বিলের প্রতিবেদন চূড়ান্ত করেছে কমিটি: আজ সংসদে উপস্থাপন
বিভক্ত ডিসিসির নির্বাচন ৯০ দিনের মধ্যে
৯০ দিনের মধ্যে বিভক্ত ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের সময়সীমা চূড়ান্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। অর্থাৎ আইন পাসের পরবর্তী ৯০ দিনের মধ্যে সরকার নিযুক্ত প্রশাসক নির্বাচনের আয়োজন করবে। গতকাল রোববার জাতীয় সংসদে কমিটি বিলটি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় কিছু সংশোধনীসহ প্রতিবেদন চূড়ান্ত করে। তবে সময়স্বল্পতার কারণে প্রতিবেদনটি গতকাল সংসদে উত্থাপিত হয়নি। আজ সোমবার তা উত্থাপন করা হতে পারে। আর কাল মঙ্গলবার বিলটি পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। বহুল আলোচিত বিলটি পাসের জন্য অধিবেশনের মেয়াদ এক দিন বাড়ানো হতে পারে বলে জানা গেছে। জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ এ ব্যাপারে গতকাল রাতে প্রথম আলোকে বলেন, সংসদের চলতি অধিবেশনের মেয়াদ এক দিন বাড়ছে। স্থানীয় সরকারবিষয়ক বিলটি এ অধিবেশনে পাস হতে পারে। গতকাল দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় বিলটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটির সভাপতি রহমত আলীর অনুপস্থিতিতে কমিটির সদস্য নূর-ই-আলম চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।কমিটি বিলে উপযুক্ত ব্যক্তি বা সরকারি কর্মকর্তা নিয়োগের বিধান বহাল রেখেছে। তবে সরকারি কর্মকর্তার ক্ষেত্রে ‘প্রথম শ্রেণী’ শব্দটি তুলে দিয়েছে। প্রশাসকের সর্বোচ্চ মেয়াদ হবে ৯০ দিন এবং ওই সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। তবে কোনো কারণে ওই সময়ে নির্বাচনে ব্যর্থ হলে পরবর্তী ৯০ দিন অতিরিক্ত সুযোগ দেওয়ার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।বৈঠক শেষে নূর-ই-আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, বিলটি পাস হওয়ার পর ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। ওই মেয়াদে একজন উপযুক্ত ব্যক্তি কিংবা সরকারি কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হবে। ওই প্রশাসকের দায়িত্ব থাকবে ৯০ দিনের মধ্যে নির্বাচন শেষ করা। নূর-ই-আলম চৌধুরী আরও বলেন, নতুন কোনো সিটি করপোরেশন গঠিত হলে গেজেট জারির পর থেকে ১৮০ দিনের মধ্যে নির্বাচন শেষ করতে হবে। বিলটি পাস হলে ডিসিসি ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন’ এবং ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন’ নামে দুটি করপোরেশন হবে। নতুন সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত যেকোনো উপযুক্ত ব্যক্তি কিংবা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কর্মকর্তাকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দিতে পারবে সরকার।ডিসিসিকে দুই ভাগ করার লক্ষ্যে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) বিল, ২০১১’ গত বুধবার সংসদে উত্থাপিত হয়।