বিপিএল শিরোপা আবারও ঢাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্বোধনী আসরের মতো এবারও বিপিএলের শিরোপা ঘরে তুলল ঢাকা গ্ল্যাডিয়েটরস। আজ মঙ্গলবার টানা দ্বিতীয় বিপিএল জয়ের ম্যাচে চিটাগং কিংসকে ৪৩ রানে হারায় মাশরাফি বিন মুর্তজার দল।ঢাকার গত আসরের শিরোপাটা এসেছিল বরিশাল বার্নার্সের বিপক্ষে ৮ উইকেটের জয় দিয়ে। এবারের মতো ওই আসরেও ঢাকাকে নেতৃত্ব দিয়েছিলেন মাশরাফি।আজ শিরোপা নির্ধারণী ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৭২ রান তোলে ঢাকা গ্ল্যাডিয়েটরস। জবাবে ১৬.৪ ওভার খেলে ১২৯ রানে গুটিয়ে যায় চিটাগং। ইনিংসের প্রথম ওভারেই তিলকরত্নে দিলশানের (২ বলে ২) উইকেট হারায় ঢাকা। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান আশরাফুল করেন ১৬ বলে ২৪ রান। দলের হয়ে সর্বোচ্চ সংগ্রহ এনামুল হকের। ৩৬ বলে ৫৮ রানের অসাধারণ এক ইনিংস খেলেন তিনি। কম যাননি সাকিব আল হাসানও। তাঁর সংগ্রহ ২৯ বলে ৪১ রান। আশরাফুল, এনামুল ও সাকিব ছাড়া বাকি ব্যাটসম্যানদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। না হলে দলীয় সংগ্রহটা আরও বড় হতে পারত ঢাকার। চিটাগংয়ের হয়ে ৪৪ রান দিয়ে চারটি উইকেট নেন রুবেল হোসেন।১৭৩ রানের লক্ষ্যটা নিঃসন্দেহে চিটাগংয়ের জন্য কঠিন ছিল। একের পর এক উইকেট হারানোর ফলে সেই লক্ষ্যটা কঠিন হয় আরও। দলীয় ২৬ রানে প্রথম উইকেটের পতন। একপর্যায়ে ৬৫ রানের মধ্যে পাঁচটি উইকেট হারায় চিটাগং কিংস।চিটাগংয়ের উদ্বোধনী ব্যাটসম্যান জেসন রায় খেলেন দুর্দান্ত। সতীর্থদের আসা-যাওয়ার মধ্যেও ২৮ বলে ৪০ রান করেন তিনি। জেসনের বিদায়ের পর দলের হাল ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ। তবে ২৮ বলে ৪৪ রানের ইনিংস খেলেও হার ঠেকাতে পারেননি তিনি। ঢাকার হয়ে মোশাররফ হোসেন ও আলফনসো টমাস প্রত্যেকে তিনটি করে উইকেট নেন । সংক্ষিপ্ত স্কোর:ঢাকা: ১৭২/৯ (২০ ওভার)এনামুল ৫৮, সাকিব ৪১, আশরাফুল ২৪রুবেল ৪/৪৪, তাসকিন ২/২৮, দিলহারা ২/২৯চিটাগং: ১২৯/১০ (১৬.৪ ওভার)মাহমুদউল্লাহ ৪৪, জেসন ৪০, নুরুল ১৪আলফনসো ৩/১৯, মোশাররফ ৩/২৬ ফল: ঢাকা ৪৩ রানে জয়ী।