হারিকেন স্যান্ডির আঘাতে বিপর্যস্ত হাইতির লাখ লাখ দুর্গত মানুষের সাহায্যের জন্য এগিয়ে আসতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবেদন জানিয়েছে সরকার। গতকাল রোববার হাইতির প্রধানমন্ত্রী লরেন্ট ল্যামথের কার্যালয় থেকে এই সাহায্য চাওয়া হয়।গত ২৪ অক্টোবর হারিকেন স্যান্ডির আঘাতে হাইতির হাজার হাজার একর জমির ফসল নষ্ট হয়। বিবিসি বলেছে, এতে দেশটি ভয়াবহ খাদ্যসংকটের মুখে পড়েছে। দেশজুড়ে বন্যার কারণে কলেরার প্রকোপ খুব বেশি মাত্রায় বিস্তারিত হতে পারে বলে হুঁশিয়ার করেছেন বিভিন্ন সাহায্য সংস্থার কর্মীরা। ওই ঘূর্ণিঝড়ে সেখানে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৫০। ২০১০ সালে হাইতিতে ভয়াবহ ভূমিকম্পের পর এখনো হাজার হাজার মানুষ গৃহহীন। ২০১০ সালের পর হাইতিতে কলেরায় সাড়ে সাত হাজার মানুষ মারা গেছে। এখন সেখানে প্রতি সপ্তাহে শত শত মানুষ কলেরায় আক্রান্ত হচ্ছে।অন্যান্য লাতিন আমেরিকান দেশের অবস্থাস্যান্ডির আঘাতে হাইতির মোট ফসলের প্রায় ৭০ শতাংশ নষ্ট হয়েছে। এর পাশের দেশ জ্যামাইকায় কলার চাষ ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এ কারণে ওই অঞ্চলে ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা দেখা দিয়েছে। কিউবায় ঘূর্ণিঝড়ে মারা গেছে ১১ জন। ফসলেরও ক্ষতি হয়েছে অনেক। তবে দেশটি এরই মধ্যে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। দেশের পূর্বাঞ্চলে বিদ্যুত্ সরবরাহব্যবস্থা স্বাভাবিক করতে হাজার হাজার বিদ্যুত্কর্মী কাজ করছেন বলে জানিয়েছে বিবিসি। কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে তাঁর দেশের দ্বিতীয় বৃহত্তম শহর সান্তিয়াগো দেখে বলেছেন, ওই শহরের অবস্থা যেন যুদ্ধবিধ্বস্ত। দুর্গত এসব দেশে রাশিয়া, ভেনিজুয়েলা ও বলিভিয়া থেকে সাহায্য পৌঁছেছে। ইকুয়েডর থেকেও কিছু সাহায্য যাচ্ছে বলে খবরে জানানো হয়েছে।