বিপদে ‘গুনিন’ ওয়ার্ন
বাংলাদেশ না ওয়েস্ট ইন্ডিজ, কে জিতবে আজ? আবেগে যদি বাংলাদেশ জিতবে বলে ফেলেন এবং আপনার সেই অনুমান হয়ে যায় ঠিক, তাহলে কিন্তু বিপদেই পড়তে পারেন। আবেগ হয়ে যেতে পারে কাল! ‘জুয়াড়ি’, এই বলে সন্দেহের রাঙা চোখ তেড়ে আসতে পারে আপনার দিকে।শেন ওয়ার্ন পড়ে গেছেন এ রকম বিপদেই। ভারত-ইংল্যান্ড ম্যাচ টাই হবে—সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এ অনুমানই করেছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার। ওয়ার্নের এই অনুমান নিয়ে অনেক হাস্যরসও হয়েছে। ফুটবল বিশ্বকাপে ঠিক ঠিক অনুমান করে গুনিন বনে গিয়েছিল অক্টোপাস পল। কেউ কেউ তো সেই ঘটনার সঙ্গে মিলিয়ে ওয়ানর্কে ‘ওয়ার্ন-পল’ও বলতে শুরু করে দিয়েছেন। ললিত মোদি টুইটারে লিখেছিলেন, ‘অক্টোপাস পলেরই আরেক সংস্করণ অস্ট্রেলিয়ার লেগ স্পিনার।’অনেকে আবার বিষয়টিকে সহজভাবে নিতে পারেননি। এত সঠিক অনুমান একজন করে কী করে! নিশ্চয়ই একটা কিছু আছে এর মধ্যে—অনেকেই প্রশ্ন তুলেছেন কিংবদন্তি ওয়ার্নের অনুমান নিয়ে। পাকিস্তানের ক্রিকেটকর্তা ও সাবেক ক্রিকেটাররা বলেছেন, বিষয়টি যেন খতিয়ে দেখেন আইসিসি কর্তারা। মানে ওয়ার্নের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার সন্দেহের তীর ছুড়ে দিয়েছেন তাঁরা। সাবেক পাকিস্তানি ক্রিকেটার সরফরাজ নওয়াজ বলেছেন, ‘ম্যাচটি কে হারবে বা জিতবে, সেটা না বলে যখন কেউ টাইয়ের ভবিষ্যদ্বাণী করে, তখন বুঝতে হবে কিছু একটা ব্যাপার আছে। আইসিসির এটা নিয়ে তদন্ত করতেই হবে।’ ওয়ার্নের অতীত জীবন সরফরাজকে আরও বেশি সন্দেহপ্রবণ করে তুলেছে, ‘ওয়ার্নের মতো বিতর্কিত চরিত্র এ ধরনের মন্তব্য করলে সেটা খতিয়ে দেখাই উচিত। ডোপ বিতর্কে তাঁর নাম ছিল, খেলোয়াড়ি জীবনে পিচ-সংক্রান্ত তথ্য ফাঁস করার রেকর্ডও আছে ওর।’ম্যাচ পাতানো, স্পট-ফিক্সিং—এসব বিতর্কে পাকিস্তানের ক্রিকেট অনেকটাই কোণঠাসা। এ বিষয়গুলো শুধু যে পাকিস্তানেই হয় না, এটা প্রমাণ করতেই মনে হয় পাকিস্তানিরা এখন উঠেপড়ে লেগেছেন। পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার আমির সোহেল বলেছেন, ‘খুব ছোটখাটো কারণেও পাকিস্তানের ক্রিকেটারদের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ ওঠে। আর ওয়ার্নের এ রকম একটা সন্দেহজনক অনুমান নিয়ে কোনো মাথাব্যথা নেই আইসিসির? আমার কাছে এটা আইসিসির দ্বিমুখী নীতিই মনে হচ্ছে।’শেষ পর্যন্ত আইসিসি ওয়ার্নের বিষয়টি নিয়ে তদন্ত করে কি না, পরেই জানা যাবে। তবে যেকোনো ম্যাচের ফল নিয়ে সাবধান থাকাই ভালো। কে জানে কখন কোন অনুমানটা ঠিক হয়ে যায়, আর অভিযোগ ওঠে ম্যাচ পাতানোর! ওয়েবসাইট।