বিবির ‘সিল্কেন সিনার্জি’
বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল ও ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের জীবন ও কর্মতৎপরতার ওপর নির্মিত প্রামাণ্যচিত্র সিল্কেন সিনার্জির বিশেষ প্রদর্শনী হলো গতকাল শুক্রবার সন্ধ্যায়। বাংলাদেশে ফরাসি রাষ্ট্রদূতের বাসভবনে এই প্রদর্শনী উপলক্ষে বিবি রাসেলের ডিজাইন করা পোশাক ও অন্যান্য আনুষঙ্গিক সামগ্রীরও একটি প্রদর্শনীর আয়োজন করা হয়।সন্ধ্যায় এই প্রদর্শনীতে রাষ্ট্রদূত শার্লে কোজেরে আমন্ত্রিত দর্শকদের স্বাগত জানিয়ে বলেন, বিবি রাসেল তাঁর সৃজনশীল কাজের মধ্য দিয়ে দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরেছেন। এই প্রামাণ্যচিত্রে তাঁর কাজের পরিচয় তুলে ধরা হয়েছে। দুবাইভিত্তিক নির্মাতা সানিয়া কিরপালানি নির্মিত প্রায় দেড় ঘণ্টার এই প্রামাণ্যচিত্র গত মে মাসে ইতালিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শকদের রায়ে সেরা জীবনীভিত্তিক প্রামাণ্যচিত্রের পুরস্কার পেয়েছে।ফ্যাশন মডেল হিসেবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করে বিবি রাসেল ১৯৯৪ সালে ইউরোপ থেকে জন্মভূমির টানে ফিরে আসেন। তার পর থেকেই তিনি দেশের অবহেলিত তাঁতবস্ত্র ও দারিদ্র্যপীড়িত তাঁতিদের নিয়ে কাজ করছেন। তিনি সিল্ক, জামদানিসহ ঐতিহ্যবাহী তাঁতবস্ত্রের মানোন্নয়ন, বিদেশে এসব বস্ত্র ও এর সঙ্গে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা সর্বোপরি তাঁতিদের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন।প্রামাণ্যচিত্রে বিবি রাসেলে এসব কর্মকাণ্ডের ফাঁকে ফাঁকে আন্তর্জাতিক অঙ্গনে ফ্যাশন মডেল হিসেবে তাঁর সাফল্যের দিকগুলো তুলে ধরা হয়। বাংলাদেশ ছাড়াও তিনি ভারতের রাজস্থানের জয়পুরের ঐতিহ্যবাহী তাঁতবস্ত্র ও হস্তশিল্প, শ্রীলঙ্কা ও কম্বোডিয়ায়ও তাঁতিদের নিয়ে কাজ করেছেন। সেসব দেশের কাজও প্রামাণ্যচিত্রে তুলে ধরা হয়।প্রদর্শনী শেষে বিবি রাসেল বলেন, দেশের ঐতিহ্যবাহী তাঁতবস্ত্র ও অবহেলিত তাঁতিদের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি প্রায় দেড় যুগ থেকে যে কাজ করে যাচ্ছেন, তা আগামী দিনেও অব্যাহত থাকবে। তিনি তাঁর সবটুক সামর্থ্য দিয়েই দেশের ঐতিহ্যবাহী বয়নশিল্পকে বিশ্ব দরবারে তুলে ধরতে চান।