বিপাশা হায়াতের ‘ভ্রমি বিস্ময়ে’
বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে কাল থেকে শিল্পী বিপাশা হায়াতের ‘ভ্রমি বিস্ময়ে’ (The Journey Within) শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী শুরু হবে। বিকেলে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে ১০ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন শিল্পীর বাবা আবুল হায়াত। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বরেণ্যশিল্পী রফিকুন নবী এবং শিল্পসমালোচক সৈয়দ মনজুরুল ইসলাম।বিপাশা হায়াতের একক চিত্রপ্রদর্শনী উপলক্ষে আজ সোমবার দুপুরে বেঙ্গল শিল্পালয়ে সাংবাদিক সম্মেলন ও প্রেস প্রিভিউ অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক শিল্পী শিশির ভট্টাচার্য্য, বিপাশা হায়াত এবং বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী বক্তব্য দেন। লিখিত বক্তব্য উপস্থাপন করেন বেঙ্গল ফাউন্ডেশনের ব্যবস্থাপক সারোয়ার জাহান।জানা গেছে, বিপাশা হায়াতের একক চিত্রপ্রদর্শনীতে মোট ৬৮টি চিত্রকর্ম স্থান পাবে। প্রদর্শনী আগামী ৩ নভেম্বর ২০১১ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।বিপাশা হায়াত ১৯৭১ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ১৯৯৮ সালে এমএফএ ডিগ্রি লাভ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত প্রদর্শনীসহ বহু দলবদ্ধ প্রদর্শনীতে অংশ নিয়েছেন তিনি। টেলিভিশন, মঞ্চ, চলচ্চিত্রের জনপ্রিয় এ অভিনেত্রী স্বাধীনতাযুদ্ধভিত্তিক দুটি চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’ ও ‘জয়যাত্রা’য় অভিনয় করেন। ‘আগুনের পরশমণি’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন। তাঁর অন্যান্য পুরস্কারের মধ্যে বাচসাস পুরস্কার, অন্যদিন-ইমপ্রেস টেলিফিল্ম অ্যাওয়ার্ড, মেরিল-প্রথম আলো অ্যাওয়ার্ড, ইউনেস্কো, অনন্যা উল্লেখযোগ্য।