বিপিএল নিয়ে ভারতীয় পুলিশের অদ্ভুত দাবি
আইপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারি নিয়ে ভারতীয় ক্রিকেটের তোলপাড় চলছে। এই আইপিএল কাণ্ডে দিন দিন যোগ হচ্ছে নতুন মাত্রা। যেমন দিল্লি পুলিশের অদ্ভুত দাবি, বাংলাদেশ প্রিমিয়ার লিগেও নাকি ম্যাচ পাতানো হয়েছে।পিটিআই জানায়, আইপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে আজ বুধবার সুনীল ভাটিয়া নামের এক জুয়াড়িকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।ভাটিয়ার বরাত দিয়ে পুলিশ জানায়, বাতিল হওয়া ইন্ডিয়ান ক্রিকেট লিগেও (আইসিএল) নাকি ম্যাচ পাতানো হত। বিপিএলেও কিছু ম্যাচ পাতানো হয়েছিল। এর সঙ্গে জড়িত ছিল কিছু ক্রিকেটার। তবে বিপিএলের প্রথম আসরে না দ্বিতীয় আসরে ম্যাচ পাতানো হয়েছিল তার বিস্তারিত কিছু জানানো হয়নি।তবে পুলিশ বলছে, এ ব্যাপারে তাদের কাছে যথাযথ কোনো তথ্য-প্রমাণ নেই। শ্রীশান্তসহ তিন ক্রিকেটারের রিমান্ড শেষস্পট ফিক্সিংয়ে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে গত বৃহস্পতিবার ভোরে রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার শ্রীশান্ত, অজিত চান্ডিলা ও অঙ্কিত চাভানকে মুম্বাই থেকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। পাঁচ দিনের রিমান্ড শেষে গতকাল তাঁদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাঁদের জামিন নামঞ্জুর করেন আদালত।দিল্লি পুলিশের দাবি, তিন ক্রিকেটারের স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার ফোন রেকর্ড তাদের কাছে রয়েছে। শ্রীশান্তের বিরুদ্ধে পুলিশের অভিযোগ, ৯ মে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে স্পট ফিক্সিং করেন তিনি। এক ওভারে ১৪ বা এর বেশি রান দেওয়ার জন্য তাঁকে ৪০ লাখ রুপি দেওয়ার কথা ছিল জুয়াড়িদের। ঠিক হয়েছিল, নিজের দ্বিতীয় ওভার করার আগে ট্রাউজারের ওপর তোয়ালে রাখবেন শ্রীশান্ত। এরপর ওভারটা শেষ করতে বাড়তি সময় নেবেন, যাতে জুয়াড়িরা যথেষ্ট আয়ের ব্যবস্থা করতে পারে। সত্যি দেখা গেছে, ওভারের আগে তোয়ালে চেয়েছেন শ্রীশান্ত, এরপর স্ট্রেচিং করাসহ গা গরমে অনেকটা সময় নিয়েছেন। জুয়াড়ি জিজু তখন ফোনে আরেক জুয়াড়িকে বলছিলেন, ওভারে ১৪ বা এর বেশি রান দেবেন শ্রীশান্ত। কিন্তু তিনটি বাউন্ডারি হজম করার পরও ওভার থেকে আসে মাত্র ১৩ রান। তবে এর পরও ওই ওভার থেকে কোটি কোটি টাকা আয় হয় জুয়াড়িদের। এই জিজুর সঙ্গে একসময় ক্লাব পর্যায়ে খেলেছেন শ্রীশান্ত। জুয়াড়িদের সঙ্গে শ্রীশান্তের যোগসূত্রও জিজু।