বিপণিবিতানের নতুন সময়সূচিতে এখনো অনভ্যস্ত নাগরিকেরা
বিপণিবিতানের নতুন সময়সূচিতে এখনো অভ্যস্ত হয়নি নগরবাসী। বিদ্যুৎ সাশ্রয় আর যানজট থেকে রেহাই পাওয়ার মোক্ষম উপায় হিসেবে সরকার জারি করেছে মার্কেট খোলা-বন্ধের নতুন নিয়ম। এ নিয়ম এক মাসের বেশি পুরোনো হলেও সাধারণ জনগণের স্মৃতিতে এখনো তা স্থায়ী জায়গা পায়নি। তাই অনেককেই দেখা যাচ্ছে, বিপণিবিতানের নতুন বন্ধের দিনে ফটকের সামনে এসে বিরক্তি নিয়ে ফেরত যেতে।নতুন সময়সূচির ঘোরঘাপটার প্রভাব পড়েছে সামাজিক যোগাযোগের ফেসবুকেও। ‘কেউ আমাকে জানাতে পারবেন বংশাল সাইকেল মার্কেট কাল খোলা থাকবে কি না?’ প্রশ্নটি দুই দিন আগেও শোভা পাচ্ছিল ঢাকা ক্যান্টনমেন্টের ফিরোজ আলমের ফেসবুক স্ট্যাটাসে। বেকায়দায় ফিরোজ দ্বারস্থ হয়েছেন ফেসবুকের বন্ধুদের কাছে। এর ভিন্নতাও রয়েছে। কেউ আবার সশরীরে হাজির হয়ে যায় বিপণিবিতানে। আর নতুন সময়সূচির কবলে পড়ে বিগড়ে যায় মেজাজ। এ রকম একজন চারুকলার শিক্ষার্থী তানজিল বলেন, ‘মঙ্গলবার খুব সকালে ক্যাম্পাস থেকে এসেছিলাম আজিজ কো-অপারেটিভ মার্কেটে। আর তখন মার্কেটের পাশে শোভা পাচ্ছিল দোকান বন্ধ থাকার ব্যানার।’তানজিলের মতো বিভ্রাটের শিকার মিরপুরের আফরোজা আকতার। নীলক্ষেতে নোট ফটোকপি করতে গিয়ে ফেঁসে যান তিনি। সোমবার দুপুরে ফটোকপি করতে দিয়ে এসেছেন। লোডশেডিং ছিল বলে ডেলিভারি নেওয়ার কথা পরদিন (মঙ্গলবার) সকালে। সক্কাল সক্কাল দোকানে গিয়ে চোখ ছানাবড়া। দোকানে ঝুলছে কাঁচা হাতে লেখা নতুন সময়সূচির বয়ান। আফরোজা জানান, সে সময়টায় পিচবোর্ডের ওই নোটিশটাকে মনে হচ্ছিল ‘ভিলেন’!‘সরকার লোডশেডিং আর যানজটকে বাগে আনতে করে দিয়েছে নতুন শিডিউল। আর আমরা পাবলিকরা বাগে পড়েছি লোডশেডিং, যানজট আর নতুন সময়সূচির।’—বলছিলেন নিউমার্কেটের ব্যাগের দোকানি আহমেদুল্লাহ বাকী। দুপুর ১২টায় দোকানের সামনে খালি গায়ে বসে ছিলেন তিনি। লোডশেডিংয়ের কারণে ভিজে নেয়ে একাকার। কথা বলতে চাইলে জানান, ‘সপ্তাহে দেড় দিন বন্ধ রাখতে হয় দোকান। আবার রাত আটটার পর দোকান বন্ধ করার তোড়জোড়। নতুন শিডিউলের পর বেচাবিক্রি কমেছে। বেচাবিক্রি মন্দ বলে লোডশেডিংয়ে জেনারেটর ব্যবহার করার কথা ভাবতেও পারেন না তিনি।বিসিএস কম্পিউটার সিটির আঙিনায় ছোট্ট কিশোর হাসান। বাবার হাত ধরে আনমনে দাঁড়িয়ে ছিল সে। বিরক্তি আর মন খারাপের চরমে বাপ-বেটা দুজনই। হাসানের রাগ তার বাবার ওপর। কেন তাকে বন্ধের দিনে কম্পিউটার কিনতে নিয়ে এল। আর বাবার মনে দুশ্চিন্তা, পকেটে এত্তগুলো টাকা কোনো দুর্ঘটনা ঘটবে না তো! আর বিপণিবিতানের ফটকে থাকা দারোয়ান জানাচ্ছিল, ‘দুপুর একটার পরে আহেন, আইজ হাপ বেলা।’ অর্ধবেলার কবলে পড়ে বেচারা হাসানের প্রাণ ওষ্ঠাগত।নতুন সময়সূচির আঁচ লাগেনি নিত্যপ্রয়োজনীয় আর ভোগ্যপণ্য ব্যবসায়ীদের। তাই অনেকটা নিশ্চিন্তে রয়েছেন মিটফোর্ডের ওষুধ ব্যবসায়ীরা। ওষুধের খুচরা ব্যবসায়ীরাও বেছে নিয়েছেন মোক্ষম অস্ত্র। ইসলামপুর-পাটুয়াটুলী-নয়াবাজার-বাবুবাজারের দোকানপাট বন্ধ থাকছে শনিবার। ফলে খুচরা ব্যবসায়ীরা যানজট এড়াতে মিটফোর্ডে আসার দিন হিসেবে বেছে নিয়েছেন শনিবারকে। এতে অবশ্য শনিবারও মিটফোর্ডের ওষুধ মার্কেট আর আশপাশে যানজট থাকছে।