বিফলে গেল ডিএমপি কমিশনারের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেট ও গুলিস্তান শপিং কমপ্লেক্সের আশপাশের ফুটপাত ও সড়কের একাংশ দখল করে চলছে হকারদের বেচাবিক্রি। হকারদের পণ্যের ভিড়ে ওই সব সড়কে যানবাহন ও পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে; ফুটপাত, সড়কে তৈরি হচ্ছে যান ও জনতার জটলা। অথচ নগরের থানাগুলো ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এ কে এম শহীদুল হকের নির্দেশ মানলে ৪ এপ্রিল থেকে নগরের মূল সড়ক, অলিগলিতে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে এমন স্থানে হকার থাকার কথা নয়। এ ছাড়া সড়ক ও ফুটপাতে নির্মাণসামগ্রী রাখার ফলে যদি যানবাহন ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়, তবে তা ৩ এপ্রিল থেকেই অপসারণের নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার।৩ এপ্রিল ডিএমপি কমিশনার স্বাক্ষরিত একটি স্মারকে তাঁর নির্দেশনা ঠিকমতো পালিত হচ্ছে কি না, তা যাচাইয়ের জন্য ডিএমপির সদর দপ্তরের যুগ্ম কমিশনারদের সড়ক ও ফুটপাত পরিদর্শন করতে বলা হয়েছে। সড়কে নির্মাণসামগ্রী ও হকার দেখতে পেলে সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন ডিএমপি কমিশনার। কিন্তু এই নির্দেশ বাস্তবায়িত হচ্ছে কি না তা জানাতে পারেনি ডিএমপির একাধিক সূত্র। উল্টো রাস্তার হকারদের কাছ থেকে সংশ্লিষ্ট থানা মাসোহারা পাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।ডিএমপি-কর্তাদের পদচিহ্ন পড়ছে কি?বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের আশপাশে দেখা গেছে নির্মাণসামগ্রী। গুলশানের বিভিন্ন সড়কে বসেছে টং-দোকান। এগুলোর কারণে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। ধানমন্ডির নর্থ সার্কুলার রোড, নর্থ রোড, সার্কুলার রোডের অনেক জায়গায় আছে নির্মাণাধীন ভবনের ইট, বালু, খোয়া ও রড। একই অবস্থা উত্তরা মডেল টাউন ও মিরপুরে। নগরের অনেক অলিগলিতে চলছে রড পেটানো, কাটা ও মেশিন দিয়ে ইট থেকে খোয়া তৈরির কাজ। এর ফলে রাস্তাগুলো এবড়োখেবড়ো হয়ে পড়েছে। পুরান ঢাকার একাধিক এলাকার গলিতে দেখা গেছে ইট-বালুর স্তূপ। গলিতে এগুলো থাকায় যানজট তৈরি হচ্ছে। এ প্রসঙ্গে পুরান ঢাকার ফরিদাবাদের বাসিন্দা মাহবুব উদ্দিন চৌধুরী জানান, রাস্তায় থাকা নির্মাণসামগ্রী যানজটের কারণ হয়ে দাঁড়াচ্ছে। রাস্তায় রড রাখায় শিশুরা দুর্ঘটনার শিকার হচ্ছে। এগুলো সরানোর জন্য গেন্ডারিয়া, ফরিদাবাদ এলাকায় ডিএমপির কোনো পরিদর্শক দল আসেনি বলে তিনি জানান।ডিএমপি কমিশনারের নির্দেশনা অনুসরণ করে পরিদর্শন কাজ হচ্ছে কি না—জানতে চাইলে ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) হুমায়ুন কবীর এ বিষয় নিয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে কথা বলতে বলেন। এ বিষয়ে ডিএমপি কমিশনার এ কে এম শহীদুল হক দাবি করেন, তাঁদের অভিযান চলছে।হকার উচ্ছেদে নিষ্ক্রিয় থানা!ঘড়ির কাঁটা তখন সকাল নয়টা পেরিয়েছে। মিরপুর ১ নম্বর সেকশনের মাজার রোডের একটি লেনের অর্ধেকেরও বেশি জায়গা নিয়ে জমে উঠেছে কাঁচাবাজার। হঠাৎ বাজারে গাড়ি নিয়ে এলেন পুলিশের এক কর্মকর্তা। তিনি গাড়ি থেকে নামতেই এগিয়ে এলেন হকার্স সমিতির এক নেতা। পুলিশ কর্মকর্তা তাঁর কাছে আলুর গুণাগুণ জানতে চাইলেন। এক ফাঁকে আবার আলু বিক্রেতাদের রাস্তার মাঝ থেকে একটু পাশের দিকে যেতে বললেন। তারপর চললেন কাঁচাবাজারের ভেতরের দিকে। ততক্ষণে বাজারের বস্তা হাতে পুলিশ কর্মকর্তার পিছু নিয়েছে পুলিশের আরেক কর্মী। তাঁদের পেছনে পড়ে রইল রাস্তার ওপরের বাজার। সড়কে বাজারের কারণে একটু পরপরই বেধে যাচ্ছিল যানজট।একাধিক দোকানি জানান, রাস্তায় দোকান করার জন্য প্রতিদিন কাঁচাবাজার সমিতির ‘লাইনম্যান’ এসে প্রতিটি দোকান থেকে ৮০ টাকা করে নেয়। এর ভাগ নেয় সরকারি দলের স্থানীয় প্রভাবশালী নেতা ও থানার পুলিশ। একই রকম অভিযোগ পাওয়া গেল গুলিস্তান শপিং কমপ্লেক্স ও সুন্দরবন স্কয়ার মার্কেটের হকারদের কাছ থেকে। এখানে দোকানভেদে নেওয়া হচ্ছে ৩০ থেকে ৬০ টাকা। এখানকার একাধিক হকার জানান, কিছুদিন আগে তাঁদের এখানে উচ্ছেদ অভিযান হয়েছে। তারপর আবার বসছেন কীভাবে? এমন প্রশ্নে তাঁরা পাল্টা প্রশ্ন রাখেন, ‘ম্যানেজ’ না করলে কি থানা-পুলিশ রাস্তায় বসতে দেয়?এদিকে মাজার রোডের হকারদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয় না বলে দাবি করেন শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফ। তিনি বলেন, ‘আমি তো কারও কাছ থেকে পয়সা নিই না। তবে শুনি, পুলিশের নামে টাকা ওঠানো হয়। আমরা হকার উচ্ছেদে সাধ্য অনুযায়ী কাজ করছি।’যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এমন হকারদের উচ্ছেদ করা হচ্ছে না কেন—জানতে চাইলে ডিএমপি কমিশনার এ কে এম শহীদুল হক জানান, বিষয়টি তিনি দেখবেন।