বিবাহ এবং বিবাহবিচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথাটা শুনলে মনে হয়, এ আবার কেমন কথা! এটা তো শুধু স্বামী-স্ত্রীর ব্যাপার। তা-ই হওয়া উচিত। এই সম্বন্ধ বিচ্ছিন্ন করার অধিকার তাঁদের দুজনের অথবা কোনো কোনো ক্ষেত্রে একজনেরই সিদ্ধান্ত হতে পারে। কিন্তু তবু পাড়াপড়শির ঘুম সব সময় যে হারাম হয়ে যায় এদের চিন্তায়। অন্যের বিবাহিত জীবন নিয়ে আমাদের মাথাব্যথাটা একটু বেশি। কার সংসার ভেঙে গেল অথবা আবার কে কাকে বিয়ে করল, তা নিয়ে কথা বলার পর্যাপ্ত সময় না পেলে যেন আমাদের মন খারাপ হয়ে থাকে। আমার ধারণা ছিল, কোনো স্বামী বা স্ত্রী যদি একে অপরকে শারীরিক নির্যাতন বা গালাগালি করেন, তবে সে সংসার আর যতই আরামের হোক, সেখান থেকে বের হয়ে যাওয়া নিঃসন্দেহে উচিত। শ্বশুরবাড়ির অনুচিত ব্যবহারে যদি তাঁর স্বামীর সায় না থাকে, তবে তাঁকে এতে দোষারোপ করার কী অর্থ হয়?আমার মা আমার বিয়ের দুদিন বাদে বলেছিলেন, ‘এমন কোনো কথা বোলো না, যা পাল্টা তোমাকে শুনতে হয়। আর কখনো গায়ে হাত তোলার সুযোগ দিয়ো না, একবার হাত উঠলে তা আর নামে না। এ ব্যাপারে শিক্ষিত আর অশিক্ষিত লোকের কোনো তফাত হয় না।’কথাগুলো হূদয়ে লিখে নিয়েছিলাম মায়ের কথা বলে। অনেক দিন পর মাকে একদিন বলেছিলাম, ‘এ কথাগুলো হয়তো আমার মতো আরও অনেকের বেলায় মিলেছে। তবে এ-ও সত্য, যাদের হাত তোলার অভ্যাস, তারা যেভাবেই হোক তুলবে। তা যত সামান্য ব্যাপারই হোক।’ আমার মা আজ পৃথিবীতে নেই, থাকলে বলতাম...কোনো কারণেই হাত তোলার অধিকার নেই। ওটা সভ্যতার বাইরে। ছোটবেলা থেকেই মারপিট আর মুখ খারাপের ব্যাপারটা আমার বড় বাজে এবং বর্বর মনে হয়। তার কারণ, হয়তো আমি ছোটবেলায় বেশকিছু ঘটনা দেখেছিলাম, যা আজ মনে গেঁথে আছে। আমরা তখন মফস্বল শহরে থাকি। আমাদের বাড়ির পাশেই ছিল দূর সম্পর্কের এক আত্মীয়র বাড়ি। ভদ্রলোকের দুই স্ত্রী। কেন, কিসের জন্য তিনি তাঁর স্ত্রীদের পালা করে বেদম পেটাতেন আজও জানি না। কী তাঁদের এমন অপরাধ ছিল? আমি জানালার শিক ধরে দেখতাম। ইচ্ছে হতো, ছুটে গিয়ে রক্তাক্ত শরীরকে ছুটিয়ে নিয়ে আসি ভয়ংকর ভালুকের হাত থেকে। কোনো সাহসই আমার হতো না। দুই হাতের পিঠ দিয়ে চোখ মুছতাম। তখন আমার বাবাকে আমার মনে হতো দেবতা। সে জন্য বোধ হয় আর বুঝতে পারতাম না, এই লোকটির এমন দৈত্যের মতো স্বভাব কেন? মাঝেমধ্যে আমার বাবা বাড়িতে থাকলে এই পাশবিক অত্যাচার থেকে মুক্তি পেতেন তাঁরা। সবার কথাবার্তায় বুঝতে পারতাম, কেউ তাঁদের ব্যাপারে হাত দিতে পারতেন না। আমার মা শুধু আড়াল করে বউদের বোঝাতেন। একুেক রাতে আশ্রয় দিতেন আমাদের ঘরে। তখন পুলিশে ফোন করার ব্যবস্থা ছিল না। ছিল না কোনো আদালতে স্বামীর নির্যাতনের বিচার করার তেমন কোনো আইন। বড়জোর ‘পাঁচজন মুরব্বির’ মতামত। তাঁদের আবার মিল হতো, আবার মার খেতেন। এটাই ছিল তাঁদের সংসারের ধরাবাঁধা জীবন। বহু বছর পরে দেশে গিয়ে একবার কীভাবে দেখা হয়েছিল তাঁদের একজনের সঙ্গে। শেষ অবধি বিয়েটা ভেঙে গেছে। আর সেটা সম্ভবত হয়েছে ছেলেমেয়েদের কারণে। ওরাই ওদের মাকে থাকতে দেয়নি অপমানিত সংসারে। তাঁর স্বামী শেষ পর্যন্ত হার মেনেছিল ছেলেমেয়েদের কাছে। দিন বোধ হয় সবারই ফুরোয়। আমার এক বান্ধবী তার প্রথম স্বামীকে একদিন বলেছিল, ‘আমি তোমার সঙ্গে ঘর করতে চাইছি না।’ এখানে কারণটা মারপিট, গালাগালি নয়। মানসিক মিলের অভাব কি না, বোঝারও কোনো উপায় ছিল না। কারণ, ওর স্বামী এত বেশি ব্যক্তিস্বাধীনতায় বিশ্বাসী যে সে কোনো প্রশ্ন নিজে থেকে ওকে করত না, তাকে করাও পছন্দ করত না। এই করে ১০ বছর কেটে যাওয়ার পর একসময় মনে হয়েছে, এ থাকার চেয়ে একা থাকাই ভালো। অবশ্য তার বেশ কয়েক বছর বাদে ভীষণ ভালোবেসে একজনকে বিয়ে করে ভালোই আছে এখন। আর একটি ঘটনা আমাকে হতবাক করে দিয়েছে। এক ভদ্রলোকের বেশ অনেক বছর আগেই বিবাহবিচ্ছেদ হয়েছে। বন্ধুরা একজন বিধবা মহিলার সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়ে এল। দুজনেই এক ধারার, বয়স কাছাকাছি। দুজনেরই ছেলেমেয়ে যার যার সংসার নিয়ে ব্যস্ত। তাদের তেমন কোনো দায়দায়িত্ব নেই ছেলেমেয়েদের প্রতি। দুজনের কেউ সন্তানদের সঙ্গে থাকেন না। আলাদা নিঃসঙ্গ জীবন। তাঁদের এই একাকি জীবনের জন্যই সহূদয় বন্ধুদের এই ভাবনা। মহিলার কোনো আপত্তি নেই। তিনি এত দিন বিয়ে করেননি বা করতে চাননি। তবে এই ভদ্রলোকের সঙ্গে হলে তাঁর আপত্তি নেই। ভদ্রলোকও সব শুনে হেসে বললেন, ‘দ্যাখ, আমি তো ওকে, ওদের পরিবার ভালোভাবেই চিনি। এর চেয়ে ভালো কোনো প্রস্তাব হতেই পারে না। আমার দিক থেকে আপত্তি নেই। কিন্তু সমস্যা অন্য। আমার তিন মেয়ে ওদের মায়ের সঙ্গে ডিভোর্সটা প্রথমে মেনে নিতে চায়নি। শেষ অবধি মেনে নিয়েছিল একটি শর্তে—আমরা কেউ কোনো দিন আর বিয়ে করতে পারব না। তাহলে ওদের হারাব।’ বলা বাহুল্য, তাঁদের মেয়েরা তাদের পছন্দমতো ছেলেকে বিয়ে করেছে। বাবা-মায়ের কোনো মতামত সেখানে গুরুত্বপূর্ণ ছিল না।নজিরবিহীন স্বার্থপরতা। তবু রক্ষা, যে বিবাহিত জীবন তাদের মা-বাবা আর টানতে চাননি, সেটা যে তারা সর্বক্ষমতা দিয়ে আটকাতে পারেনি। ভালো না লাগার সঙ্গীকে নিয়ে বাধ্য হয়ে জীবন কাটানোর চেয়ে একা থাকা তা-ও ভালো—এই কথাটা অন্তত তাঁদের মেয়েরা মেনে নিয়েছিল। প্রত্যেক সন্তানের উচিত, মা-বাবাকে দুটি আলাদা সত্তা হিসেবে ভালোবাসা। এরা এক প্রাণ নয়, এক আত্মা নয়। এদের ভালো লাগা, মন্দ লাগা আছে। নিজের মতো করে বাঁচার অধিকার আছে। সন্তানের জন্য দায়িত্ব বা ভালোবাসার জন্য নিজের জীবন বিসর্জন দেওয়ার কথা মা-বাবা ভাবতে পারেন, কিন্তু ছেলেমেয়ের ভাবা উচিত কি? অনেক সময় দেখা যায়, মা-বাবার মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হলে ছেলেমেয়ে মায়ের সঙ্গেই তাদের সদ্ভাব রাখে, বাবার সঙ্গে নয়। বাবার সঙ্গে সম্পর্ক রাখছে কেবল টাকা-পয়সার লেনদেনের জন্য। অত্যাচারিত বাবা বা মা ছাড়া কোনো সন্তানেরই বোধ হয় উচিত নয় পক্ষপাতিত্ব করা। ওরা দুজনেরই সন্তান। ছেলেমেয়েদের হারানোর ভয়েও তাই অনেকেই অসুখী জীবন যাপন করেন।এ যেন একটা প্যাকেজ ডিল। মা আছে তো আমরা আছি অথবা বাবা আছে তো আমরা আছি (বেশির ভাগ ক্ষেত্রে অবশ্য মা আছেন তো আমরা আছি, বাবারা এই একটি ব্যাপারে একটু পিছিয়ে, সেটা সম্ভবত মায়ের সঙ্গে নাড়ির টান)। আবার ঠিক উল্টো ঘটনাও দেখেছি। মা-বাবার অসুখী জীবন দেখে ছেলেমেয়ে দুজনেই জানিয়ে দিয়েছে, ওদের কোনো আপত্তি নেই, যদি তাঁরা আলাদা হয়ে যেতে চান। তারা দুজনের সঙ্গেই সমানভাবে সম্পর্ক রাখবে। তবু সেই দম্পতি সিদ্ধান্ত নিতে পারছে না। তাঁদের সমস্যা সমাজ। সমাজ কী বলবে? কীভাবে নেবে। মেয়ের বিয়েটা হলে না হয় ভেবে দেখা যাবে। এক চালার নিচে থাকছে। কাছের কিছু লোক ছাড়া আর কেউ তো জানছে না। না-হয় চলে যাক জীবনের বাকি দিন এভাবেই। ৫০ পার হয়ে এসে জীবনের আর কী বাকি থাকে। এই যদি দুজনের মত হয়, তবে কারও কিছু বলার নেই। তবে ছেলেমেয়ে কারোই মা-বাবার এই অশান্তির জীবনযাপনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারছে না। একজনের স্ত্রী তাঁকে তাঁর এবং তাঁদের বন্ধুদের কাছে, আত্মীয়দের কাছে যথেষ্ট হেয় করেছিলেন। স্বামীর ওপর রাগ তাঁর হিতাহিত জ্ঞান লুপ্ত করে দিয়েছিল। ভদ্রলোক এতটা অপমান সহ্য করতে পারেননি। তাঁদের বিবাহবিচ্ছেদ প্রায় সম্পূর্ণ।