ঢাকা থেকে পাটুরিয়া যাওয়ার পথে একটি বাস বিপজ্জনক বাঁক পাড়ি দিয়ে বেপরোয়া গতিতে যাওয়ার সময় ডান দিকে চেপে গিয়ে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটির পেটের ভেতরে ঢুকে পড়ে। মুহূর্তেই সেখানে মৃত্যু হয় খ্যাতিমান চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ এবং এটিএন নিউজের প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক মিশুক মুনীরসহ পাঁচজনের। এটি গত শনিবার দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকার ঘটনা।একইভাবে সড়কটির আরও একটি মোড়ে বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষে গত বছরের জুলাইয়ে প্রাণ হারান মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব রাজিয়া বেগম এবং বাংলাদেশ কুটির শিল্প সংস্থার (বিসিক) চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান।মানিকগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়, ঢাকার সাভার ও আশুলিয়া থানা সূত্রে জানা গেছে, গত দেড় বছরে ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মারা গেছে অন্তত ১৮০ জন এবং আহত হয়েছে সহস্রাধিক। পুলিশ ও সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অধিকাংশ দুর্ঘটনার জন্য দায়ী বিপজ্জনক বাঁক, ত্রুটিপূর্ণ নকশা আর চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানো। বিপজ্জনক ২২ বাঁক: ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন থানা ও প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, এই মহাসড়কে পাটুরিয়া থেকে নবীনগর পর্যন্ত ৫৫ কিলোমিটার সড়কে দুর্ঘটনাপ্রবণ ২২টি বিপজ্জনক বাঁক রয়েছে। বাঁকগুলো হচ্ছে: নবগ্রাম, উথলী, ফলসাটিয়া, বরঙ্গাইল, মহাদেবপুর, পাচুরিয়া, পুখুরিয়া, জোকা, বানিয়াজুরী, তরা ক্রস ব্রিজ, মুলজান, উঁচুটিয়া, জায়গীর, গোলড়া, বাথুলি, সুতিপাড়া, ইসলামপুর ও নয়ারহাট মোড়। বিপজ্জনক এই বাঁকগুলোর মধ্যে উথলী, বরঙ্গাইল, পুখুরিয়া, তরা ক্রস ব্রিজ, উঁচুটিয়া, জায়গীর ও গোলড়া সবচেয়ে দুর্ঘটনাপ্রবণ।সরেজমিন: গতকাল জোকা এলাকায় গিয়ে দেখা যায়, দুর্ঘটনাস্থলের ৩০ গজ আগে বিপজ্জনক বাঁক। পাটুরিয়াগামী গাড়ি বিশেষ করে দূরপাল্লার বাসগুলোকে বেপরোয়া গতিতে ওই বাঁক পার হয়ে যাওয়ার সময় সড়ক বিভাজক চিহ্ন অতিক্রম করতে দেখা যায়। যানবাহনগুলো সরু সড়কে সড়ক বিভাজক চিহ্ন অতিক্রম করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা যানবাহনের খুব কাছাকাছি চলে আসছিল। জোকা গ্রামের বাসিন্দা এবং মানিকগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি ইকবাল আহম্মেদ বলেন, জোকার মোড় খুবই বিপজ্জনক। গত সপ্তাহেও গাড়ির চাপায় মারা গেছেন এক গরু ব্যবসায়ী।মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে আরিচার দিকে পাঁচ কিলোমিটার দূরে মুলজান মোড়। এই মোড়টিও অন্তত ৪০ ডিগ্রি বাঁকা। আর মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের সাত কিলোমিটার আগে গোলড়া মোড়ের অবস্থান। এই বাঁকটিও বেশ বাঁকা। যানবাহনের চালকেরা এক পাশ থেকে অন্য পাশ দেখতে পান না। স্থানীয় লোকজন জানান, এ দুটি স্থানে প্রায়ই দুর্ঘটনা ঘটে।বাঁক কমানো দরকার: সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী সজীব উদ্দিন খান প্রথম আলোকে বলেন, মহাসড়কের সবচেয়ে বিপজ্জনক মোড় পাটুরিয়া থেকে সাত কিলোমিটার দূরে আরিচা-উথলী, পাটুরিয়া-উথলী এবং গাবতলী-উথলী সড়কের সংযোগস্থল। উথলী মোড় নামে এই সংযোগস্থলে ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় ৯০ ডিগ্রি বাঁকা।সূত্রমতে, বিপজ্জনক এই বাঁকেই গত বছরের ৩১ জুলাই সকালে জিপ ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুই সচিবের মর্মান্তিক মৃত্যুর পর উথলী মোড়ের উভয় পাশে দুটি গতিরোধক নির্মাণ করা ছাড়া আর কিছুই করা হয়নি।সজীব উদ্দিন খান বলেন, দুর্ঘটনা রোধে পাটুরিয়ার বিপজ্জনক বাঁক কমিয়ে আনার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আনুষ্ঠানিকতা শেষ হলে কাজ শুরু করা হবে।মানিকগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল হোসেন বলেন, দুর্ঘটনার হার কমিয়ে আনতে সড়ক প্রশস্ত করে বিপজ্জনক বাঁকগুলো কমিয়ে আনা একান্ত প্রয়োজন। মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়া বলেন, ত্রুটিপূর্ণ নকশা ও বিপজ্জনক মোড়ের কারণেই ঢাকা-আরিচা মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হয়ে প্রাণহানির ঘটনা ঘটছে। এ ছাড়া অদক্ষ চালক ও ত্রুটিযুক্ত যানবাহনও দুর্ঘটনার জন্য দায়ী।মোহাম্মদ আলী বলেন, সড়কটি আরও প্রশস্ত করে মাঝামাঝি স্থানে সড়ক বিভাজক তৈরি করা হলে দুর্ঘটনা কমে যাবে। গাবতলী থেকে সাভারের নবীনগর পর্যন্ত সড়ক বিভাজক তৈরি করায় মহাসড়কের ওই অংশে দুর্ঘটনা কমে এসেছে।