বিবাহ আইন নিয়ে বিতর্কে সরকার লুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে হবেন সংসারের প্রধান? কর্তা একাই, নাকি কর্ত্রীও এর ভাগীদার হবেন? এ নিয়ে বিতর্কের জের ধরে আইভরি কোস্টে ভেঙে গেছে সরকার। আসলে, তা ছিল বিবাহসংক্রান্ত একটি নতুন আইন প্রবর্তন নিয়ে বিতর্ক। এর জের ধরে প্রেসিডেন্ট আলাসেন ওয়াতারা তাঁর সরকার ভেঙে দিয়েছেন। গতকাল বুধবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়। ওই দেশে বিদ্যমান বিবাহ আইনে পুরুষকেই পরিবারের প্রধান কর্তা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ওয়াতারার দল আরডিআর পুরুষের পাশাপাশি নারীকেও যৌথভাবে পরিবারের কর্তার মর্যাদা দেওয়ার পক্ষে। এ লক্ষ্যে আরডিআর একটি বিলও আনে। কিন্তু ওয়াতারা সরকারের শরিক দল পিডিসিআই এই বিলের বিরোধিতা করে। গত মঙ্গলবার পিডিসিআই এই নতুন বিবাহ আইনের বিপক্ষে ভোট দেয়। এর পরই অপ্রত্যাশিতভাবে সরকার ভেঙে দেন ওয়াতারা।২০১০ সালের নভেম্বরে আলোচিত প্রেসিডেন্ট নির্বাচনের পর সরকার গঠনে ওয়াতারাকে সমর্থন দেয় তৃতীয় স্থান অর্জনকারী দল পিডিসিআই। ওই দল থেকে প্রধানমন্ত্রীও নিয়োগ করেন ওয়াতারা। বিশ্লেষকেরা বলেছেন, ওয়াতারার এ পদক্ষেপ আইভরি কোস্টের রাজনৈতিক সংকটকে আরও ঘনীভূত করবে। ২০১০ সালের নভেম্বরে আইভরি কোস্টে প্রেসিডেন্ট নির্বাচনে তত্কালীন ক্ষমতাসীন লরা বাগবো ও বিরোধী নেতা আলাসেন ওয়াতারা উভয়ই জয়লাভ করেছেন বলে দাবি করেন। তবে আন্তর্জাতিক সম্প্রদায় বিরোধী নেতা ওয়াতারাকে সমর্থন করে। এরপর উভয় দলের সমর্থকদের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে ব্যাপক হতাহত ও বাস্তুচ্যুতির ঘটনা ঘটে। ফ্রান্স ও জাতিসংঘের শান্তিরক্ষীদের সহায়তায় বাগবোকে গ্রেপ্তারের পর আইভরি কোস্টের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ওয়াতারা।