বিবিসির বাংলা বিশ্বসংবাদ যদি বন্ধ হয়ে যায়
বাংলা ভাষা ও বাংলাদেশের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে বিবিসি (ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন) ওয়ার্ল্ড সার্ভিস। ২৬ মার্চ ১৯৭১ সালে বিবিসির ভরাট কণ্ঠে শোনা গেল: পাকিস্তান থেকে পাওয়া সর্বশেষ খবরে জানা গেছে, পূর্ব পাকিস্তানে কর্তৃত্ব বজায় রাখার চেষ্টায় প্রেসিডেন্ট ইয়াহিয়া খান উদ্যোগ গ্রহণ করার পর ব্যাপক লড়াই শুরু হয়েছে। ভারত থেকে পাওয়া সংবাদে জানা গেছে, শেখ মুজিবুর রহমান প্রদেশটির স্বাধীনতা ঘোষণা করেছেন। ঢাকায় অবস্থানরত মার্কিন কনসাল জেনারেল জানিয়েছেন, বিরোধ দমনে কামান ব্যবহার করা হচ্ছে।১ জুলাই মার্ক টালির যে কথা বাংলা তরঙ্গ প্রচার করেছে: সেনা নির্যাতনের যে গুজব ঢাকা ও চারপাশে ছড়িয়ে পড়েছে তাতে মনে হচ্ছে, সেনাবাহিনী নির্মমভাবে যে নাগরিকদের ক্যান্টনমেন্টে ধরে আনছে, তারা আর ফেরত যাচ্ছে না। ধর্ষণ সমানে চলছে, বলপূর্বক অর্থ আদায় ও মূল্যবান দ্রব্যসামগ্রী ছিনিয়ে নেওয়া অব্যাহত রয়েছে।এ ধরনের সেনা আচরণ সব সময় হাতেনাতে প্রমাণ করা না গেলেও সারা বিশ্বই তাদের এসব অপকর্ম সম্পর্কে অবহিত।১৯৭১ এর ১৬ ডিসেম্বর বিবিসি জানাচ্ছে, পাকিস্তান নিঃশর্তভাবে আত্মসমর্পণ দলিলে সই করেছে। মিসেস গান্ধী বলেছেন, ভারতীয় বাহিনী প্রয়োজনের অতিরিক্ত সময় অবস্থান করবে না। তিনি আরও বলেন, লাখ লাখ শরণার্থী দেশের পথে পা বাড়িয়েছে।বিবিসিই বাংলাদেশের মানুষকে শিখিয়েছে জাতীয় কোনো সংকটের সময় রাষ্ট্রীয় মালিকানাধীন গণমাধ্যমের কোনো কথা শুনতে নেই। এ ধরনের গণমাধ্যম কেবল ক্ষমতাসীন সরকারের পক্ষে কথা বলে। সংকটকালে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে এসেছে বিবিসি বাংলা বিভাগকে। বিবিসি সংকটকালে শক্তি জোগায়। আর সেই বিবিসি বাংলা বিভাগ যদি সংকটে পড়ে তাহলে সেই বিভাগটিকে রক্ষা করার জন্য বাংলা ভাষাভাষী মানুষের কি কোনো দায়িত্ব নেই?আশার কথা, বুশ হাউসের বাংলা সম্প্রচারকারীদের ওপর এখনো সংকট চেপে আসেনি। কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহ দূরের বন্ধুদের মনে আশঙ্কার জন্ম দিয়েছে: বিবিসি বাংলা বিভাগ বন্ধ হয়ে যাবে না তো?বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস এখনো বিশ্বের সর্ববৃহৎ সম্প্রচারকারী, তারা ৩২টি ভাষায় সম্প্রচার করে থাকে। বিবিসি এম্পায়ার সার্ভিস হিসেবে ১৯ ডিসেম্বর ১৯৩২ সালে এর কার্যক্রম শুরু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বিবিসির অন্যতম ব্রডকাস্টার ছিলেন ‘অ্যানিম্যাল ফার্ম’-খ্যাত জর্জ অরওয়েল। ১৯৪০ সালে মাইন বিস্ফোরণে বিবিসির স্টুডিও বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়।১১ অক্টোবর ১৯৪১ সালে বিবিসি বাংলা চালু হয়। শুরুতে ছিল মাত্র ১৫ মিনিটের অনুষ্ঠান। ক্রমে তা বাংলা ভাষাভাষীদের প্রিয় ও আস্থাভাজন হয়ে ওঠে। বিশেষ করে ভারত ও বাংলাদেশের বাংলায় কথা বলা মানুষ সত্যটি জানার জন্য বিবিসি বাংলার জন্য আকুল হয়ে থাকে। বাংলা শব্দবাক্য এফএম তরঙ্গ, মিডিয়াম ওয়েভ ও শর্টওয়েভে গোটা বিশ্বের মানুষই শোনে। বিবিসির হিসাবে দেড় কোটির কাছাকাছি সংখ্যক মানুষ বিবিসি শুনে থাকে।বিভিন্ন সময়ে ৭১টি ভাষায় বিবিসি শোনা গেছে। ইতিমধ্যে অনেক কমেছে। এখন আরও কমে আসছে সে সংখ্যা। ২৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে মেসিডোনিয়ান, আলবেনিয়ান ও সার্বিয়ান ভাষায় বিবিসি কার্যক্রম বন্ধ, সেই সঙ্গে বন্ধ ক্যারিবীয় অঞ্চলের জন্য ইংরেজি এবং আফ্রিকার জন্য পর্তুগিজ ভাষায় সম্প্রচার। এতে চাকরি হারাবেন ৬৫০ জন বেতার-কর্মী। এতে খরচ বাঁচবে বছরে প্রায় পাঁচ কোটি পাউন্ড। আরও কিছু কাটছাঁটের মাধ্যমে ৬ কোটি পাউন্ড ব্যয় হ্রাস করা হবে। আগামী তিন বছরে চাকরি হারাবেন দুই হাজার ৪০০ জন বিবিসি-কর্মী। ব্রিটিশ ডিএফআইডি আর ভর্তুকি দিতে রাজি নয়, গোঁড়া ইংরেজও বলছেন, করদাতার টাকায় ভিন্ন ভাষার কার্যক্রম চালানোর কী দরকার! ২০১১ সালের মার্চের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে শর্টওয়েভে সম্প্রচারিত হিন্দি, বাহাসা ইন্দোনেশিয়া, কিরগিজ, নেপালি, সোয়াহিলি এবং রুয়ান্ডা ও বুরুন্ডির জন্য সম্প্রচারিত গ্রেটলেক সার্ভিস। শিগগিরই আরও যেসব ভাষায় সম্প্রচার সংকুচিত করা হচ্ছে তার মধ্যে রয়েছে আজেরি (আজারবাইজানের রাষ্ট্রভাষা), ম্যান্ডারিন চাইনিজ, রাশিয়ান, কিউবার জন্য স্প্যানিশ, তুর্কি, ভিয়েতনামি ও ইউক্রেনিয়ান। আজ না হোক, যদি খরচ বাঁচাতে গিয়ে বিবিসি বাংলা সার্ভিস একসময় বন্ধ হয়ে যায়! ভারতের সমস্যা তেমন নেই, বাংলা প্রাদেশিক ভাষা। আর হিন্দি ও ইংরেজি পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও আসামে বেশ চালু হয়ে গেছে। বিবিসি বাংলাকে রক্ষা করার একক দেনদরবার এবং প্রয়োজনে সাহায্য প্রদানের মাধ্যমে বাংলা বিভাগের মাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলা চর্চা টিকিয়ে রাখার দায় বর্তাবে বাংলাদেশেরই ওপর। আমাদের সে প্রস্তুতি আছে তো?