জিজ্ঞাসা করায় বলেছিলেন, ‘হ্যাঁ, তোমাদের সবার কথামতো কাউন্সেলিংয়ে গিয়েছিলাম। তাতে বিষয়গুলো পরিষ্কার হয়ে গেল। আসলে কী জানো? আমার সঙ্গে ওর কোনোদিন প্রেমের বন্ধন হয়নি। আমরা বিয়ের বাঁধনে ছিলাম।’ ভালোবাসা ছাড়া সংসার করা যায়, সম্মান ছাড়া করা যায় না। আমি এর কোনো দ্বিমত করতে পারিনি। কারণ, আমি মনেপ্রাণে তা-ই বিশ্বাস করি।মারপিট আর গালাগালির জন্য শুধু সংসার ভাঙে না। মনের মিল না হলেই তা যথেষ্ট। বিচ্ছেদের প্রশ্ন এলে তবে তা যতখানি সুন্দরভাবে করা যায়, তার চেষ্টাই করা ভালো। দীর্ঘদিনের সম্পর্কের ইতিটা অসুস্থভাবে করার কি খুব প্রয়োজন? অতি ভালোবাসা অত্যাচারের মতো মনে হয়—কথাটা অনেকেই লিখেছেন। আমি একমত হয়ে আরেকবার ব্যবহার করলাম। অতি ভালোবাসা যখন অত্যাচারের মতো মনে হয়, আর সেই কারণে কেউ যদি সেই দম বন্ধ হয়ে আসা ভালোবাসার জীবন থেকে পালিয়ে যেতে চায়, তবে কি সেটা সর্বসম্মত হতে পারে না? জীবন তো একটাই। আমরা পাড়াপড়শিরা ঘুম হারাম না করে বরং স্বামী-স্ত্রীর সিদ্ধান্তকে না হয় সম্মান করি। বাধা হয়ে ওদের সামনে না দাঁড়িয়ে পাশে দাঁড়াই। যুগ যুগ ধরে ভালোবাসা, বিয়ে জীবনের অত্যন্ত প্রয়োজনীয় একটা ব্যাপার। আবার এই ভালোবাসা, বিয়ে ভেঙে গেছে, যাবে। তাই এটা যত সহজ ও স্বাভাবিকভাবে মেনে নেওয়া যাবে, ততই সবার জন্য মঙ্গল। সম্পর্ক বিচ্ছেদের কারণে বিশেষ সম্পর্কের মানুষ খুব কাছের বন্ধু যদি নাও হতে পারে শুভাকাঙ্ক্ষী হতে পারা কি খুব কঠিন? বিশেষ করে যেখানে সন্তান আছে, সেখানে একটা যোগসূত্র থেকেই যাবে। তখন সেখানে শত্রুতার মনোভাব না থাকাই কি মঙ্গল নয়? বিশ্বকবির একটি চিঠির উদ্ধৃতি দিয়ে আমার কথা শেষ করছি। চিঠিটি তাঁর মেয়ে মীরার স্বামী নগেন্দ্রনাথকে লেখা। মীরার বিবাহবিচ্ছেদের সময় মিটমাটের কথা যখন উঠল, তার উত্তরে কবি নগেন্দ্রনাথকে লিখেছিলেন, ‘তোমাদের পরস্পরের সম্বন্ধ বিচ্ছিন্ন হয়ে যে অবস্থায় এসে দাঁড়িয়েছে সেটা আমার পক্ষে অত্যন্ত কষ্টকর। যদি এর কোনো প্রতিকারের সম্ভাবনা থাকতো আমি চেষ্টা করতুম। কিন্তু জিনিসটা এমন যে একটুও জোর খাটানোটা আমি কোন মতেই উচিত মনে করি নে। এমন অবস্থায় তোমাদের নিষ্কৃতি দেবার পক্ষে আমার দ্বারা যা করা সম্ভব আমি তা করতে বাধ্য।’