বিপন্ন খ্যাঁকশিয়াল
ঈশপের গল্পের সেই ‘আঙুর ফল টক’-এর নায়ক খ্যাঁকশিয়ালরা কিন্তু সুযোগ পেলে আঙুর ফল খায় বেশ মজা করেই। খ্যাঁকশিয়ালকে আঙুর খাওয়ানোর অভিজ্ঞতা আমার নিজেরই আছে। স্বাধীনতার পরে আমরা কয়েকজন বন্ধু মাঠ থেকে ওদের সুড়ঙ্গ-দুর্গ খুঁড়ে তিনটি সদ্য চোখ ফোটা ছানা বাড়িতে এনে খাঁচায় পুরে পোষার চেষ্টা করেছিলাম। তখন ভারতীয় বড় বড় আঙুরে বাগেরহাট-ফকিরহাট-খুলনার বাজার সয়লাব। আমরা সেই আঙুর এনে দিতাম ওদের। ছানা তিনটি মজাসে আঙুরগুলো খেত। তবে বেশি দিন তাদের রাখা গেল না। মাটি খুঁড়ে গর্ত তৈরিতে খ্যাঁকশিয়ালরা ওস্তাদ। এক রাতে ওদের মা-বাবা মাটি খুঁড়ে গর্ত করে খাঁচার ভেতর ঢুকে ছানাদের মুক্ত করে নিয়ে গিয়েছিল।সেই ১৯৭২ সালেও বৃহত্তর খুলনা জেলার প্রতিটি গ্রামেই দু-চার জোড়া খ্যাঁকশিয়াল ছিল। প্রায় প্রতিটি দিন ও রাতে ওদের সঙ্গে দেখা হতো আমার। ঘর থেকেও শুনতাম ওদের ‘ফেউ ফেউ’ ডাক। মুরব্বিরা বলতেন, ‘ফেউশিয়াল’, ‘বড় কেন্দুবাঘ’ (রয়েল বেঙ্গল) দেখে ডাকছে। আসলে ওরা ডাকত ক্ষুধায় বা প্রচণ্ড শীতে কাতর হয়ে। আবার মেছোবাঘ দেখে ভয় পেয়েও ডাকত। কারণ, মেছোবাঘ সুযোগ পেলেই খ্যাঁকশিয়াল মেরে খেত।খ্যাঁকশিয়াল অতিসুন্দর ও কৌতুকময় চরিত্রের এক প্রাণী। যেমন দৌড়ে তুখোড়, তেমনি বুদ্ধিমান। খোলা মাঠে দৌড়ে ওদের পাকড়াও করার ক্ষমতা রাখে না আমাদের দেশি বাঘা বাঘা কুকুরও। আমার দীর্ঘ পর্যবেক্ষণে দেখেছি, পাতিশিয়ালের চেয়ে এরা দ্রুতগামী, কুশলী শিকারি, আত্মরক্ষার কৌশলেও অগ্রগামী, তবে পাতিশিয়াল এদের চেয়ে ধূর্ত। খ্যাঁকশিয়াল পাতিশিয়ালের চেয়ে আকারে ছোট। এদের বাসস্থানও দুর্ভেদ্য-দুর্গম, পাতিশেয়ালের বাসস্থানের চেয়ে সুরক্ষিত। তবুও মাত্র ৩৯ বছরে খ্যাঁকশিয়াল বৃহত্তর খুলনা থেকে আশঙ্কাজনক হারে কমে গেছে। এটা বেশ বিস্ময়কর! অবশ্য শুধু খুলনাতেই নয়, যথাসাধ্য খোঁজখবর নিয়ে দেখেছি, সারা দেশ থেকেই খ্যাঁকশিয়াল আশঙ্কাজনকভাবে কমেছে। পাতিশিয়ালের তুলনায় খ্যাঁকশিয়ালের বিলুপ্তির পরিমাণ অনেক বেশি। এরা এখন অতি বিপন্ন প্রাণী।