বিপাশার গল্প
বিপাশা হায়াতের গল্প লেখার অভিজ্ঞতা অনেক দিনের। কোনো নাটক লেখার আগে তিনি একটা গল্প লেখেন। পরে সেই গল্প অবলম্বনেই নাটকের নাট্যরূপ তৈরি করেন। তাই গল্প লেখা বিপাশার কাছে নতুন কিছু নয়। কিন্তু এবার নাটক নয়, তাঁর লেখা গল্প নিয়ে বেরিয়েছে বই। নাম ঘুম ভাঙা মানুষের গল্প। বিপাশা জানান, বিভিন্ন সময় প্রথম আলোর ঈদসংখ্যার জন্য তিনি লিখেছিলেন ‘আদি কম্বল’, ‘নুরুন্নাহারের দ্বৈত জীবন’ ও ‘শূন্য মানব’ শিরোনামে তিনটি গল্প। সঙ্গে এবার যুক্ত করেছেন ‘ঘুম ভাঙা মানুষের গল্প’ আর ‘মানুষ অথবা কিউই ফলের নেশা’ নামের আরও দুটি গল্প। বাংলা একাডেমীর অমর একুশে গ্রন্থমেলায় বিপাশার ঘুম ভাঙা মানুষের গল্প বইটি প্রকাশ করেছে শব্দশিল্প প্রকাশনী। এরই মধ্যে টিভিতে বিপাশার লেখা বড় ধারাবাহিক নাটক প্রচারিত হয়েছে শঙ্খবাস, জ্যোৎস্নাকাল, জলপরী ও চন্দ্রমগ্ন। এক ঘণ্টার নাটক প্রচারিত হয়েছে ৪০টি। বিপাশা বললেন, ‘এরপর আমার ইচ্ছা উপন্যাস লেখা। কিন্তু তার আগে নিজেকে একটু পরীক্ষা করার জন্য গল্প লিখেছি। দেখি, পাঠক সেগুলো কীভাবে নিচ্ছেন।’ ঘুম ভাঙা মানুষের গল্প বিপাশার দ্বিতীয় বই। প্রথমটি বেরিয়েছিল ১৯৯৬ সালে, নাম হূদয় রাজ্যে।