বিপাশা হায়াত অভিনেত্রী হিসেবে সমধিক পরিচিত হলেও তিনি চিত্রশিল্পীও বটে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ১৯৯৮ সালে এমএফএ ডিগ্রি লাভ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আয়োজিত প্রদর্শনীসহ বহু দলবদ্ধ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন তিনি। ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে আয়োজন করা হয়েছে তাঁর প্রথম একক চিত্র প্রদর্শনী। আজ মঙ্গলবার বিকেলে ‘ভ্রমি বিস্ময়ে’ শিরোনামে ১০ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন তাঁর বাবা নাট্যব্যক্তিত্ব আবুল হায়াত। বিশেষ অতিথি থাকবেন বরেণ্য শিল্পী রফিকুন নবী এবং শিল্পসমালোচক সৈয়দ মনজুরুল ইসলাম।গতকাল সোমবার দুপুরে বেঙ্গল ক্যাফেতে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের একক প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরেন বিপাশা হায়াত। এতে শিল্পী শিশির ভট্টাচার্য্য এবং বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী বক্তব্য দেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রদর্শনীতে শিল্পীর আঁকা ৬৮টি চিত্রকর্ম স্থান পাচ্ছে। বর্তমান প্রদর্শনীটি তাঁর প্রথম একক প্রদর্শনী এবং তাঁর মনের অন্তর্যাত্রা আর আবিষ্কারের কাহিনি।সংবাদ সম্মেলনে জানান হয়, শিল্পীর জন্ম ১৯৭১ সালের মার্চে। মুক্তিযুদ্ধের চেতনা তাঁর মনোজগতে অত্যন্ত দীপ্ত। তিনি মুক্তিযুদ্ধের ওপর একটি সিরিজ কাজ করেছেন, যেখানে হত্যাযজ্ঞ আর রক্তপাতের কারণে তাঁর অন্তরের রক্তক্ষরণ এবং পাশাপাশি বিজয়ের আনন্দ মূর্ত হয়েছে। তবে তাঁর ছবির কম্পোজিশন যতটা না বিষয়কে ঘিরে আবর্তিত হয়, তার থেকে বেশি কেন্দ্রীভূত থাকে শিল্পীর মনের গভীরে যে ভাব রয়েছে তার ওপর। তাঁর চিত্রকর্মে রঙের ব্যবহার ঘটেছে স্তরে স্তরে, যা শেষ পর্যন্ত রঙের টেক্সচার হিসেবে আবির্ভূত হয়। তবে তাঁর প্রতিটি কাজই একেকটি ভিন্ন ভাবকে কেন্দ্র করে আবর্তিত, ভিন্ন ভিন্ন বোধকে প্রতিফলিত করে।টেলিভিশন, মঞ্চ, চলচ্চিত্রের সফল অভিনেত্রী বিপাশা স্বাধীনতা যুদ্ধভিত্তিক দুটি চলচ্চিত্র আগুনের পরশমণি ও জয়যাত্রায় অভিনয় করেছেন। আগুনের পরশমণি চলচ্চিত্রের জন্য তিনি সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেয়েছেন। তাঁর অন্যান্য পুরস্কারের মধ্যে বাংলাদেশ পুরস্কার, অন্যদিন-ইমপ্রেস টেলিফিল্ম অ্যাওয়ার্ড, মেরিল-প্রথম আলো অ্যাওয়ার্ড, ইউনেসকো, অনন্যা প্রভৃতি উল্লেখযোগ্য।শিল্পকলা একাডেমীতে বিচিত্র প্রদর্শনীশিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা প্রাঙ্গণের চারপাশজুড়ে সাজিয়ে রাখা হয়েছে সারেঙ্গি, মাদল, সাঁওতাল সম্প্রদায়ের রাখালি বাঁশি, ডোম ঢোল, নাকারা, করতাল, ঝাঁই করতাল, বীণা, কর্নেটসহ পাহাড়ি ও মালো জাতির নানা রকমের বাদ্যযন্ত্র। আর বিভিন্ন বোর্ডে শোভা পাচ্ছে আদিবাসী সম্প্রদায়ের ঝুমুর নাচ, বেহুলার নাচ, সাঁওতালি নাচ, ছুকরি নৃত্য, ধামাইল, মাদার পীরের গানের আসর, গম্ভীরা নৃত্য, গাজির যাত্রা নৃত্য, আলকাপ নৃত্য, কালী নৃত্যসহ নানা আঙ্গিকের নৃত্যের আলোকচিত্র। ‘সার্ক অঞ্চলের লোকনৃত্য’ শীর্ষক চার দিনের সিম্পোজিয়ামকে কেন্দ্র করে এভাবেই সাজানো হয়েছে জাতীয় নাট্যশালা মিলনায়তনের প্রাঙ্গণ।যেকোনো দেশের ইতিহাস ও ঐতিহ্যের ধারক সে দেশের লোকজ সংস্কৃতি। আর এ সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ লোকনৃত্য। সার্ক অঞ্চলের লোকনৃত্যকে তুলে ধরতেই চার দিনের এই বিশেষ অনুষ্ঠানের যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় ও সার্ক কালচারাল সেন্টার। অনুষ্ঠানের অংশ হিসেবে জাতীয় নাট্যশালা করিডরে আয়োজন করা হয়েছে বিশেষ প্রদর্শনী। আজ এই প্রদর্শনীর শেষ দিন।