ঈদের দিন বিছানায় একটি নকশিকাঁথা না থাকলে চলবে না। রাতের পার্টিতে একটি জামদানি শাড়ি পরলে মন্দ হবে না। মার্কেট বা শপিংমলে এ ধরনের জিনিসের দাম একটু বেশিই। তাই ক্রেতারা ঈদমেলা ও প্রদর্শনীতে ঢুঁ মারছেন।বাংলাদেশ উইভার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন নগরের ফার্মগেটের খামারবাড়িতে আয়োজন করেছে জামদানি মেলা, চলবে চাঁদ রাত পর্যন্ত।গতকাল শুক্রবার এ মেলায় আসা মণিপুরিপাড়ার বাসিন্দা ব্যবসায়ী গাজী আবুল কাশেম বলেন, ‘মার্কেটে গেলে দোকানিদের ডাকাডাকি, লোকজনের ঠ্যালাঠেলিতে অস্থির হতে হয়। মেলায় এ যন্ত্রণা নেই। বিক্রেতাদের সঙ্গে সময় নিয়ে কথা বলা যায়। এ ছাড়া বেছে বেছে দামাদামি করে ভালো জিনিস কেনা যায়।’এ মেলায় রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, রূপসী, কাজীপাড়া, টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকা থেকে বিক্রেতারা তাঁদের সবচেয়ে ভালো শাড়িগুলো এনেছেন। মেসার্স রনি জামদানি উইভিং ফ্যাক্টরির বিক্রেতা ইউনুস আলী পাতা রঙের শাড়িতে জলপাই রঙের সুতা দিয়ে কাজ করা একটি শাড়ি দেখিয়ে বললেন, মেলায় এর দাম ১৫ হাজার টাকা। কিন্তু নগরের বড় বড় দোকানে এটি ১৮ থেকে ২০ হাজার টাকায় বিক্রি হবে।একা জামদানি উইভিং ফ্যাক্টরির বিক্রেতা সুমন জানালেন, গতকাল ইফতারের আগ পর্যন্ত ১১টি জামদানি শাড়ি বিক্রি হয়েছে। তবে মেলার বেশির ভাগ বিক্রেতার মুখে হাসি নেই। তাঁদের মতে, ঈদ মেলা এখনো জমেনি। ক্রেতারা বেতন-ভাতা হাতে পেলে মেলার চেহারা পাল্টে যাবে—এমন আশার কথা জানালেন কয়েকজন।তবে ছুটির দিন হওয়ায় গতকাল রাজধানীর মার্কেটগুলোতে ছিল প্রচণ্ড ভিড়। ক্রেতাদের ব্যাপক উপস্থিতির কারণে রাজধানীর মার্কেটসংলগ্ন সড়কগুলোতে যানজট লেগে যায়। তবে মেলার চিত্র ছিল অনেকটা ফাঁকা।দৃক গ্যালারিতে ঈদ উপলক্ষে দুটি পৃথক প্রদর্শনী চলছে। গ্যালারির দোতলায় আইকনিক নামের প্রতিষ্ঠানটির প্রদর্শনী চলবে ৩১ আগস্ট পর্যন্ত। এ প্রতিষ্ঠানের কর্ণধার ডিজাইনার ফাহমিদা হক বলেন, ‘বাজারে পোশাক কিনতে গেলে ক্রেতা হিসেবে নিজে যে জিনিসগুলোর খোঁজ করি, ঠিক সেগুলোই আমার তৈরি পোশাকে দেওয়ার চেষ্টা করি।’ প্রদর্শনীতে ময়ূরকণ্ঠী ও অফহোয়াইট জুট কাতান শাড়িতে এমব্রয়ডারির কাজ, ব্লাউজের পুরো পিঠে লতাপাতা ও ফুল, লাল টুকটুকে জামদানির আঁচলে কাটওয়াকের কাজ, নেট শাড়িতে কাতান, কাটওয়াক ও এমব্রয়ডারির কাজ, মসলিনসহ বিভিন্ন কাপড়ের সালোয়ার-কামিজের ডিজাইনগুলো ক্রেতারা ঘুরে ঘুরে দেখছিলেন।এ গ্যালারির তৃতীয় তলায় ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন ডিজাইনের ৩২ তরুণ ডিজাইনারের তৈরি পোশাকের প্রদর্শনীটি আজ শনিবার রাত পর্যন্ত চলবে। ডিজাইনার শাহমিনা আক্তার বলেন, মেয়ে বিশেষ করে তরুণীরা ঈদে শীত বা গরমকে তেমন পাত্তা দেয় না। তাদের কাছে ফ্যাশনটাই মুখ্য। তাই শিফন, মসলিন, ক্রেপ সিল্কের পোশাকের পাশাপাশি হালকা গোলাপি, সবুজ, ফিরোজা কাপড়ে বিভিন্ন মোটিফে পোশাকগুলো তৈরি করা হয়েছে। চাকরিজীবী লিমরাইনা বলেন, ‘মার্কেটের গতানুগতিকতার বাইরে ভিন্ন কিছু খুঁজছি বলেই প্রদর্শনীতে এসেছি।’মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থার ঈদমেলা চলবে ৩১ আগস্ট পর্যন্ত। সংস্থার প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় ৪৫ জন নারী উদ্যোক্তার উত্পাদিত পণ্যসামগ্রী প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে। অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন মোহাম্মদপুরের কানন প্রাঙ্গণে অটিস্টিক শিশুদের তৈরি ঈদকার্ড, রঙিন টব, ঘটিবাটি, কাঠ ও বাঁশের তৈরি কলমদানি, মোম, পটারি, কার্ডহোল্ডার, চাদর, শাড়ি, পাপেট, চুড়িসহ বিভিন্ন উপহারসামগ্রী নিয়ে মেলা আয়োজন করেছে। মেলা চলবে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত (ছুটির দিন ছাড়া)। সকাল ১০ থেকে বেলা তিনটা পর্যন্ত পণ্য কেনাবেচা হবে।নগরের কলাবাগান ক্রীড়া চক্র মাঠে চলছে ঈদমেলা। এখানে ২৫ রোজা থেকে শুরু হবে হস্ত ও বস্ত্রশিল্প মেলা। এ ছাড়া ঈদ উপলক্ষে নগরের বিভিন্ন এলাকায় চলা মেলা ও প্রদর্শনীগুলো ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে।