বিপ্লবী বিনোদবিহারীর মৃত্যুতে মমতার শোক
বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক শোকবার্তায় তিনি বলেন, ‘বিনোদবিহারী চৌধুরী ছিলেন দেশপ্রেমের প্রতীক। মাস্টারদা সূর্য সেনের অনুপ্রেরণায় তিনি ব্রিটিশবিরোধী আন্দোলনে যুক্ত হয়েছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধেও তিনি সক্রিয়ভাবে যোগ দিয়েছিলেন। এই বিপ্লবীর মৃত্যুতে আমরা শোকাভিভূত। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা।’মমতা ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংস্থাসহ কলকাতার বিশিষ্টজনেরা বিনোদবিহারীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গ বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু জোটের পক্ষে গভীর শোক প্রকাশ করেছেন। তিনিসহ জোটের অন্য নেতারা কলকাতার ফর্টিজ হাসপাতালে গিয়ে ফুলের মালা দিয়ে প্রয়াত বিপ্লবীর প্রতি শেষ শ্রদ্ধা জানান। কলকাতায় অবস্থিত চট্টগ্রাম সমিতি বারাসাতের পৌর চেয়ারম্যানও বিনোদবিহারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।