বিবিসি নিরপেক্ষ নয়: লেবার পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির সংবাদ পরিবেশনকে পক্ষপাতদুষ্ট বলেছে দেশটির প্রধান বিরোধী দল লেবার পার্টি। দলটি বলেছে, সংবাদ পরিবেশনে বিবিসি ভারসাম্যহীনতার পরিচয় দিচ্ছে। লেবার পার্টি অভিযোগ করে বলেছে, বিবিসি ক্যামেরনের নেতৃত্বাধীন জোট সরকারের সমর্থনে বেশি খবর পরিবেশন করছে।ব্রিটেনের দৈনিক দি অবজারভার জানিয়েছে, লেবার পার্টির প্রধান অ্যাড মিলিব্যান্ড উদ্বেগ প্রকাশ করে বলেন, নির্বাচনের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বিবিসি তাঁর দলের নেতা-কর্মীদের চেয়ে সরকারদলীয় নেতা-কর্মীদের বেশি গুরুত্ব দিয়েছে। লেবার পার্টির জ্যেষ্ঠ নেতাদের চেয়ে ক্ষমতাসীন জোটের কনজারভেটিভ ও লিবারেল ডেমোক্র্যাট দলের নেতাদেরই বিবিসির খবরে বেশি দেখা গেছে। লেবার পার্টির কর্মকর্তাদের বিশ্লেষণে দেখা গেছে, বিবিসিতে জোট সরকারের নেতা-কর্মীদের যতখানি দেখানো হয়েছে, তার অর্ধেকের চেয়েও কম দেখানো হয়েছে বিরোধী দল লেবার পার্টির নেতা-কর্মীদের।বিবিসি ও লেবার পার্টির এই দ্বন্দ্বের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, লেবার পার্টি বিবিসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে।লেবার পার্টির নেতারা জোর দিয়ে বলেছেন, দলটি বিবিসির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি। কিন্তু তারা চায়, সংবাদ পরিবেশনে বিবিসি যেন নিরপেক্ষতা বজায় রাখে।অবশ্য মিলিব্যান্ডের লেবার পার্টিতে বিবিসিকে নিয়ে একধরনের উদ্বেগ আছে। দলটি মনে করছে, সরকারের ‘কৃত্রিম মুখপত্রে’র মতো কাজ করছে বিবিসি এবং সংস্থাটি দৃঢ়ভাবে ক্যামেরন সরকারের সাফল্য কামনা করে।