বিপুল জাল রুপিসহ যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মীরহাজিরবাগে আজ শুক্রবার অভিযান চালিয়ে ৩০ লাখ রুপি মূল্যমানের জাল নোটসহ মো. সোহেল (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। যাত্রাবাড়ী থানা সূত্র জানায়, আজ থানায় গোপন খবর আসে, এক যুবক কাপড়ের ব্যাগে ভারতের জাল রুপি বহন করে নিয়ে যাচ্ছেন। এ তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার পুলিশ মীরহাজিরবাগ এলাকায় দুপুর দেড়টার দিকে সোহেল নামের এক যুবককে আটক করে তাঁর ব্যাগে তল্লাশি চালিয়ে দুটি বিস্কুটের কার্টনের ভেতর থেকে ৩০ লাখ রুপি মূল্যমানের জাল নোট উদ্ধার করে। পরে সোহেলকে থানায় নিয়ে আসা হয়।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম প্রথম আলো ডটকমকে বলেন, উদ্ধার করা ভারতীয় রুপি জাল বলে মনে হচ্ছে। পরীক্ষার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। আটক সোহেলও রুপিগুলো জাল বলে স্বীকার করেছেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় সোহেলের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে।জিজ্ঞাসাবাদে সোহেল পুলিশকে জানান, এক ব্যক্তি এই জাল রুপিগুলো তাঁকে চাঁপাইনবাবগঞ্জের এক ব্যক্তির কাছে পৌঁছে দিতে বলেছিলেন। ওই রুপিগুলো চাঁপাইনবাবগঞ্জে নিয়ে যাওয়ার উদ্দেশে তিনি নগরের গাবতলী রওনা হয়েছিলেন।তদন্তকারীরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে এই জাল রুপি ভারতে পৌঁছাতে জাল নোট ব্যবসার সঙ্গে জড়িত চক্রটির পরিকল্পনা ছিল। কর্মকর্তারা জানান, ভারতের জাল রুপি সোহেলকে কে দিয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জে কার কাছে নিয়ে যাচ্ছিলেন। এসব তৈরির সঙ্গে জড়িত চক্রের নাম-ঠিকানা খুঁজে বের করতে তাঁকে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে।এর আগে গত শনিবার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কামরাঙ্গীরচরের রসুলপুরে অভিযান চালিয়ে দেশি ও ভারতের জাল নোট তৈরি চক্রের প্রধান হোতা নূরুজ্জামান বিশ্বাস ও তাঁর কয়েক সহযোগীকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ৮৮ হাজার রুপি মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়।