বিবেকানন্দের দর্শনে মৈত্রীবন্ধন দৃঢ় হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, স্বামী বিবেকানন্দের জীবনবাদী দর্শন ও ভাবনা প্রচারিত হলে বাংলাদেশ ও ভারতের মৈত্রীবন্ধন আরও দৃঢ় হবে।আজ শনিবার রাজধানীতে স্বামী বিবেকানন্দের সার্ধশততম জন্মবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন ঢাকা ওই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ। খবর বাসসের।দীপু মনি বলেন, ‘স্বামীজীর চিন্তা-চেতনা একবিংশ শতাব্দীতেও সমকালীন। নিজের ধর্মে অধিষ্ঠিত থেকেও অন্যের ধর্মের প্রতি যে শ্রদ্ধাশীল হওয়া যায়, সে শিক্ষা আমরা স্বামীজীর দর্শন থেকে গ্রহণ করতে পারি।’পররাষ্ট্রমন্ত্রী বলেন, সমাজ ও দেশকে এগিয়ে নিতে বর্তমান সরকার গত চার বছরে নারীর শিক্ষা ও ক্ষমতায়নে নানা কর্মসূচি নিয়েছে। নারীর উন্নয়ন ছাড়া অবিভক্ত ভারতের উন্নয়ন যে সম্ভব নয়, এ কথাও বিবেকানন্দ গভীরভাবে উপলব্ধি করেছিলেন।ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ বলেন, স্বামীজী শুধু ভারতের নন, বিশ্বের সন্তান। তাঁর অমূল্য বাণী-ধর্ম, বর্ণ ও গোত্রবিশেষের জন্য নয়, সমগ্র মানবের কল্যাণেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের বেলুড় মঠের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দ। ঢাকা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী অমেয়ানন্দের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা দেন সিলেট রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ।