আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, এ এইচ এম বিপ্লবের দণ্ড মওকুফের ক্ষেত্রে সঠিক নিয়ম মানা হয়নি। আইন মন্ত্রণালয়ের সঙ্গে কোনো পরামর্শ না করেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় দণ্ড মওকুফের জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে সুপারিশ পাঠায়।সুরঞ্জিত সেনগুপ্ত গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপতি কাউকে ক্ষমা করতে গেলে কোন প্রক্রিয়ায় ক্ষমা করা হবে, সেটা ঠিক করে দেবে আইন মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয়ের মতামতের ওপর ভিত্তি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে পাঠাবে। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিপ্লবের ক্ষেত্রে আইন মন্ত্রণালয়ের পরামর্শ নেয়নি।সুরঞ্জিত বলেন, ‘আমি নিজে আইনমন্ত্রী শফিক আহমেদের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। সুতরাং প্রশ্ন উঠতে পারে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিসের ভিত্তিতে ক্ষমার সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে পাঠাল!’মহিউদ্দিন জিন্টুর দণ্ড মওকুফের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের পরামর্শ নিয়েছিল বলে সুরঞ্জিত জানান। তিনি বলেন, সংবিধানের ৫৬(৩) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর নিয়োগ এবং ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের নিয়োগ ছাড়া বাকি সব কাজেই রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হয়। এ কথা সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদে বলা আছে। অন্য যেকোনো বিষয়ে নথি গেলে তাতে রাষ্ট্রপতির সই করা ছাড়া অন্য কোনো উপায় নেই। সুতরাং রাষ্ট্রপতি নন, যাঁরা রাষ্ট্রপতিকে দিয়ে এসব করাচ্ছেন তাঁদের সমালোচনা করতে হবে। সমালোচনা করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। এ ধরনের দণ্ড মওকুফের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি প্রয়োজনে আইনের আশ্রয় নিতে পারবেন বলেও সুরঞ্জিত জানান।এদিকে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যায়বিচার ও গণতন্ত্র সুরক্ষা নিয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, রাষ্ট্রপতি বিপ্লবকে ক্ষমা করে কোনো অন্যায় করেননি। তিনি কেবল সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন।