আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এ বছর দিবসটি ঘোষণার শতবর্ষ পালিত হতে যাচ্ছে। এ উপলক্ষে পথিকৃত্ কয়েকজন নারীর লেখা থেকে নির্বাচিত অংশ প্রকাশিত হচ্ছে। আজ থাকছে প্রীতিলতা ওয়াদ্দেদারের (১৯১১-১৯৩২) লেখা—
বিপ্লব দীর্ঘজীবী হোক
যখন আমি চট্টগ্রামের ডা. খাস্তগীর গার্লস স্কুলে ম্যাট্রিকুলেশনে পড়ি তখন চট্টগ্রামের এক বিপ্লবী সংগঠনের অস্তিত্বের কথা জানতে পারি। আমাকে বলা হয়েছিল ওই সংগঠনের নেতৃত্বে আছেন বহু গুণের অধিকারী এক শক্তিশালী মানুষ, যাকে সবাই ‘মাস্টারদা’ বলে জানেন।আইএ পড়ার জন্য ঢাকায় দু বছর থাকার সময় আমি নিজেকে মহান মাস্টারদার (সূর্য সেন) একজন উপযুক্ত কমরেড হিসেবে গড়ে তোলার চেষ্টা চালিয়েছি। তাই বলে আমি পড়াশোনায় অবহেলা করিনি। ১৯৩০ সালে আমি মেয়েদের মধ্যে প্রথম এবং সবার মধ্যে পঞ্চম হয়ে আইএ পাস করি।পরীক্ষার পর ওই বছরেরই ১৯ এপ্রিল সকালে বাড়ি ফিরে আমি আগের রাতে চট্টগ্রামের বীর যোদ্ধাদের মহান কার্যকলাপের সংবাদ পাই। ওই সব বীরের জন্য আমার হূদয় গভীর শ্রদ্ধায় আপ্লুত হলো। কিন্তু ওই বীরত্বপূর্ণ সংগ্রামে অংশগ্রহণ করতে না পেরে এবং নাম শোনার পর থেকেই যে মাস্টারদাকে গভীর শ্রদ্ধা করেছি তাঁকে একটু দেখতে না পেয়ে আমি বেদনাহত হলাম। জালালাবাদের বীর শহীদদের ভাবনা আমার হূদয়ের গভীরে ছুঁয়ে গেল। মনের ওই অবস্থার মধ্যেই বিএ পড়ার জন্য আমাকে কলকাতায় আসতে হলো। কিন্তু মাতৃভূমির কথা আমার মনে সদা জাগ্রত ছিল এবং স্বাধীনতার বেদিমূলে আত্মোত্সর্গকারী সন্তানদের মায়েদের চোখের জল সর্বদাই সেই চিন্তাকে উজ্জীবিত করত।পাশাপাশি আমি এক নতুন প্রেরণা পেলাম যখন আমার এক সংগ্রামী সাথী আমাকে আলিপুর সেন্ট্রাল জেলে গিয়ে রামকৃষ্ণদার সঙ্গে দেখা করতে বললেন। দেশের প্রতি ভালোবাসার কারণে ব্রিটিশ আইনে চরম শাস্তি মৃত্যুদণ্ডের আদেশ পেয়ে রামকৃষ্ণদা তখন জেলের এক নির্জন কুঠুরিতে বন্দী। ‘আমি তাঁর এক বোন’ এই পরিচয় দিয়ে প্রতিদিন ওই অগ্নিযুবকের সঙ্গে দেখা করা শুরু করি। তাঁর ফাঁসির আগে আমি প্রায় ৪০ বার তাঁর সঙ্গে দেখা করি। তাঁর গাম্ভীর্যপূর্ণ চাহনি, খোলামেলা কথাবার্তা, নিঃশঙ্কচিত্তে মৃত্যুকে আলিঙ্গন করা, ঈশ্বরের প্রতি অচলা ভক্তি, শিশুসুলভ সারল্য, দরদি মন এবং প্রগাঢ় উপলব্ধিবোধ আমার ওপর গভীর রেখাপাত করল। আগের তুলনায় আমি দশ গুণ বেশি কর্মতত্পর হয়ে উঠলাম।আত্মাহূতি দিতে প্রস্তুত এই স্বদেশপ্রেমী যুবকের সঙ্গে যোগাযোগ আমার জীবনের পরিপূর্ণতাকে অনেকখানি এগিয়ে দিয়েছিল। রামকৃষ্ণদার ফাঁসির পর বিপ্লবী কর্মকাণ্ডে সরাসরি যুক্ত হওয়ার আকাঙ্ক্ষা আমার অনেক বেড়ে গেল। কিন্তু বিএ পাস করার জন্য আমাকে আরও প্রায় নয় মাসের মতো কলকাতায় থেকে যেতে হলো। ইতিমধ্যে বার কয়েক মাস্টারদার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও আমি সফল হতে পারিনি।১৯৩২ সালে বিএ পরীক্ষার পর মাস্টারদার সঙ্গে দেখা করবই—এই প্রত্যয় নিয়ে আমি বাড়ি ফিরে এলাম। কিছুদিনের মধ্যেই আমার ইচ্ছাপূরণ ঘটল। একদিন আমি দাঁড়ালাম মাস্টারদা এবং নির্মলদার সামনে, যাঁরা তাঁদের ব্যক্তিত্ব এবং সুদক্ষ নেতৃত্ব দিয়ে চট্টগ্রাম বিপ্লবী সংগঠনকে পরিচালনা করেছিলেন।ধলঘাটে একদিন নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের সময় ব্রিটিশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধে যোগদানের সুযোগ অবশেষে পেলাম। সে যুদ্ধে ব্রিটিশ বাহিনীর ক্যাপ্টেন ক্যামেরুন নিহত হয়েছিলেন।নির্মলদার সঙ্গে আমার অল্পদিনের সাক্ষাতে আমি তাঁর মহত্ এবং সুন্দর মনের পরিচয় পেয়েছিলাম। তাঁর মধ্যে দেখেছিলাম কঠোর বিপ্লবী শৃঙ্খলাবোধ এবং ধার্মিক মনের এক অপূর্ব মেলবন্ধন। দেশবাসী জানতেও পারল না কী মহত্, কী দুর্লভ, কী শুদ্ধ অন্তঃকরণের অধিকারী একজন মানুষ একান্ত নিঃশব্দেই চলে গেলেন। আমার পরম সৌভাগ্য আমি তাঁর সান্নিধ্য পেয়েছিলাম।নির্মলদা এবং ভোলার বেদনাদায়ক মৃত্যু আমাকে ভীষণভাবে আঘাত দিয়েছিল এবং আমি আরও মরিয়া হয়ে গেলাম। ইতিমধ্যে আমার বিএ পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। আমি ডিস্টিংশন (বিশেষ কৃতিত্ব) পেয়ে পাস করলাম। ধলঘাটের লড়াইতে আমি যুক্ত এই সন্দেহে যেকোনো সময় গ্রেপ্তার হয়ে যেতে পারি—এই আশঙ্কায় আমি চিরদিনের জন্য আমার পরমপ্রিয় পরিবার-পরিজন ত্যাগ করে বিপ্লবী কর্মকাণ্ডে মনপ্রাণ সঁপে দিলাম।[শংকর ঘোষ সম্পাদিত প্রীতিলতা থেকে]