বিপন্ন দেশগুলোকে এক সুরে কথা বলতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর উদ্যোগ নিতে বিশ্বের নেতরা ব্যর্থ হয়েছেন। কিন্তু তাই বলে জলবায়ু পরিবর্তনের কারণে বিপন্ন দেশগুলোর ক্ষতি থেমে নেই। তাই দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠেয় জাতিসংঘ জলবায়ু সম্মেলনে জলবায়ু বিপন্ন দেশগুলোকে নেতৃত্ব দিতে হবে।আজ রোববার রাজধানীর একটি হোটেলে জলবায়ু বিপন্ন দেশগুলোর সংগঠন ক্লাইমেট ভালনারেবল ফোরামের কারিগরি অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এই আহ্বান জানিয়েছেন। ঢাকায় অনুষ্ঠিত ফোরামের এই সভায় কাল মন্ত্রী পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন এই সভার উদ্বোধন করবেন।কারিগরি অধিবেশনের মুক্ত আলোচনা পর্বে বিভিন্ন দেশ থেকে আসা বিশেষজ্ঞরা অভিযোগ করেন, শিল্পোন্নত রাষ্ট্রগুলো কার্বন নিঃসরণ বন্ধ করা ও জলবায়ু তহবিলে অর্থ দেওয়ার ব্যাপারে তাদের দেওয়া অঙ্গীকার পালন করছে না। অন্যদিকে উপকূলীয় ও দ্বীপ রাষ্ট্রগুলো জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে নিজেদের অস্তিত্বের প্রশ্নে বিপন্ন দেশগুলোকে ডারবান সম্মেলনে একসুরে কথা বলতে হবে।সম্মেলনে কাল ঢাকা ঘোষণা পাঠ করা হবে। ওই ঘোষণায় জাতিসংঘ জলবায়ু তহবিল দ্রুত ছাড় করার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হবে। আজকের সভায় পররাষ্ট্রসচিব মিজারুল কায়েসের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক নেইল ওয়াকার, পরিবেশ ও বনসচিব মেজবাহ-উল-আলম। সভায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও অংশ নেন।নেইল ওয়াকার বলেন, বাংলাদেশ জলবায়ু সমস্যা মোকাবিলায় এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে পরিবহনে সিএনজির ব্যবহার ও উপকূলীয় এলাকায় পরিকল্পিত বনায়ন বেশ সফলতা পেয়েছে। তিনি বলেন, হিমালয়ের বরফ গলে যেন ভাটির দেশগুলো ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য ভুটান কাজ করে যাচ্ছে। জাতিসংঘ এ ক্ষেত্রে সহায়তা করছে।পরিবেশ ও বনসচিব মেজবাহ-উল-আলম বলেন, ‘ডিসেম্বরে ডারবানের জলবায়ু নিয়ে যে সম্মেলন হতে যাচ্ছে, সেটি হবে বিপন্ন দেশগুলোর জন্য অস্তিত্ব রক্ষার সম্মেলন। এখানে ব্যর্থতার কোনো সুযোগ নেই। ওই সম্মেলনের মাধ্যমে দেশগুলোর একটি ইতিবাচক সমঝোতায় পৌঁছানোর বিকল্প নেই। বিপন্ন দেশগুলোকে সেখানে একই সুরে কথা বলতে হবে।’সভাপতির বক্তব্যে মিজারুল কায়েস বলেন, বাংলাদেশ এই সম্মেলনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। তিনি বলেন, জাতিসংঘের জলবায়ু তহবিলের অর্থ ছাড় করার প্রক্রিয়া খুবই ধীরগতিতে এগোচ্ছে। ঢাকা সভার মধ্য দিয়ে এই তহবিল দ্রুত ছাড় করার দাবি তুলতে হবে।মুক্ত আলোচনা পর্বের সঞ্চালকের বক্তব্যে বাংলাদেশ পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জামান আহমদ বলেন, বিপন্ন দেশগুলোর পক্ষ থেকে জাতিসংঘ জলবায়ু তহবিলে স্বচ্ছতা ও জবাবদিহির দাবি তুলতে হবে।জলবায়ু পরিবর্তনে বিপন্ন দেশগুলোর নেতৃত্বে ২০০৯ সালে গঠন করা হয় ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ)। মালদ্বীপের রাজধানী মালেতে সর্বপ্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। এবার তৃতীয় সম্মেলন হচ্ছে। বাংলাদেশ এ বছর সিভিএফের সভাপতির দায়িত্ব পালন করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয় যৌথভাবে সম্মেলনের আয়োজন করেছে।