বিবিএ শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ বিবিএ ফলাফল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গ্রেডিং পদ্ধতি অনুযায়ী প্রকাশ করা হবে। আজ শনিবার বিবিএ ১১তম ব্যাচের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে বৈঠকের পর ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক আব্বাস আলী খান এ কথা জানান।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গ্রেডিং পদ্ধতি অনুযায়ী ফল প্রকাশের দাবিতে বিবিএ ১১তম ব্যাচের শতাধিক শিক্ষার্থী আজ দুপুর ১২টার দিকে ব্যবসায় শিক্ষা অনুষদের প্রধান ফটক আটকে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা ভবনের বেশ কয়েকটি জানালার কাচ ভাঙচুর করেন।শিক্ষার্থীদের দাবি, অনুষদের বিবিএ ১১তম ব্যাচ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গ্রেডিং পদ্ধতি কার্যকর রয়েছে। ইউজিসি ওই পদ্ধতির অনুমোদনও দিয়েছে। তবে ১২তম ব্যাচ থেকে তারা নতুন গ্রেডিং পদ্ধতি দিয়েছে। শিক্ষার্থীরা জানান, পুরোনো পদ্ধতি অনুসরণ করার কারণে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৭০ নম্বর পেলে তাঁদের দেওয়া হয় গ্রেড পয়েন্ট ৩.৩৫। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের শিক্ষার্থীদের দেওয়া হয় গ্রেড পয়েন্ট ৩.৩৩। একইভাবে ৬০ নম্বর পেলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়া হয় ৩.০০, অথচ এ অনুষদের শিক্ষার্থীদের দেওয়া হয় ২.৬৭ নম্বর।শিক্ষার্থীরা বলছেন, চাকরির বাজারে পুরোনো গ্রেডিং পদ্ধতির ফল কোনো কাজে আসছে না। সবাই নতুন পদ্ধতিতে পাস করা লোক চাইছে। এ ছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একই ফলাফল করে বেশি গ্রেড পয়েন্ট নিয়ে আসছেন, এ কারণে তাঁদের চাকরির সুযোগ হারাতে হচ্ছে।