বিপিএলের ছয় দলের কাছে ২১ কোটি টাকা পাওনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ছয়টি ফ্র্যাঞ্চাইজি দলের কাছ থেকে পাওনা আদায় করতে পারছে না জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও এই দলগুলোর স্বত্বাধিকারী প্রতিষ্ঠানগুলো করের টাকা দিচ্ছে না।এনবিআর কর গোয়েন্দা পরিদপ্তরের হিসাবমতে, এই ছয় দলের কাছে মোট ২১ কোটি টাকা পাওনা রয়েছে। দলগুলোর মালিকেরা এ পর্যন্ত সাড়ে তিন কোটি টাকা রাজস্ব কোষাগারে জমা দিয়েছেন।কয়েক মাস আগে এসব দলের কাছে পাওনা আদায় ও নিরীক্ষা করতে কর গোয়েন্দা পরিদপ্তরের মহাপরিচালক কানুন কুমার রায়ের নেতৃত্বে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি ছয়টি দলের মালিক প্রতিষ্ঠানের কাছে ২৫ কোটি টাকা কর নির্ধারণ করে। পাওনা পরিশোধের তাগাদা দিয়ে কমিটির পক্ষ থেকে কয়েক দফা চিঠি দেওয়া হলেও সাড়া দেয়নি কেউ। নির্ধারিত সময়ে পাওনা পরিশোধ না করলে এসব দলের মালিক প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাব জব্দ করার কথা জানিয়ে দেয় কর গোয়েন্দা পরিদপ্তর।এ প্রসঙ্গে কানুন কুমার রায় গতকাল প্রথম আলোকে বলেন, কয়েক দফা সময় বেঁধে দিয়ে পাওনা কর পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তারা কোনো সাড়া দেয়নি। এমনকি কর গোয়েন্দা পরিদপ্তরের প্রাক্কলিত হিসাব নিয়ে আপত্তি থাকলে তা নিয়ে আলোচনা করার আহ্বান জানানো হয়েছে। কিন্তু কাজ হয়নি।কার কাছে কত পাওনা: গত ১০-২৯ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি ক্রিকেট লিগ বিপিএল অনুষ্ঠিত হয়। এর আগে ১০ জানুয়ারি অংশ নেওয়া দলগুলোর নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে যে দরে দলগুলো বিক্রি হয়েছে, তার ৫ শতাংশ কর হারে দেওয়ার কথা। এর পাশাপাশি বিদেশি খেলোয়াড় ও দেশি খেলোয়াড়দের প্রদত্ত সম্মানীর বিপরীতে যথাক্রমে ২৫ শতাংশ ও ১০ শতাংশ হিসাবে উৎসে কর কেটে রাখার কথা সংশ্লিষ্ট দলগুলোর মালিক প্রতিষ্ঠানের। এই তিনটি খাত হিসাব করে পাওনা নির্ধারণ করেছে এনবিআর গঠিত তদন্ত দল।কর গোয়েন্দা পরিদপ্তর সূত্রে জানা গেছে, চিটাগাং কিংসের স্বত্বাধিকারী এসকিউ স্পোর্টসের কাছে সর্বোচ্চ চার কোটি টাকা পাওনা রয়েছে। আর ঢাকা গ্ল্যাডিয়েটর্সের মালিক ইউরোপা গ্রুপ, খুলনা রয়েল বেঙ্গলের মালিক অরিয়ন গ্রুপ, দুরন্ত রাজশাহীর মালিক ডিজিটাল অটো কেয়ার ও সিলেট রয়্যালসের মালিক ওয়ালটনের কাছে কমবেশি সাড়ে তিন কোটি টাকা করে কর নির্ধারণ করা হয়। আর বরিশাল বার্নার্সের মালিক আলিফ গ্রুপের কাছে প্রায় তিন কোটি টাকা পাওনা।তদন্ত দলের হিসাবমতে, ৫৪ জন বিদেশি খেলোয়াড়কে সাড়ে ৩৭ লাখ ডলার এবং দেশি খেলোয়াড়দের ২২ লাখ ৭০ হাজার ডলার পরিশোধ করেছে প্রতিষ্ঠানগুলো।টিকিট বিক্রেতার ব্যাংক হিসাব জব্দ: পাওনা টাকা পরিশোধ না করায় বিপিএলের টিকিট বিক্রেতা প্রতিষ্ঠান শিহাব ট্রেডিং ইন্টারন্যাশনালের সব ব্যাংক হিসাব গতকাল বুধবার জব্দ করেছে কর গোয়েন্দা পরিদপ্তর। এই প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার জন্য সব বাণিজ্যিক ব্যাংককে নির্দেশ দিয়ে গতকাল বুধবার চিঠি দেওয়া হয়েছে।শিহাব ট্রেডিং ইন্টারন্যাশনাল বিপিএলের ৩৩টি ম্যাচসহ উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ৪৫ কোটি টাকার টিকিট বিক্রি করেছে। আর কর পাওনা রয়েছে দুই কোটি ১৫ লাখ টাকা। এই বকেয়া কর পরিশোধ করেনি প্রতিষ্ঠানটি। অন্যদিকে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ভারতীয় শিল্পীদের সম্মানীর বিপরীতে ২৫ লাখ টাকা আয়কর পেয়েছে এনবিআর।খেলোয়াড়দের পাওনা: কর পরিশোধের মতো খেলোয়াড়দের পাওনা মেটাতেও গড়িমসি করছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান গাজী আশরাফ হোসেন দাবি করেছেন, বিদেশি খেলোয়াড়দের প্রায় সব পাওনাই পরিশোধ হয়ে গেছে। তিনি বলেন, ‘আমাদের কাছে যে হিসাব আছে, তাতে বিদেশি খেলোয়াড়দের পাওনা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। এই প্রক্রিয়া এখন শেষ ধাপে আছে। এ ছাড়া দেশি খেলোয়াড়দের বকেয়াও সহসাই পরিশোধ হয়ে যাবে।’ বিপিএলের কর্মকর্তাদের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী দেশি খেলোয়াড়দের বকেয়া টাকার পরিমাণ প্রায় ৪০ শতাংশ।গাজী আশরাফ জানিয়েছেন, ৬ আগস্ট অনুষ্ঠেয় বিসিবির পরিচালনা পর্ষদের সভায় বিপিএলের বকেয়া পরিশোধ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। যেসব ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়দের প্রাপ্য সব টাকা দেয়নি, বিপিএলের চুক্তিতে তাদের না রাখার ব্যাপারটি গুরুত্ব দিয়ে ভাবছে বিসিবি। বিপিএলের একটি আসর হয়ে গেলেও এখনো ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়নি বিসিবির।