বিপন্ন লাল ঘুঘু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে আমার প্রাণিবিজ্ঞান অনুষদের কাছে একটা কলাবাগান আছে। ওখান দিয়ে যাওয়ার সময় বেশ কবার বাগানের ভেতরে পাখিটিকে ঢুকতে দেখেছি। গত বছরের নভেম্বরে পাখি দেখার সঙ্গী কামালকে নিয়ে প্রথম বাগানে ঢুকি। একটি বাসা ছিল কলার কাঁদির ওপর; নতুন বাসা। অন্যটি কাঁদির মাঝামাঝি ও পরিত্যক্ত। পাখি পেলাম না।দুই দিন বাদে আবার ঢুকলাম। এবার লক্ষ্য, কলার কাঁদির ওপরের বাসাটি। লুকিয়ে লুকিয়ে সাবধানে যাচ্ছি। অবস্থানটি জুতসই হলো না। আরও একটু সামনের দিকে এগোনোর চেষ্টা করতেই পাখিটি উড়াল দিল। এরপর প্রতিদিনই লুকিয়ে লুকিয়ে বাগানে ঢুকতাম। বাসা থাকলেও পাখি নেই। তবে কি বিরক্ত হয়ে বাসা ছেড়ে চলে গেল? এমনটা হলে খুব কষ্ট পাব। কয়েক দিন পর আবারও গেলাম। খুবই সাবধানে। হ্যাঁ, পাখিটি আছে। সন্তর্পণে তিনটি ছবি তুললাম। নভেম্বরের শেষ নাগাদ গিয়ে দেখলাম, বাসায় দুটি ডিম। এতক্ষণ যার কথা বললাম, সেটি হলো লাল ঘুঘু বা লাল রাজঘুঘু। অনেক এলাকায় জংলা ঘুঘু নামেও পরিচিত। ইংরেজি নাম Red turtle বা Red collared dove। বৈজ্ঞানিক নাম Streptopelia tranquebarica. লালঘুঘুর দুটি ডানা উপপ্রজাতির মধ্যে এ দেশে Columba tranquebarica humilis উপপ্রজাতিটিই দেখা যায়। গোলাপি-মেরুন ডানার পুরুষটি দেখতে অত্যন্ত সুন্দর। লাল ঘুঘু ছোট আকারের পাখি। লম্বায় ২৩ সেন্টিমিটার, যার মধ্যে লেজই নয় সেন্টিমিটার। স্ত্রী পাখিটি পুরুষটির চেয়ে কিছুটা ছোট। পুরুষটির মাথা নীলচে-ধূসর। পিঠ ও ডানার পালক গোলাপি-মেরুন। ডানার পেছনের অংশ কালচে। লেজের পালক ধূসর । লেজের নিচটা সাদা। বুক ও পেট হালকা গোলাপি। স্ত্রীটির রং পুরোপুরি আলাদা। দেহের ওপরের অংশ গাঢ় হলদে বাদামি ও নিচের অংশ হালকা হলদে-ধূসর। উভয়েরই গলার পেছনে একটি কালো চিকন কলার আছে। উভয়ের চোখ বাদামি, ঠোঁট কালো, পা বেগুনি-লাল বা বেগুনি-কালো। ঝোপ-জঙ্গল, খোলা মাঠ, গ্রাম বা আশপাশে বড় বড় গাছ আছে এমন কৃষিজমিতে এদের দেখা মেলে। এ দেশের প্রায় সর্বত্রই লাল ঘুঘুর বিচরণ। সাধারণত জোড়ায় বা ছোট দলে বিচরণ করে। কৃষিজমি, খামার, ঘাসপূর্ণ মাঠ, ঝোপ, বনের প্রান্ত বা গ্রামে হেঁটে হেঁটে খাবার সংগ্রহ করে এরা। ঘাস ও আগাছার বিচি, শস্যদানা, গাছের কুঁড়ি ও কচি পাতা খায়। ভোরবেলা ও গোধূলিতে বেশি তৎপর থাকে। তবে প্রয়োজনে দুপুরেও খাবার সংগ্রহ করে। এরা ‘ক্র-উ-উ-উ-উ’ বা ‘গুউ-গুউ-গুউ’ স্বরে ডাকে। একসময় প্রচুর সংখ্যায় দেখা গেলেও শিকারিদের কবলে পড়ে ও ঝোপ-জঙ্গল কমে যাওয়ায় বর্তমানে এদের সংখ্যাও কমে যাচ্ছে। বিপন্ন হয়ে পড়েছে এই সুন্দর পাখিটি। লাল ঘুঘু সারা বছর প্রজনন করতে পারে। সাধারণত গাছের পাতাওয়ালা শাখায় ঘাস ও কাঠিকুঠি দিয়ে বাসা বানায় এবং তাতে স্ত্রী পাখিটি দুটি সাদা রঙের ডিম পাড়ে। ডিম ফুটে বাচ্চা বেরোয় মাত্র ১২ দিনে। বাসা বানানো থেকে শুরু করে ডিমে তা দেওয়া ও বাচ্চাদের খাওয়ানো সবকিছুই স্ত্রী-পুরুষ একত্রে মিলেমিশে করে।