বিপজ্জনক ২২ বাঁকের ১১টি প্রশস্ত করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-আরিচা মহাসড়কের বিপজ্জনক ২২টি বাঁকের মধ্যে ১১টির প্রশস্তকরণের কাজ এগিয়ে চলছে। পাকাকরণ ছাড়া বাকি কাজ প্রায় শেষ হওয়ার পথে। এতে ইতিমধ্যে এই মহাসড়কে দুর্ঘটনার হার কমেছে বলে সওজ সূত্রে জানা গেছে। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের হিসাব অনুযায়ী, গত বছর ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর থেকে পাটুরিয়া পর্যন্ত ৬০ কিলোমিটার এলাকায় ৭৫টি দুর্ঘটনায় ৩০ জন নিহত হয়। এর মধ্যে গত বছর ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকার বিপজ্জনক বাঁকে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মনীরসহ পাঁচজন। ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী একটি বাস বিপজ্জনক বাঁক পাড়ি দিয়ে বেপরোয়া গতিতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটির সঙ্গে সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে।মর্মান্তিক ওই দুর্ঘটনার পর ১৫ আগস্ট প্রথম আলোর প্রথম পাতায় ‘বিপজ্জনক ২২ বাঁক’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে নবীনগর থেকে পাটুরিয়া পর্যন্ত মহাসড়কের জয়পুরা, নবীনগর, নবগ্রাম, উথলী, ফলসাটিয়া, বরঙ্গাইল, মহাদেবপুর, পাচুরিয়া, পুখুরিয়া, জোকা, বানিয়াজুরী, তরা ক্রস ব্রিজ, মুলজান, উঁচুটিয়া, পুলিশ লাইন, জায়গীর, গোলড়া, বাথুলী, সুতিপাড়া, ধামরাই (ইসলামপুর), নয়ারহাট ও বেলতলা বাঁককে বিপজ্জনক হিসেবে উল্লেখ করা হয়। এরপর টনক নড়ে সরকারের। যোগাযোগমন্ত্রী সরেজমিনে গিয়ে বাঁকগুলো প্রশস্ত করার নির্দেশ দেন।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক জরিপেও ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিপজ্জনক বাঁক ও ত্রুটিপূর্ণ সড়ক নির্মাণকেই দায়ী করা হয়েছে। মানিকগঞ্জ সওজ সূত্র জানায়, যোগাযোগমন্ত্রীর নির্দেশের পর গত এক বছরে মহাসড়কের ধামরাই, সুতিপাড়া, গোলড়া, পুলিশ লাইন, জায়গীর, মুলজান, বানিয়াজুরী, জোকা, পাচুরিয়া, ফলসাটিয়া ও নবগ্রাম বাঁককে সবচেয়ে দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করে তা প্রশস্ত করার উদ্যোগ নেয় সওজ। ইতিমধ্যে এসব বাঁকের ২৫০ থেকে ৪০০ মিটার এলাকা ২২ ফুট করে প্রশস্ত করা হয়েছে। এতে বাঁকগুলো গড়ে ৪৪ ফুট পর্যন্ত প্রশস্ত হয়েছে। গতকাল সরেজমিনে দেখা গেছে, বালু ও ইটের খোয়া ফেলে বাঁকগুলোতে চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। গোলড়া, জায়গীর, বানিয়াজুরী ও জোকা বাঁক এলাকায় সড়ক বিভাজকও স্থাপন করা হয়েছে।মানিকগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান গতকাল প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে ১১টি বাঁক প্রশস্তকরণের কাজ ৭০ থেকে ৯৫ ভাগ পর্যন্ত হয়েছে। বর্ষা মৌসুমের কারণে পাকাকরণের কাজ বন্ধ রাখা হয়েছে। সওজ কর্মকর্তা আরও বলেন, বিপজ্জনক বাঁকগুলো প্রশস্ত করার পর থেকেই সুফল পাওয়া গেছে। গত সাত মাসে এই সড়কে দুর্ঘটনা ঘটেছে মাত্র ১২টি। মারা গেছেন চারজন। বাকি বাঁকগুলো প্রশস্ত করা হলে দুর্ঘটনার হার শূন্যের কোঠায় নেমে আসবে বলে তিনি মনে করেন।