ফরিদপুর শহরসহ পুরো জেলায় বিদ্যুতের কাহিল অবস্থা বিরাজ করছে। লোডশেডিংয়ের কারণে জনগণ ভোগান্তিতে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বোরো চাষি ও এইচএসসি পরীক্ষার্থীরা।ফরিদপুর শহরের নিলটুলী এলাকার এইচএসসি পরীক্ষার্থী হূদয় রায় বলেন, ‘দিনের বেলায় বিদ্যুৎ না থাকলে সমস্যা হয় না। কিন্তু পড়াশোনার সময় সন্ধ্যা সাতটায় বিদ্যুৎ চলে যায়। আসে এক-দুই ঘণ্টা পরে। আবার রাত ১০টার দিকে বিদ্যুৎ চলে যায়। কখন আসবে ঠিক নেই। আর্থিক কারণে সবাই জেনারেটর বা আইপিএস ব্যবহার করতে পারে না।’ চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন বলেন, ‘দিনে দুই ঘণ্টার বেশি বিদ্যুৎ দেওয়া হয় না। ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বোরো চাষিরা। চলতি মৌসুমে চরভদ্রাসনে এক হাজার ৭৮০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। উপজেলার মোট ৬৮০টি বোরো ব্লকের মধ্যে বিদ্যুৎ চালিত রয়েছে ৪৬০টি। যে পরিমাণ বিদ্যুৎ সরবরাহ দেওয়া হচ্ছে, তাতে একটি ব্লক থেকে এক একর জমিতে পানি দেওয়া যায়। অথচ সেখানে একটি ছোট ব্লকের অধীন পাঁচ একর জমি রয়েছে। ফলে খেতের মধ্যেই ধানের চারা পুড়ে যাওয়ার উপক্রম হয়েছে।’ভাঙ্গা উপজেলার নুরালাগঞ্জ ইউনিয়নের বাকপুরা খামারবাড়ীর গভীর নলকূপের ব্যবস্থাপক নূরে আলম বলেন, ‘বিদ্যুৎ না পাওয়ায় জমিতে সেচ দেওয়া যাচ্ছে না। ধান জমিতে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে।’ফরিদপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অনীল চন্দ্র হালদার প্রথম আলোকে বলেন, ‘ফরিদপুর-রাজবাড়ীসহ বিদ্যুতের দৈনিক চাহিদা ৫৮ মেগাওয়াট। বর্তমানে আমরা সরবরাহ পাচ্ছি ২৬ মেগাওয়াট। পিডিবি ও পল্লী উন্নয়ন বোর্ডকে এ বিদ্যুৎ ভাগাভাগি করে নিতে হচ্ছে। শহর-গ্রাম সব জায়গায় বিদ্যুৎ দিতে গিয়ে লোডশেডিং করতে হচ্ছে। শুধু ফরিদপুর শহরেই বিদ্যুতের চাহিদা ১৫ মেগাওয়াট; কিন্তু সরবরাহ ভাগাভাগি করার পর শহরে ছয় মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহ দেওয়া যাচ্ছে না। কবে নাগাদ পরিস্থিতির উন্নতি হবে, এ ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।’