বিবাহবিচ্ছিন্ন নারীরা আর সাবেক স্বামীর নাম ব্যবহার করতে পারবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিবাহবিচ্ছিন্ন নারীরা আর সাবেক স্বামীর নাম ব্যবহার করতে পারবেন না। বোম্বে হাইকোর্ট সম্প্রতি এক মামলায় এ রায় দিয়েছেন। আদালত স্পষ্ট ভাষায় জানিয়েছেন, সাবেক স্ত্রী কোথাও তাঁর আগের স্বামীর নাম ব্যবহার করতে পারবেন না, এমনকি ব্যাংকের হিসাবেও নয়।টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়, মুম্বাইয়ের এক নারী বিবাহবিচ্ছেদের চার বছরের পরও তাঁর আগের স্বামীর নাম ব্যবহার করে আসছিলেন। বিষয়টি প্রথমে পারিবারিক আদালতে গড়ায়। গত সেপ্টেম্বরে পারিবারিক আদালত তাঁর রায়ে বলেন, সাবেক স্বামীর নাম ব্যবহারের ফলে লোকজন এই ভেবে বিভ্রান্ত হতে পারে যে তিনি এখনো ওই ব্যক্তি স্ত্রী, যা আসলে সত্য নয়। এ রায়ের বিরুদ্ধে ওই নারী হাইকোর্টে আবেদন করেন। কিন্তু হাইকোর্টও পারিবারিক আদালতের রায় বহাল রাখেন।মামলার বিবরণে জানা যায়, ওই নারীর স্বামী একজন পুলিশ পরিদর্শক। ১৯৯৬ সালে তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়। তার পরও পুলিশ পরিদর্শককে তাঁর স্বামী বলে দাবি করতে থাকেন ওই নারী। কিছুদিন পরে তাঁর স্বামী আইনজীবীর মাধ্যমে অভিযোগ করেন, ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরও তাঁর আগের স্ত্রী স্বামী হিসেবে তাঁর নাম উল্লেখ করছেন। এরপর বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।