বিপ্লবীকে ফুলে ফুলে শেষ শ্রদ্ধা
শতবর্ষী বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীর কফিনে ফুল দিয়ে ১০০ বছরকে ছুঁয়ে দেওয়ার অনুভূতি হয়েছে তৃতীয় শ্রেণীতে পড়া প্রমিতা রাহীর। তার চোখে-মুখে উপচে পড়ছিল আবেগ। ব্রিটিশবিরোধী সংগ্রামের অন্যতম শেষ সেনাকে শ্রদ্ধা জানাতে বাবার হাত ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছিল প্রমিতা। আসার পথে বাবা শুনিয়েছেন এই বিপ্লবীর জীবনকাহিনি। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হলো সর্বজনশ্রদ্ধেয় বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীকে। সেখানে বিশিষ্টজনদের পাশাপাশি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন তাঁর মরদেহে। ফুলে ফুলে ঢেকে যায় কয়েক প্রজন্ম ধরে সংগ্রামে-সংকটে অনুপ্রেরণা জুগিয়ে আসা এ বিপ্লবীর কফিন।বিকেলে জন্মস্থান চট্টগ্রামে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর রাতে বিনোদবিহারীর মরদেহ দাহ করা হয়। এর আগে দুপুরে বিনোদবিহারী চৌধুরীর মরদেহ শহীদ মিনারে পৌঁছালে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় বিউগলে বাজানো হয় বিদায়ের করুণ সুর। পরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে গড়া অস্থায়ী মঞ্চে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয় মরদেহ। কফিনে প্রথম পুষ্পস্তবকটি অর্পণ করা হয় অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদের পক্ষ থেকে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর শ্রদ্ধা জানান টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদনের পর যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘অসাম্প্রদায়িক দেশ গড়ার অনুপ্রেরণা ছিলেন এই বিপ্লবী। তরুণ প্রজন্মের উচিত তাঁর কর্মময় জীবনের আদর্শ ও চেতনা অনুসরণ করা। বিনোদবিহারী যুদ্ধাপরাধ এবং সাম্প্রদায়িকতামুক্ত দেশ চেয়েছিলেন। আমরা সেই দিকেই অগ্রসর হচ্ছি।’বিএনপির পক্ষে শ্রদ্ধা জানানো হয় দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার ও ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর শাখার আহ্বায়ক সাদেক হোসেন খোকার নেতৃত্বে। সাদেক হোসেন খোকা পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ১৯৩১ সালে চট্টগ্রামে সূর্য সেনের নেতৃত্বে ছয় তরুণের ব্রিটিশবিরোধী আন্দোলনের সূত্রপাত করা ও ১৯৭১ সালে সেখান থেকেই প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘স্বাধীনতার ঘোষণা’ দেওয়ার কথা উল্লেখ করেন। তিনি বলেন, তরুণ প্রজন্মকে তাঁদের জীবনী পাঠ করতে হবে এবং সেই চেতনাকে ধারণ করেই দেশের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য আনোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষে চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী ফুল দিয়ে শ্রদ্ধা জানান।নিজ নিজ দলের পক্ষে শ্রদ্ধার্ঘ্য দেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, গণ-ঐক্যের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য প্রমুখ। উদীচীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সভাপতি কামাল লোহানী, ঘাতক দালাল নির্মূল কমিটির পক্ষে শাহরিয়ার কবির, মুনতাসীর মামুন, শ্যামলী নাসরিন চৌধুরী ও মুক্তিযুদ্ধ জাদুঘরের পক্ষে ট্রাস্টি মফিদুল হক।মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ, নারীনেত্রী নূরজাহান বোস, শিল্পী হাশেম খান, অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যসহ আরও অনেক বিশিষ্টজন এসেছিলেন ব্যক্তিগতভাবে। গণজাগরণ মঞ্চের পক্ষে মুখপাত্র ইমরান এইচ সরকার ফুল দেন কফিনে। এ ছাড়া বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি, জাতীয় কবিতা পরিষদ, আবৃত্তি সমন্বয় পরিষদ, ঋষিজসহ আরও অনেক সাংস্কৃতিক সংগঠন বিপ্লবী বিনোদবিহারীকে শেষ শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা জানাতে এসেছিল খেলাঘরসহ আরও কিছু শিশুসংগঠনের শিশুরাও। শহীদ মিনার থেকে মরদেহ নিয়ে যাওয়ার আগে পরিবারের পক্ষে সবাইকে ধন্যবাদ জানান বিনোদবিহারীর পুত্রবধূ উপালি চৌধুরী।কলকাতা থেকে গতকাল দুপুর ১২টা পাঁচ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকা পৌঁছায় বিনোদবিহারীর মরদেহ। তাঁর পুত্রবধূ উপালি চৌধুরী ও পৌত্র সোমশুভ্র চৌধুরী একই ফ্লাইটে ঢাকায় আসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন তাঁর ব্যক্তিগত সহকারী সাইফুজ্জামান শিখর। বিমান থেকে নামানোর পর কফিন জাতীয় পতাকায় জড়িয়ে শববাহী গাড়িতে করে শহীদ মিনারে নেওয়া হয়। শহীদ মিনার থেকে বিকেল চারটার দিকে মরদেহ নিয়ে যাওয়া হয় বিমানবন্দরে। সেখান থেকে বাংলাদেশ নৌবাহিনীর হেলিকপ্টারে করে শেষকৃত্যের জন্য চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়।চট্টগ্রামে শ্রদ্ধা ও শেষকৃত্যশ্রদ্ধা, অশ্রু আর ভালোবাসায় শতবর্ষী বিপ্লবীকে শেষ বিদায় জানিয়েছে তাঁর জন্মস্থান চট্টগ্রাম। ঢাকা থেকে নৌবাহিনীর হেলিকপ্টার বিনোদবিহারীর মরদেহ নিয়ে চট্টগ্রামে পৌঁছে বিকেল পাঁচটা ৪০ মিনিটে। নগরের সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম-সংলগ্ন বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাঠে নামে হেলিকপ্টারটি। সেখানে চট্টগ্রামের জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়াত বিপ্লবীকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর কিছুক্ষণের জন্য মরদেহ নিয়ে যাওয়া হয় নগরের আসকার দীঘির পাড়ে রামকৃষ্ণ মিশনে। সেখান থেকে চট্টগ্রাম প্রেসক্লাব এলাকার গণজাগরণ মঞ্চে। গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীরা দাঁড়িয়ে নীরবতা পালনের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। সন্ধ্যা পৌনে সাতটায় বিপ্লবী বিনোদবিহারীর মরদেহ নিয়ে যাওয়া হয় মোমিন সড়কের ‘বিপ্লবী কুটিরে’। এই বাড়িতেই জীবনের শেষ দিনগুলো কাটিয়েছেন তিনি। সেখানে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। সন্ধ্যা সাতটায় মরদেহ যাত্রামোহন সেন (জে এম সেন) হলে নিয়ে মাস্টারদা সূর্য সেনের আবক্ষমূর্তির পাদদেশে রাখা হয়। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, চট্টগ্রামের মেয়র মোহামঞ্চদ মন্জুর আলম, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য ইসহাক মিয়া, নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, শিল্পী আবুল মনসুর, জেএসএসের নেতা ঊষাতন তালুকদার, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ শেখর দস্তিদার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), ওয়ার্কার্স পার্টি, বাসদ, গণফোরাম, ইউপিডিএফ, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ, মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ পরিষদ, খেলাঘর, হিন্দু মহাজোট, বাংলাদেশ মহিলা পরিষদ, এ কে খান ফাউন্ডেশনসহ শতাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। জে এম সেন হল মাঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রফেসর ইমেরিটাস আলমগীর মোহামঞ্চদ সিরাজউদ্দিন এবং কবি ও সাংবাদিক আবুল মোমেন এ বিপ্লবীকে নিয়ে সঞ্চৃতিচারণা করেন। সেখান থেকে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হলে শ্রদ্ধা নিবেদন করেন ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ, বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান, জেলা প্রশাসক মো. আবদুল মান্নান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালামসহ অনেক বিশিষ্টজন ও সংগঠন। এরপর রাত পৌনে নয়টার দিকে মরদেহ নগরের বেলুয়ার দীঘির পাড়ে অভয়মিত্র মহাশ্মশানে নিয়ে দাহ করা হয়। গত বুধবার কলকাতার ফর্টিজ হাসপাতালে মারা যান অগ্নিযুগের বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী। তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম যুব বিদ্রোহ, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ও জালালাবাদ যুদ্ধে অংশ নেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল।