বিপণনে নেই গতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিএসসির বিপণনকেন্দ্রে গিয়ে মনটাই খারাপ হয়ে গেল বাংলা বিভাগের শিক্ষার্থী ইভার। অতি প্রয়োজনীয় একটি পাঠ্যবই হন্যে হয়ে কয়েক দিন ধরে তিনি খুঁজে বেড়াচ্ছেন। শেষ পর্যন্ত তা পাওয়া গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপণনকেন্দ্রে। কিন্তু বইটির অধিকাংশ পাতাই ছেঁড়া। এমনকি খুলে গেছে বইয়ের বাঁধাই পর্যন্ত। মূলত সংরক্ষণের অভাবেই এই দশা বিপণনকেন্দ্রের বইগুলোর।বাংলা বিভাগের আরেক শিক্ষার্থী সোহেল জানান, প্রয়োজনীয় বইয়ের নতুন সংস্করণ পাওয়া যায় না। এই বিপণনকেন্দ্রকে বরং খাতা বিক্রির দোকান বলাই সংগত মনে করেন তিনি। আর কিছু দিন ধরে খাতার দাম বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের কেউ কেউ অসন্তোষ প্রকাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা সংস্থা পরিচালিত বিপণনকেন্দ্র নিয়ে শিক্ষার্থীদের এসব অভিজ্ঞতাই বলে দেয় কীভাবে চলছে প্রতিষ্ঠানটি।শিক্ষার্থীদের হাতে কম দামে শিক্ষাসামগ্রী তুলে দেওয়ার উদ্দেশ্যে ১৯৮০ সালে শিক্ষক সমিতির পরিচালনায় ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থ সংস্থার সূচনা হয়। ১৯৯৩ সালে এটির নাম পাল্টে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থা। কর্তৃপক্ষ জানায়, প্রকাশনা সংস্থাটি মোট তিনটি ধাপে কাজ করে থাকে। প্রথমে পাণ্ডুলিপি নির্বাচন, তারপর মুদ্রণ ও সবশেষে বিপণন।পাণ্ডুলিপি শাখার সচিব বিশ্বজিৎ ঘোষ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জমা করা পাণ্ডুলিপিগুলো এই শাখার নির্বাচকদের দ্বারা নির্বাচন করা হয়। এরপর চলে মুদ্রণের কাজ। আধুনিককালে মুদ্রণের বা মুদ্রণপ্রযুক্তির উৎকর্ষ সাধিত হয়েছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় মুদ্রণের ক্ষেত্রে এখনো পিছিয়ে আছে। এখানকার আদিকালের মুদ্রণযন্ত্র বই ছাপানোর জন্য উপযুক্ত নয়। তাই প্রকাশনা সংস্থার বই মুদ্রণের জন্য ছুটতে হয় বাইরের কোনো ছাপাখানায়।প্রকাশনা সংস্থার মুদ্রণ শাখার সচিব মো. ইলিয়াস হোসেন বলেন, ‘নয়টি বেসরকারি ছাপাখানাকে দরপত্র বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা কাজ দিয়ে থাকি। আর দরপত্র বিজ্ঞপ্তিতে শুধু বই নয়, সঙ্গে থাকে সাময়িকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পত্রিকা, ক্যালেন্ডার ও বিশ্ববিদ্যালয়ের ডায়রি।’শুরুর দিকে বিপণনকেন্দ্রটি ডাকসু ক্যাফেটেরিয়ায় থাকলেও বর্তমানে টিএসসির নিচতলায় ছোট একটি কক্ষে চলছে এর কাজ। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার এবং বৃহস্পতিবার অর্ধবেলা ছাড়া প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত খোলা থাকে বিপণনকেন্দ্রটি। তবে শিক্ষার্থীরা কেন্দ্র খোলা থাকার সময় বাড়ানোর দাবি জানান।বিপণিকেন্দ্র ঘুরে দেখা যায়, অপরিসর একটি কক্ষে কোনো রকমে গাদাগাদি করে রাখা হয়েছে মূল্যবান বইগুলো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুর রাসেল বলেন, বাংলা সাহিত্যের ইতিহাস বইটি কিনতে গিয়ে তিনি খুঁজে পাননি। পরে স্যাঁতসেঁতে মেঝেতে স্তূপ করা দরকারি বইটি পাওয়া যায়। মূলত বইয়ের তাকে স্থান সংকুলান না হওয়ায় বইগুলো মেঝেতে রাখা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা বলেন, বই কিনতে অনেক সময় ধরে অপেক্ষা করতে হয়। এ ছাড়া নেই যথাযথ ক্যাটালগিং পদ্ধতি। এতে একটা বই খুঁজতে অনেক সময় লেগে যায়।বিপণনকেন্দ্রের সচিব শংকর ভট্টাচার্য বলেন, তাপের অনুকূল পদ্ধতিতে বই রাখতে পারলে বইগুলো সংরক্ষণ করা যেত। কেননা প্রকাশনা সংস্থার কাছে আছে কিছু দুর্লভ বই, যা সংরক্ষণ না করলে হারিয়ে যাবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা সংস্থার পরিচালক আহম্মদ কবির বলেন, এই প্রকাশনা সংস্থা নিয়মিত শিক্ষকদের বিভিন্ন বই ও থিসিস প্রকাশ করে, একই সঙ্গে করে থাকে অনুবাদের কাজ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এখন অনেক বেড়েছে, বেড়েছে প্রয়োজনও। কিন্তু সেই সঙ্গে তাল মিলিয়ে বাড়েনি আর্থিক বরাদ্দ। প্রকাশনা সংস্থার জন্য আলাদা ভবন থাকলে অনেক সমস্যা সমাধান করা যেত। পুরোনো জীর্ণ ছাপাখানার জায়গায় বহুতলবিশিষ্ট ভবন নির্মাণের প্রস্তাব করা হয়েছে; যেখানে ছাপা, বিপণন ও সংরক্ষণের ব্যবস্থা করা হবে। তবে সবকিছুই সিন্ডিকেটের সিদ্ধান্ত ও আর্থিক বরাদ্দের ওপর ঝুলে আছে।