বিপদের আশঙ্কা এখনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে স্থানীয় প্রশাসন বিভিন্ন উদ্যোগ নিলেও কোনো লাভ হয়নি। পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে এখনো বাস করছে অসংখ্য পরিবার। ২০০৭ সালের ১১ জুন প্রবল বৃষ্টির সময় ভয়াবহ পাহাড়ধসে নগরে ১২৭ জনের মৃত্যু হয়েছিল। চট্টগ্রামে সেই ভয়াবহ পাহাড়ধসের চার বছর পূর্তি আজ ১১ জুন শনিবার।২০০৭ সালের ১১ জুন শহরতলির সেনানিবাস এলাকার বিভিন্ন পাহাড়, নগরের টাইগার পাস ও বাটালি হিল, কুসুমবাগ এবং বায়েজিদ দাঙ্গা পুলিশ ব্যাটালিয়ন-সংলগ্ন এলাকায় পাহাড়ধসে ১২৭ জনের মৃত্যু হয়েছিল। সরেজমিনে গিয়ে দেখা গেছে, নগরের কুসুমবাগ এলাকাসংলগ্ন পুলিশ লাইন পাহাড়ের পাদদেশে এখনো মনির, ওমরের পরিবারসহ বাস করছে প্রায় ৩০টি পরিবার। অথচ এ এলাকায় ওই সময় নয়জনের মৃত্যু হয়েছিল।স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ঘটনার পরই পাহাড় সংরক্ষণ ও জানমাল রক্ষায় তদন্ত ও বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল সরকার। বিভিন্ন কমিটির পক্ষ থেকে ৩০ দফা স্বল্প ও দীর্ঘমেয়াদি সুপারিশ করা হয়েছিল। সুপারিশের মধ্যে ছিল পাহাড়ি এলাকার বস্তি পর্যায়ক্রমে উচ্ছেদ ও স্বল্প আয়ের লোকদের পুনর্বাসন করা, পাহাড়ি এলাকায় সবুজ বনায়ন কর্মসূচি বাস্তবায়ন, পাহাড়ের গা ঘেঁষে নতুন করে বস্তি গড়ে উঠতে না দেওয়া, সংশ্লিষ্ট পাহাড়ের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, যারা অবৈধভাবে পাহাড় কেটে আবাসন প্রকল্প গড়ে তুলেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া, পাহাড়ি এলাকার পাদদেশে ১০০ মিটার প্রশস্ত বনাঞ্চলের ‘বাফার এলাকা’ গড়ে তোলা, পাহাড়ি এলাকায় সব ধরনের বৃক্ষ নিধন বন্ধ করা ইত্যাদি।সূত্র জানায়, হাটহাজারীর জানালিহাটের একটি সরকারি জমিতে গরিব মানুষকে পুনর্বাসনের উদ্যোগও নেওয়া হয়েছিল। কিন্তু পরে ওই উদ্যোগ আর আলোর মুখ দেখেনি। এ কারণে চার বছর পেরিয়ে গেলেও সুপারিশ বাস্তবায়ন হয়নি।পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. সিরাজুল হক খান প্রথম আলোকে বলেন, ‘নানা সমস্যার কারণে অনেক সুপারিশ বাস্তবায়ন করা যায়নি। এ দেশের মানুষ গরিব। তাদের পাহাড়ের পাদদেশ থেকে উচ্ছেদ করা হলে পর মুহূর্তে তারা আবার এসে ঘর বাঁধে। হাটহাজারীতে পুনর্বাসন করলে কি তাঁরা সেখানে থাকবে? সেখানে তো গরিব মানুষের আয়ের উৎস নেই। তবে দুর্ঘটনা এড়াতে আমরা বিকল্প হিসেবে প্রতিবছর বর্ষাকালে মাইকিং করে এবং পুলিশ দিয়ে স্বল্প আয়ের মানুষকে পাহাড়ের পাশ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করি।’জানা গেছে, ২০০৭ সালের ঘটনার পর একাধিক কমিটি হয়েছে। কমিটি নতুন নতুন সুপারিশ দিয়েছে। সর্বশেষ ২০০৯ সালে পরিবেশ অধিদপ্তর পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বাস করছে এমন ৩০টি ও পাহাড়ধস প্রকৌশলগত প্রতিরোধ কমিটি ১২টি ঝুঁকিপূর্ণ পাহাড় চিহ্নিত করে কিছু সুপারিশ দিয়েছিল।পরিবেশ অধিদপ্তর দাবি করেছে, বিভিন্ন সময় গঠিত কমিটির সুপারিশের বেশির ভাগ বাস্তবায়ন না হলেও পাহাড় কাটা আগের চেয়ে অনেক কমেছে। অধিদপ্তর পাহাড় কাটার বিরুদ্ধে বেশ কিছু অভিযান চালিয়েছে। গত মাসেও খুলশীতে এ রকম দুটি অভিযান হয়েছে। অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘পাহাড় কাটার বিরুদ্ধে মামলা হলে নানা ফাঁকফোকর গলে আসামিরা বের হয়ে যায়। তাই আমরা এখন সরাসরি মোটা অঙ্কের জরিমানা করি এবং বিভিন্ন সরকারি সংস্থাকে গ্যাস, বিদ্যুৎ ও পানিসংযোগ না দেওয়ার সুপারিশ করি। এতে কাজ হচ্ছে।’