বিবাহবন্ধনে আবদ্ধ হলেন উইলিয়াম ও কেট
ব্রিটিশ রাজপরিবারের বহু প্রতীক্ষিত প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ে সম্পন্ন হয়েছে। বর-কনে পাশাপাশি দাঁড়িয়ে বিয়ের শপথ নিয়েছেন এবং তাঁদেরকে স্বামী-স্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে। উইলিয়ামের বাবা প্রিন্স চার্লস, দ্য ডাচেস অব কর্নওয়াল, প্রিন্স হ্যারি, কনে কেট মিডলটনের বোন পিপ্পা মিডলটন, কেটের মা-বাবা অনুষ্ঠানে বর-কনের খুব কাছাকাছি উপস্থিত ছিলেন। আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।বিয়ের অনুষ্ঠানে উইলিয়াম কনে কেটকে বলেছেন, ‘তোমাকে খুব সুন্দর লাগছে।’ সংবাদপত্র দ্য গার্ডিয়ানের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে। ওয়েস্ট মিনস্টার অ্যাবেতে আজ সকাল থেকে প্রিন্স উইলিয়াম ও তাঁর ভাই প্রিন্স হ্যারির পর কনে কেট মিডলটন উপস্থিত হন। সবশেষে আসেন রানি এলিজাবেথ ও ডিউক অব এডিনবরা। এর আগে এক এক করে হাজির হয়েছেন বিশ্বের ৫০টি দেশের রাষ্ট্রপ্রধানসহ প্রায় দুই হাজার অতিথি। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, উপপ্রধানমন্ত্রী নেক ক্লেগ ও সুইজারল্যান্ডের রাজাসহ অনেক নামকরা ব্যক্তিও রয়েছেন এঁদের মধ্যে। এসেছেন সেলিব্রেটিসহ বিভিন্ন শ্রেণী ও পেশার আমন্ত্রিত অতিথিরা। প্রথম সেলিব্রেটি যুগল হিসেবে ঐতিহাসিক এ বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিখ্যাত ফুটবলার ডেভিড বেকহাম ও তাঁর স্ত্রী পপস্টার ভিক্টোরিয়া বেকহাম। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।বর-কনেকে একপলক দেখার জন্য হাজার হাজার মানুষ ওয়েস্ট মিনস্টার অ্যাবের আশপাশের রাস্তায় জড়ো হয়েছেন। তাঁদের হাতে রয়েছে ইংল্যান্ডের জাতীয় পতাকা ইউনিয়ন জ্যাক। এ ছাড়া আজ বিশ্বের ২০০ কোটি মানুষ টেলিভিশন ও ইন্টারনেটের মাধ্যমে সরাসরি রাজপরিবারের বিয়ের অনুষ্ঠানটি দেখছেন।বলা হচ্ছে, ১৯৮১ সালে ডায়ানা ও প্রিন্স চার্লসের বিয়ের পর এটাই ব্রিটিশ রাজপরিবারের সবচেয়ে বড় এবং জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান।