারায় উন্মুক্ত জায়গা বা পার্ক আছে চারটি; বেশির ভাগ জায়গায় একটিও নেই। ঢাকামুখিতা ঠেকানোয় গতি নেইবিকেন্দ্রীকরণের কথা মুখে বলা হলেও বাস্তবে অগ্রগতি নেই। সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সদর দপ্তর, ভালো শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, বিনোদনকেন্দ্র সবই ঢাকায়। অনেকের কাছে ঢাকা এখনো কর্মসংস্থানের একমাত্র উৎস। গ্রামাঞ্চলের ছিন্নমূল মানুষের গন্তব্য ঢাকার বস্তি। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বিচারে বস্তি উচ্ছেদের পর পুনর্বাসনের জন্য একটি জাতীয় স্টিয়ারিং কমিটি গঠন করা হয়। ঢাকার বস্তিবাসীর জন্য ১২০ একর জায়গার দরকার ছিল। শেষ পর্যন্ত পাঁচ একর জায়গাও পাওয়া যায়। কিন্তু শেষ পর্যন্ত এই পুনর্বাসনের কাজ স্তিমিত হয়ে যায়। নগরবিদ নজরুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ‘আশ্রয়ণ’, ‘ঘরে ফেরা’ বা সাম্প্রতিকতম ‘একটি বাড়ি একটি খামার’ ধরনের প্রকল্পগুলোর যে পরিসর, তা সমস্যার মাত্রার সঙ্গে সংগতিপূর্ণ নয়। এ ছাড়া রয়েছে সমন্বয়ের অভাব। ঢাকার বস্তিবাসী সংগঠনগুলোর প্লাটফর্ম কোয়ালিশন ফর আরবান পুওরের (কাপ) নির্বাহী পরিচালক মোস্তফা কাইয়ুম খান প্রথম আলোকে বলেন, ‘বস্তিবাসীর জন্য একবারই আবাসনের কথা সত্যিকার অর্থে ভাবা হয়েছিল ভাসানটেক প্রকল্প নেওয়ার সময়। যদিও বস্তিবাসী টাকাপয়সা দিয়েও বেশির ভাগ ক্ষেত্রে জায়গা পায়নি।’ বড় গৃহায়ণ দূর অস্তসংকট নিরসনে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কাছে স্যাটেলাইট শহর তৈরির পরিকল্পনা ছাড়া গৃহায়ণের আর কোনো খবর নেই। এ বছরের জানুয়ারিতে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তত চারটি স্যাটেলাইট শহর গড়ার ঘোষণা দেন। সাভার ও গাজীপুরে যে পরিমাণ জমি পাওয়া গেছে, তাতে ১৫ লাখ মানুষের থাকার ব্যবস্থা হতে পারে। এর আগে ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যানেও (১৯৯৫-২০১৫) স্যাটেলাইট শহর তৈরির কথা বলা হয়েছিল। কিন্তু তা এখনো পরিকল্পনাই থেকে গেছে। এ বিষয়ে রাজউকের চেয়ারম্যান মো. নুরুল হুদা বলেন, ‘ঢাকার আশপাশে জায়গা খুঁজে পেতে কিছুটা সময় লাগছে। তবে আমরা চেষ্টা করছি। পূর্বাচল ও ঝিলমিল প্রকল্পে মধ্যবিত্তদের জন্য পরিকল্পিত আবাসনের কাজ হয়েছে।’তবে স্যাটেলাইট শহরের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন রয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) নগরায়ণ ও সুশাসন কমিটির সদস্যসচিব ইকবাল হাবিব বলেন, ‘স্যাটেলাইট শহর ঢাকার আবাসনসংকট কমানোর জন্য কোনো উপায় হতে পারে না। দরকার সত্যিকার অর্থে বিকেন্দ্রীকরণ।’গৃহায়ণ প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বেগুনবাড়িতে ভবন উপড়ে পড়ার ঘটনার সময় সাংবাদিকদের বলেন, ‘ঝুঁকিপূর্ণ ভবন ও অবৈধ দখল করে নির্মাণের বিষয়গুলো সরকার দেখছে। এ ব্যাপারে ধীরে ধীরে ব্যবস্থা নেওয়া হবে।’সতর্ক না হলে সমস্যা বাড়বেঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক নূর-উন-নবী বলেন, সমস্যা অব্যাহত থাকলে সামাজিক অস্থিরতা বাড়বে। বঞ্চিত হতে হতে মানুষ অপরাধপ্রবণ হয়ে উঠবে। এ সমস্যা শুরু হয়ে গেছে। আগামী এক দশকে এর প্রকট চেহারা দেখতে হবে। এ সমস্যা মোকাবিলায় বিকেন্দ্রীকরণ দরকার।