আমার ধারণা, খ্যাঁকশিয়াল কমছে তার একটা কারণ এদের আবাসনসংকট। এরা মূলত খোলা মাঠ তথা খোলা মাঠের পাশের ঝোপঝাড়ের ও বাগানের কিনারের প্রাণী। কবরস্থানে পুরোনো কবর, পরিত্যক্ত ভিটে, ইটের পাঁজা এদের অতি প্রিয় আবাসস্থল। ঘন বন পছন্দ নয়। লক্ষ করে দেখেছি, এদের আচার-আচরণে একই সঙ্গে খানিকটা বেপরোয়া ও বোকা বোকা ভাব আছে। বিড়ালের কাঁপুনি রোগের (টলমল পায়ে হাঁটে, পড়ে যায়, আবারও ওঠে) মতো এদেরও মাঝেমধ্যে কাঁপুনি রোগ হয় এবং সম্ভবত এরা কানে কিছুটা কম শোনে। এসব সত্ত্বেও পাতিশিয়ালের চেয়ে সুবিধাজনক অবস্থায় থাকার পরও খ্যাঁকশিয়ালের সংখ্যা কমে যাওয়াটা আমার কাছে বিস্ময়কর লাগে।চোখা নাক, কাশফুলের মতো লেজ, ফণীমনসার পাতার মতো লম্বা দুটি কান ও মায়াবি দুটো চোখ মিলে খ্যাঁকশিয়াল এক সুদর্শন প্রাণী। পুরো শরীর ধূসর ছাই বা ছাইরঙা। লেজের আগা কালো। সামনের পা দুখানা লালচে-বাদামি-ছাই রঙের। চোখ ও নাকের ওপরটাও কালো। বহুবার খ্যাঁকশিয়ালের ছানার মাপজোক করার সুযোগ হয়েছে আমার। চোখ না ফোটা পিচ্চিরা হয় লেজসুদ্ধ ১৭ থেকে ১৯ সেন্টিমিটার। বড়দের শুধু শরীর ৫৮ থেকে ৬১ সেমি, লেজ ৩০-৩৪ সেমি, দাঁড়ানো অবস্থায় কাঁধের উচ্চতা প্রায় ২৮ সেমি। ওজন প্রায় চার কেজি। শীতের শেষেই মাটি খঁড়ে বহুমুখী দুর্গম সুড়ঙ্গ-দুর্গ তৈরি করে। তাতে থাকে আট-দশটি মুখ। সব সুড়ঙ্গমুখ মাটির বেশ গভীরে এসে মেশে মূল দুর্গে। ওখানেই ছানা দেয় তিন-চারটি। ছানাদের চোখ ফোটে সাত-আট দিনে। বয়স ১০-১২ দিন হলে ছানারা সুড়ঙ্গ দিয়ে ওপরে উঠে আসে। নিজেরা মেতে ওঠে খেলায়। অনেক সময় মা-বাবার সঙ্গেও খেলে লুকোচুরি খেলা। এই এক সুড়ঙ্গ দিয়ে ভেতরে ঢোকে, আবার অন্য সুড়ঙ্গ দিয়ে বের করে মাথা। দারুণ মজার খেলা। আর ছানারাও দেখতে যা সুন্দর না! মার্বেলের মতো চকচকে চোখ। দুষ্টু-মিষ্টি চাহনি। এরা বাচ্চা দেয় শীতের শুরু থেকে বর্ষার আগপর্যন্ত। বর্ষায় খুব কাবু হয়ে যায় এরা।খ্যাঁকশিয়ালের খাদ্যতালিকায় আছে পোকামাকড়, ফল, পাখি, পাকা তাল, খেজুর, ইঁদুর, কাঁকড়া, ব্যাঙ ইত্যাদি। এদের ইংরেজি নাম ‘বেঙ্গল ফক্স’। বৈজ্ঞানিক নাম Vulpes bemga-lensis. কিন্তু সেই বেঙ্গল ফক্স বাংলাদেশেই এখন বড় দুর্লভ।