বিপিএল দেখাবে ইএসপিএন
ঘটনাটা একেবারেই উল্টো হলো এবার। এত দিন ইএসপিএনের কাছ থেকে বড় বড় আসরের খেলা দেখানোর স্বত্ব কিনেছে বাংলাদেশের টিভি চ্যানেল। কিন্তু এবার বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেটের খেলা সম্প্রচারের জন্য চ্যানেল নাইনের কাছ থেকে স্বত্ব কিনেছে ইএসপিএন। গত বুধবার সন্ধ্যায় এ কথা জানালেন চ্যানেল নাইনের ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান। এরই মধ্যে ইএসপিএনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এ ব্যাপারে তাঁদের চুক্তি হয়েছে। এ ছাড়া ইউরোপ, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেটের খেলা সরাসরি দেখানোর ব্যাপারে বিভিন্ন টিভি চ্যানেলের সঙ্গে আলোচনা করছে চ্যানেল নাইন কর্তৃপক্ষ। আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট। টুর্নামেন্টের সব কটি খেলা সরাসরি দেখাবে চ্যানেল নাইন। এদিকে ৩০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নিয়মিত সম্প্রচার শুরু করবে চ্যানেল নাইন। ওই দিন সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চ্যানেল নাইনের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। জানা গেছে, এই অনুষ্ঠানে বাংলাদেশের প্রকৃতি, কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি নতুনত্ব আনার জন্য যুক্ত করা হয়েছে বিভিন্ন দেশের শিল্পীদের পরিবেশনা। এনায়েতুর রহমানের মতে, ‘উদ্বোধনী অনুষ্ঠানকে আন্তর্জাতিক মাত্রা দেওয়ার জন্যই এমনটা করা হচ্ছে।’উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে ফায়ার ওয়ার্কস, অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন চরিত্র উপস্থাপন। বাংলাদেশের একটি নতুন দেশাত্মবোধক গান করবেন রুনা লায়লা-এন্ড্রু কিশোর, তপন চৌধুরী-শাকিলা জাফর, বাপ্পা মজুমদার-আঁখি আলমগীর ও হূদয়-পড়শী। ছয় ঋতুর ওপর নাচ করবেন মৌ, তারিন, রিয়া, তিশা ও চাঁদনী। চলচ্চিত্রের জনপ্রিয় গানের সঙ্গে নাচ করবেন মৌসুমী-ফেরদৌস, নিপুণ-ফারদিন ও শুভ-মীম। থাকবে অন্যান্য পরিবেশনা। আড়াই ঘণ্টার এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে ৩০ জানুয়ারি সন্ধ্যা সাতটায়।