বিপর্যস্ত মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে আবার হরতাল। ধারাবাহিক হরতালে মানুষের কষ্ট বেড়েছে। গতকালও শহরে ছিল যানবাহন-সংকট। নেহাত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হয়নি অনেকে। যারা বেরিয়েছে তাদের মধ্যেও ছিল শঙ্কা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একজন সিএনজিচালক মো. গুলজার হোসেন প্রথম আলোর কাছে তাঁর অসহায়ত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘হরতালে সবচেয়ে বেশি পুড়ছে গাড়ি আর ড্রাইভার। ঘর থেকে বের হতে ভয় লাগে। কিন্তু কী করব? ঘরে মেয়েরা আছে। তাদের তো আর মেরে ফেলতে পারব না। তাদের জন্য হইলেও বাইরে আসতে হবে।’ ওই চালক বলেন, সাড়ে ৬০০ টাকা মালিককে জমা দিয়েও তাঁর হাতে শ পাঁচেক টাকা থাকে। গতকাল ভোর থেকে বেলা দুইটা পর্যন্ত জমা দেওয়ার টাকাই তিনি তুলতে পারেননি।আতঙ্ক ও যানবাহন-সংকটের কারণে শ্রমজীবী মানুষেরা কষ্টে পড়েছে। দোকানপাট খুলতে পারেনি ক্ষুদ্র ব্যবসায়ীরা। রাস্তার ধারে ছোট ছোট টংঘরে যারা চা বিক্রি করে, তারাও ক্ষতির শিকার হয়েছে। কারওয়ান বাজারের চা-বিক্রেতা মো. আল-ফারুক বলেন, দিনে আড়াই হাজার টাকা বিক্রি হলেও হরতালে বিক্রি হয় বড়জোর এক হাজার টাকা। একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা উপল বিশ্বাস বলেন, হরতালের দিনে সব কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে আসতে পারেননি। গ্রাহকের সংখ্যাও ছিল কম। গত বুধ ও বৃহস্পতিবার প্রচুর গ্রাহক এসেছিলেন, তাঁরা অন্যান্য সময়ের চেয়ে বেশি টাকা তুলেছেন আবার হরতাল হতে পারে এ আশঙ্কায়। হরতালে মানুষের বাড়তি টাকা গুনতে হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রী-সন্তান নিয়ে ভাইকে দেখতে এসেছিলেন মজিবুর রহমান। প্রথম আলো কে তিনি বলেন, ‘বাসে আসতে আমার সর্বোচ্চ দেড় শ টাকা লাগার কথা, সিএনজিতে আসতে তাঁর খরচ হইল ৫০০ টাকা। হরতাল হইলে কী লাভ?’রোগাক্রান্ত মানুষও হাসপাতালে আসতে পারেননি। ঢাকা মেডিকেল কলেজের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের আবাসিক সার্জন মুক্তি রানী সাহা প্রথম আলোকে বলেন, প্রতিদিন গড়ে আড়াই শ থেকে ৩০০ রোগী বহির্বিভাগে সেবা নিতে আসে। গতকাল এসেছিল ১০০ জনের মতো। রোগী ভর্তির হারও ছিল কম। অন্যান্য দিন ১৫ থেকে ২০ জন রোগী ভর্তি করা হলেও গতকাল বেলা দুইটা পর্যন্ত ভর্তি হয়েছিল পাঁচজন। হজরত শাহজালাল (র.) বিমানবন্দরের ফুটপাতে গতকালও বিদেশগামী বহু মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। আশুগঞ্জ থেকে দুবাইগামী শ্রমিক রুহুল আমিন সন্ধ্যা সাড়ে সাতটার প্লেন ধরতে ভোর থেকে ফুটপাতে বসেছিলেন। একসঙ্গে তাঁরা ১২ জন দুবাই যাচ্ছিলেন। সবার একই দশা। কলা, বিস্কুট আর পানি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা।